নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার সিরাজউদ্দৌলা সড়কে অবস্থিত বাগে জান্নাত জামে মসজিদ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভাষ্যমতে, (সিএস, এসএ, আরএস) পর্চার হিসেব অনুযায়ী বহু আগে থেকেই এই মসজিদের জায়গা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের। কিন্তু সেই মসজিদের জায়গা দখল করার অভিযোগ যখন সিটি মেয়র আইভীর বিরুদ্ধে যায়, তখন স্বাভাবিকভাবেই স্থানীয় রাজনৈতিক অঙ্গণে ও নাগরিক সমাজে আলোচনার সৃষ্টি হয়েছে। এতে নিজ দলের প্রতিপক্ষের সমালোচনার মধ্যেও পড়েন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী! কিন্তু যেটার জন্য মেয়রকে এতো অপমান হতে হয়েছে সেই অভিযোগের যৌক্তিকতা কতটুকু এবং যাদের নেতৃত্বে মেয়রের বিষয়ে এসব অভিযোগ ঢালাও ভাবে প্রচার করা হয়েছে তাঁদের নৈতিকতা নিয়েও এখন প্রশ্ন সকলের মাঝে!
মেয়রের বিরুদ্ধে গত ১২ই ফেব্রুয়ারি শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদের সামনে যেই সমাবেশ হয়, তাতে নেতৃত্ব দেওয়া মহানগর হেফাজতের সভাপতি ফেরদাউসুর রহমানের ভূমিকাটাও সকলের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। স্থানীয় সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের দাবি, ফেরদাউস কখনও আওয়ামীলীগের শামীম ওসমানের হয়ে কাজ করে আবার কখনও সর্বশেষ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের মুনীর হোসেন কাশেমীর হয়ে কাজ করে।
সাংষ্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ফেরদাউস মূলত ইসলামের নামে নারায়ণগঞ্জে জঙ্গীবাদ ছড়াচ্ছে! মিথ্যাচার করছে। এই ফেরদাউস শামীম ওসমানের কথায় আমার নামে মামলা করেছিলো। ওদের টাকাতেই তাঁরা নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করে। মোটকথা এরা হচ্ছে ইয়াজিদের বংশধর!
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ফেরদাউস মূলত একটি মহলের নির্দেশে আমাদের জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আইভীর বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করেছে। সে টাকার জন্য সব করতে পারে। গত সংসদ নির্বাচনে সে যেমন বিএনপির কাশেমীর পক্ষে এজেন্ট ছিলো এখন আবার সে আরেক জনের এজেন্ট হয়ে গেছে। এদের কাছে টাকাই হচ্ছে সব!
এবিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসের সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে, মাসদাইর কবরাস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা এবং চাষাঢ়া বাগে জান্নাত দাওরায়ে হাদিস মাদ্রাসা সরানোর ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হস্তক্ষেপ করছেন এমন অভিযোগ তুলে সমাবেশ ও সংবাদ সংম্মেলন করে শহর গরম করা নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদও দুটি প্রতিষ্ঠানের কমিটির নেতৃবৃন্দকে এক করতে পারেননি। অনেকটা যেঁচে এই দুটি প্রতিষ্ঠানকে নিয়ে জল ঘোলা করতে নেমেছে মূলত মাওলনা ফেরদৌসুর রহমানের প্ররোচনায়।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এনিয়ে ওলামা পরিষদের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। তবে এসব প্রশ্নে সদুত্তর দিতে পারেননি মাওলানা ফেরদৌসুর রহমান। তিনি দাবি করেন, ‘মাদরাসা ও মসজিদ কমিটির লোকজনের সমর্থন তাদের সাথে রয়েছে। কমিটির আন্দোলন অদৃশ্য। তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে।আমাদের দলিল কমিটির কেউ হয়তো দিয়েছে। নাম বলা যাবেনা।’
তবে মুফতি হারুনুর রশিদ বলেন, ‘কমিটি দুই পক্ষে ভাগ হয়ে গেছে। একটি পক্ষ মেয়রের সাথে সমঝোতা করেছেন অন্য পক্ষ তাদের সাথে আছেন। তারা উপস্থিত না থাকলেও ধর্মীয় নেতা হিসেবে দায়িত্বের জায়গা থেকে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বলে দাবি করেন।’
এদিকে যখনই হেফাজত কোন বিষয় নিয়ে মাঠ গরম করার চেষ্টায় থাকেন, তখনই নারায়ণগঞ্জে সক্রিয় হন ফেরদৌসুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনির হোসেন কাশেমীকে নিয়ে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে দৌড়ানো ফেরদৌসুর রহমান এখন দাবি করছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। দায়িত্ব বোধ থেকেই তিনি দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের পক্ষে দাঁড়াচ্ছেন। অথচ বেশ কয়েকজন বিএনপি’র জেলা ও মহানগর নেতৃবৃন্দ নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মনির হোসেন কাশেমীকে ভোট পাইয়ে দিতে রাত বিরাতে দৌড়েছিলেন মাওলানা ফেরদৌস। তবে নির্বাচনে সুবিধা না করতে পেরে মনির হোসেন কাশেমীকে ফাঁকা মাঠে রেখে সটকে পড়েন মাওলানা ফেরদৌস। লাভের হিসাব নিকাশ নিয়েও নানা কথা তার বিরুদ্ধে চাউর রয়েছে। নারায়ণগঞ্জের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিবিড়ভাবে পর্যবেক্ষণের সময় এসেছে, ধর্মীয় বিষয় নিয়ে সরব হওয়া মাওলানা ফেরদৌসুর রহমানের গতিবিধি ও কার্যকলাপ নারায়ণগঞ্জের জন্য কতখানি কল্যাণকর তাও দেখার দাবি তাদের।


