নির্বাচন তোমাদের করতেই হবে, পরিবর্তন হবেই হবে:সেলিম ওসমান (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৯ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ বাবু খোকন সাহা, চন্দনশীল, আমার সন্তানের মত আবু হাসনাত বাদল, তার পরেও যারা আছে নিজামউদ্দিন, হেলাল, সাজনু, নিপু এরা অনেক সময় পার করেছে। তিনি বলেন, শামীম ওসমান যদি সংসদ সদস্য হতে পারে তাহলে তারাও সংসদ সদস্য হতে পারে। শুধু মাত্র সিদ্ধান্ত নিতে হবে, কে কোন পোস্টটায় বসবে। আমি অনুরোধ করে বলছি আবু হাসনাত বাদলকে তুমি আগামীতে মেয়র নির্বাচনের জন্য প্রস্তুতি নাও।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বন্দর ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন, কেউ কেউ খোঁচা দিবে, খোঁচা দিলে খোকন সাহার মত বাদলের মত চন্দনশীলের মত এরা তাদের সময় নষ্ট করে দিবে। কে কি বলল সেটা ব্যপার না। নির্বাচন আমাদের করতেই হবে, পরিবর্তন হবেই হবে।
তিনিবলেন, আজকের এই আয়োজন একটি আলোচনা সভা, জনসভা নয়। আপনাদের মধ্য থেকে কেউ যদি কিছু বলতে চান সেগুলি শুনাই আমার দরকার ছিল। কিন্তু কোন এক জায়গা থেকে একটা বিশ্রী ব্যপার নিয়ে আজকে এখানে অনেক কথা হয়ে গেছে। এটা উত্তেজনা। কাজিমউদ্দিন ভাই রেগে গেলেন সঙ্গে সঙ্গে আমার তিন ছোট ভাই (খোকন সাহা, বাবু চন্দনশীল ও ভিপি বাদল)ও রেগে গেল। আর একটু যদি বক্তব্য হতো তাহলে আমার মনে হয় সারা রাত কেটে যেত।
তিনি বলেন, শয়তানের সৃষ্টি আল্লাহই করেছে। শয়তান মানুষের পিছনে লেগেই থাকবে। আমি বলব আজকে আমাদের পরে শামীম ওসমানের অগ্রাধিকার। আমরা আজ আমার বাবার মান ইজ্জত রাখতে পেরেছি বলে মনে করছি আজকে ধামগড়ে এসে। আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করছি আজকে ধামগড়ে এসে।
তিনি বলেন, অনেক ধরেই একটা সিদ্ধান্ত নিয়েছি, তখন আপনাদেরই এলাকার একটি ছেলে নাম বাদশা, আমি যখন আমার কবরের জায়গা খুজছিলাম তখন সেই বাদশা তার একটি জায়গা বিক্রি করার জন্য আমাকে প্রস্তাবনা দেয়। সেই জায়গাটা আমি গ্রহণ করেছি। সেই জায়গাটাই হয়তো বা আমার কবর হবে। আমি এই আশাই করি।
সেলিম ওসমান বলেন, আমার মা আমাকে নির্দেশ দেয়ায় আমি প্রথমবার নির্বাচন করি। তখন প্রধানমন্ত্রী আমেরিকায় অবস্থান করছিলেন। সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ওনার সাথে টেলিফোনে যোগাযোগ করেছিলাম তিনি শুধু একটা কথাই বললেন তোমার শরীর নিয়ে তুমি পারবে তো! আমি বলেছিলাম শুধু আপনার দোয়া।
তিনি বলেন, আমি কিন্তু ঘোষণা করেছিলাম, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের জন্ম, নারায়ণগঞ্জের সবগুলো সিটই আওয়ামীলীগের হওয়া দরকার, নারায়ণগঞ্জের সবগুলো সিটই নৌকা মার্কা হওয়া দরকার। আমি কিন্তু প্রথমেই চেয়েছিলাম।
তিনি বলেন, আজকে আমি চেয়ারম্যানদের কথা বলছি এইজন্য যে, গত এক বছর তারা কিছু করতে পারেনি। আমাদের নীল-নকশা করা আছে। প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কাজগুলি সম্পন্ন করতে হবে। সিটি করপোরেশনে না পারলেও আমি মনে করি আমরা প্রত্যেকটা ইউনিয়নে এক একটা শিক্ষিত যুবক যুবতী তৈরী করতে পারবো।
তিনি বলেন, আমি শুধু ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করি। আমি দান করি না। কখনোই আমি দান করি না। আমি যদি ডান হাত দিয়ে দান করি তাহলে আমার বাম হাতও জানতে পারবে না। আমি আমার দায়িত্ব পালন করি। আমি সরকারী টাকা খরচ করে আমি বলি না আমি এটা করে দিলাম। এমনকি আপনাদের প্রধানমন্ত্রীও বলেন না, ওনি বলেন, আমরা এটা করে দিলাম।
তিনি বলেন, আরেকজন বলেন আমি এটা করে দিলাম। এটা ওনার বাপের সম্পদ। যেটা করছেন সেটা আমাদের পরিশ্রমের পয়সা। আমরা টেক্স দিয়েছি, টেক্সের বিনিময়ে আপনি আমাদের জায়গাটার উন্নয়ন করে দিতে বাধ্য। যাই উন্নয়ন হচ্ছে একজনই উন্নয়ন করছে সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমিতো আপনাকে বলি নাই আপনি নির্বাচন করবেন না। তারজন্য আমার উপর আক্রোশ করতাছেন কেন? আমার উপর আক্রোশ করারতো কোন কারণ নাই। তিনি বলেন আপনার নির্বাচনে কিন্তু আমি সমর্থন দিয়েছিলাম। তখন কোন প্রার্থী ছিলনা, তাই বিদেশ থেকে উড়াল দিয়ে আইসা চেয়ারম্যান হইছেন। আপনার বাপের সম্মানে আপনাকে দেয়া হয়েছিল। আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনি খোঁচাখুচি কইরেন না।
তিনি বলেন, আমার দাদা একটা কথা কইতেন, তুমিতো ধামরি তাই ধামরা দেখছো। ষাঁড় এখনো দেখো নাই। বেশী বিগড়াইওনা বেশী মাতাইউ না।
এটা একটা চাল, আমাকে গালি দিলে আমি উত্তেজিত হবো, আমি উন্নয়ন থেকে ব্যহত হব। আজকের পর থেকে আমি যাদেরকে নিয়ে আশা করছি, খোকন সাহা, চন্দনশীল, বাদল, আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বোঝাবেন, আপনাকে আমাদের প্রয়োজন। আমাদের সময়তো শেষ যেকোন মুহুর্তে যেকোন সময় অসুস্থ হয়ে যেতে পারি। অথবা বয়সের কারণে হয়তো ভবিষ্যতে আর নির্বাচনে আসবো না।
ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান।


