পাঁচ মামলায় আইভীর জামিন, তবুও থাকতে হবে কারাগারে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
পাঁচ মামলায় আইভীর জামিন, তবুও থাকতে হবে কারাগারে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।
এদিকে আইভীর আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান জানান, গত বছরের নভেম্বর মাসে পাঁচটি মামলায় হাইকোর্ট যে জামিন আদেশ দিয়েছিলেন, সে আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। ফলে নতুন করে জামিন পেলেও আইভী এখনই কারামুক্ত হতে পারছেন না। শুনানিকালে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট হৃদয় রহমান আদালতে উপস্থিত ছিলেন।
আইভীর অন্যতম আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, ‘পরের পাঁচটি মামলায় জামিন হলেও আইভী জেল থেকে বের হতে পারছেন না। কারণ আগে দায়ের করা পাঁচটি মামলা সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে শুনানির অপেক্ষায় আছে। আশা করছি ঈদুল ফিতরের বন্ধের আগে এই শুনানি অনুষ্ঠিত হবে।’


