Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

Swapno


জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।


রোববার (১৯ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করে। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে তাদের যুক্তি উপস্থাপন করবেন।


শুনানিতে রাষ্ট্রপক্ষ ২০২৪ সালের ১৯, ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্তদের সম্পৃক্ততা তুলে ধরে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এসব ঘটনায় মোট ১০ জনকে হত্যা করা হয়


প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালে জানান, “ছাত্র-জনতাকে হত্যার পরিকল্পনার সঙ্গে শামীম ওসমান সরাসরি জড়িত ছিলেন। তিনি নিজেও অস্ত্র হাতে গুলি করেছেন।” এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে শামীম ওসমানের কথোপকথনের একটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় বলেও জানান তিনি। 


তিনি আরও বলেন, মামলায় ১৮টি ভিডিও ফুটেজ, অডিওসহ প্রায় ৩০০ পৃষ্ঠার নথিপত্র এবং ৬১ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর তালিকা জমা দেওয়া হয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হবে বলে রাষ্ট্রপক্ষ আশাবাদী।


মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহম্মেদ টিটু, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, সাংবাদিক রাজু আহম্মেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্রকে আসামি করা হয়েছে। তাদের সবাই পলাতক থাকায় আদালত স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন।


প্রসিকিউশনের দায়ের করা তিনটি অভিযোগে বলা হয়—১৯ জুলাই চাষাঢ়া ও সাইনবোর্ড এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়। ২১ জুলাই ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা এবং ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন