শামীম ওসমান গুণ্ডা, প্রকৃত ছিচঁকে গুণ্ডা : মেয়র আইভী (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৯ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, কাজ করতে যেয়ে, মানুষের কথা বলতে গিয়ে কাফের উপাধি পেলাম গতকাল।কতিপয় আলেম, কোরআন পড়ে, কত সহজে, কত সুন্দর করে বলে ফেললো, আইভী হিন্দু হয়ে গেছে, সে কাফের। কী অদ্ভুত এই দেশ ! কী অদ্ভুত আমরা মানুষ ! ভাড়া করা মানুষ! ভাড়া করা গুন্ডাদের মতো কথা বললো। আমার কাছে আলেমদের কথা মনে হলো না। কুরআনে হাফেজ পড়া লোকজন তো কথা বলবে মানুষকে বিপথগামী থেকে দূরে সরে আনার জন্য। তাদের কথা শুনে বিধর্মীরা ইসলাম ধর্মে রূপান্তরিত হবে। ইসলামের প্রতি আকর্ষিত হবে। আর তারা এমনভাবে মঞ্চ কাপিয়ে গেলেন মনে হলো, শামীম ওসমানের ভাড়া করা গুন্ডারা যেন এখানে কথা বলছেন’। যারা তথাকথিত ভদ্রলোকরা ওখানে অনুষ্ঠান করলেন তাদের কখনোই আমি দেখি নাই একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এ শহরে খুন হয়েছে। ত্বকীর মতো আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে চঞ্চলকে, কেড়ে নিয়েছে আশিককে। বুলু হত্যা থেকে শুরু করে প্রচুর হত্যা হয়েছে। সাংস্কৃতিক জোট এখন অবদি ৮ মার্চ ত্বকী হত্যার বিচার চেয়ে প্রোগ্রামগুলো করে যাচ্ছে। চঞ্চলের মা আজো ধুকেধকে কাঁদে। এই আলেম সমাজকে একটি প্রতিবাদও করতে দেখিনি। আজকে ভাড়াটিয়া গুণ্ডা সেজে, কাফের ফতোয়া দিয়ে নারায়ণগঞ্জে অরাজকতা তৈরির চেষ্টা করছে। হিন্দু মুসলমান ক্ষেপিয়ে মনে করেছে ওই শামীম ওসমান গুণ্ডা, প্রকৃত ছিচঁকে গুণ্ডা। তার কোন সাহস নাই। সাহস থাকে তো আমার সাথে লড়ুক। কখনও আলেম, কখনও হিন্দুদের এগিয়ে দেন। এত ছোট মন-মানসিকতা তার। সৎ সাহস যদি থাকে আসুক আমার সাথে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, শামীম ওসমানের সৎ সাহস থাকলে নারায়ণগঞ্জে আসুক। ওই আলেমদের দিয়ে, হিন্দুদের দিয়ে জিউস পুকুরের ধুয়া তুলে, ফতোয়া দিয়ে, সিদুর পিড়েছি, হিন্দু হয়ে গেছি এ ধরণের কথাবার্তা এ যুগের মানুষ এখন নেয়না। এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আমরা এতো খেলা খেলতে পছন্দ করিনা, কাজে বিশ্বাসী।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ নাট্য সংস্থার অভিষেক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
মেয়র আইভী মহানগর ওলামা পরিষদের নেতাদের উদ্দেশ্য করে আরো বলেন, শীতলক্ষ্যার পানিতে আমাকে ডুবাইয়া মারতে পারবেননা, কারণ আমি শীতলক্ষ্যার পানি পরিষ্কার করে দিয়েছি, কদম রসুল ব্রীজ করে দিচ্ছি, শীতলক্ষ্যার দুই পাড় আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি আলেম ভাইদের অনুরোধ করছি, বউ-বেটি, বাচ্চা-কাচ্চা নিয়ে শীতলক্ষ্যার পাড়ে ঘুরতে আসেন। কত সুন্দর, কত মনোরম পরিবেশ। নারায়ণগঞ্জের মানুষ কত আতিথি পরায়ণ। কোথা থেকে আপনারা এসেছেন, আমি ঠিক জানিনা। বাপদাদাদের এলাকাকে কিন্তু কলঙ্কিত করে ফেলছেন আপনারা! নারায়ণগঞ্জের মানুষকে উত্তেজিত করার কোন প্রয়োজন নাই। আমরা অনেক শান্ত প্রকৃতির মানুষ, আতিথি পরায়ণ মানুষ। কিন্তু প্রয়োজনে আমরা কাউকে ছাড় দিতেও রাজিনা। আমাদের সন্তান ত্বকীর জন্য আমরা রাজপথ কাপিয়েছি, এখনো করে যাচ্ছি। খুনীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এটা করেই যাবো।
