আগামী ৩০ জুন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম
আগামী ৩০ জুন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুন (মঙ্গলবার) নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিম অংশ নেবেন।
শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ-এর যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।
সভায় নেতৃবৃন্দ জানান, আগামী মঙ্গলবার সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। তারা আরও বলেন, ঢাকা বিভাগীয় পর্যবেক্ষকটিমের উপস্থিতিতে নারায়ণগঞ্জে যুবদলের অন্যতম বৃহৎ ও সুশৃঙ্খল প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


