আমরা এতো অভদ্র নই, আপনাকে সাপেরচর পাঠিয়ে দিবো : খোকন সাহা (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৪ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, দেবোত্তর সম্পত্তি খাবেন আর মানুষের দূর্ভোগ বাড়াবেন এইটা কিন্তু হতে পারেনা। জনগণ আপনাকে অবশ্যই প্রত্যাখ্যান করবে। আপনি বলেছেন ইট খুলে আনবেন! কার ইট খুলে আনবেন? আমরাও কিন্তু এবার মাঠে নামছি! বাদলকে চাঁদপুর পাঠাইবেন, চন্দনকে বরিশাল পাঠাইবেন তো আপনার দেশটা কোথায়? আপনার দাদা কই থেক্কা আইছে? ঐ মুন্সিগঞ্জের লৌহজং, সাপেরচর থেকে আসছিলো! কিন্তু আমরা এত অভদ্র নই যে, আপনাকে সাপেরচর পাঠিয়ে দেবো। সব আছে আমাদের কাছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বন্দর ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জে কালো এক মহিলা আছে, নাম বলবোনা। সে পত্রিকায় বলেছেন সেলিম ওসমান পরের ধনে পোদ্দারি করে। অন্যের টাকায় দানবীর। আচ্ছা ধরে নিলাম যে, সেলিম ওসমান অন্যের টাকায় উন্নয়ন করেছে। আপনি সেটার সিঁকি ভাগই করে দেখান। সেলিম ওসমান অন্যের টাকায় দানবীর নয়, সে বিশাল ব্যবসায়ী। তাঁর আয়ের কিছু টাকা সে সংসারে খরচ করে এবং বাকি টাকা এই দেশের মানুষের উন্নয়নের জন্য দিয়ে দেয়। তাই আমি বললো সেলিম ভাইয়ের ব্যাপারে আপনার এই বক্তব্য জনগণ প্রত্যাহার করেছে।
খোকন সাহা আরো বলেন, সেলিম ওসমান ৭৫ সালের পরে মুরগী বিক্রি করতেন। আর এখন সেই মুরগী ওয়ালা শত শত কোটি টাকা দান করেন মানুষের কল্যাণের জন্য। তাই উনাকে নিয়ে আর কটুক্তি করবেন না। যদি কটুক্তি করেন..! আপনার আগে ২০১৪ সালে নারায়ণগঞ্জ ৫ আসনে নমিনেশন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আপনার বোঝা উচিৎ। আগামীতে খোঁচা দিবেন। চুলকাইবেন। চুলকাইয়েন না! কাদের কারণে বঙ্গবন্ধু সরকারের বদনাম হয়েছিলো আমি সব বলে দিবো। আমি সব বলবো কাদের সম্পত্তি কারা দখল করেছে। তাই মানুষের জন্য কাজ করেন। মানুষের কাছে ক্ষমা চান, আপনার কাজের জন্য। ক্ষমা চেয়ে নেত্রীর হাতে পায়ে ধরেন, নমিনেশন আনুন। আমরা শেখ হাসিনার গোলাম হিসেবে বাদল, চন্দন, আমি ও আমাদের বন্ধু শামীম ওসমান; আমরা সবাই মিলে আপনাকে জয়যুক্ত করবো।
ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল, জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান।