মেয়র আইভী বলেন, খুনিরা মাঝে মাঝে আমাদের ভয় দেখায়। খুনিরা তো প্রশাসনের সাপোর্ট নিয়ে চলাফেরা করে, সৎ সাহস তাদের থাকে না। সাংস্কৃতিক কর্মীদের উপর বার বার আঘাত হানে, সংস্কৃতিকে ভেঙে দিতে চায়। বাংলাদেশের উপর কি ধরণের আঘাত এসেছে দেখেন।
চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ প্রসঙ্গে মেয়র আইভী বলেন, এটা সিটি করপোরেশনের নিজস্ব জায়গা। ওয়াকফ করার প্রয়োজন নাই, ওয়াকফ ছাড়া কী নামাজ হয়, আপনারাই বলেন। ওয়াকফ ছাড়াই আপনারা নামাজ পড়ছেন। আমরা বলেছি বৈধভাবে আমরা এটা করে দেই। আমরা বলেছি মিলিতভাবে সেটি করে দেই, সেখানে কার বাড়া ভাতে ছাই পড়লো! কেন ধোঁয়া তোলা হচ্ছে মসজিদ ভেঙে দেবো!!
মেয়র আইভী বলেন, এ ধরণের বেফাস কথা বলে মানুষকে আঘাত করা, নারীকে কলঙ্কিত করা! তাদের কী বাচ্চা নাই, মেয়ে নাই! মা নাই, বোন নাই! তারা কীভাবে এসব বলেন! আমি ঘোমটা দিলাম কী পরলাম, এধরণের ব্যক্তিগত চর্চা আলেমদের মুখ থেকে কীভাবে বের হয়? প্রশ্ন আসে তারা কতখানি আলেম। শীতলক্ষ্যায় ফেলে দিবেন? যারা স্টেজ কাপিয়েছেন, তাদের বলবো, আসুন, আমি দাঁড়িয়ে থাকবো, সাহস থাকলে আসুন। আর না হলে নারায়ণগঞ্জে ভাওতামি করে, কারো ভাড়াটিয়া গুণ্ডা হয়ে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন না।
মেয়র আইভী বলেন, এই শহরের মানুষকে আপনারা এখনো দেখেন নাই, আসছেন অন্য শহর থেকে। আসেন এখানে, নামায রোযা পড়ান, নিজেদের পকেট ভরেন, আবার সময় সুযোগ মত চলে যান। যা খুশি তাই বলবেন না। সম্মানের জায়গা সম্মান রাখুন। আমাদের মতো আমাদের কাজ করতে দিন। শামীম ওসমানের যদি এতোই সিটি করপোরেশন নিয়ে সমস্যা তাকে লড়তে দেন, আসুক, খায়েশ থাকলে লড়ুক। একবার তো লড়েছে, আবার লড়ুক, সমস্যা নাই। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই।
মেয়র আইভী বলেন, আমার বাড়িঘর নাকি ভেঙে ফেলবে, আসুক। আমি তো বলেছি দেওভোগ নারায়ণগঞ্জের রাজধানী। এই দেওভোগ যুগে যুগে নেতৃত্ব দিয়ে এসেছে। সাহস থাকলে আসুক। প্রশাসনকে ভর করে, প্রশাসনকে দিয়ে দেওভোগ, বাবুরাইল, পাইকপাড়া, নদীর ওইপাড়ের মানুষকে নাস্তানাবুদ করে রাখেন। প্রশাসনকে ছেড়ে আসুন, দেখবো আপনি কেমন পুরুষ!
মেয়র আইভী আরো বলেন, দুই ভাই, শেখ হাসিনাকে ছাড়াই ঘোষণা দিয়ে দেন।
নারায়ণগঞ্জ মেয়র ঘোষণা করে দিলেন! জাতীয় পার্টি করেন ওইখানেই থাকেন। লাঙ্গল নিয়া আছেন, লাঙ্গল নিয়াই থাকেন। নৌকায় প্রার্থী দেয়ার যোগ্যতাও আপনার নাই, সমর্থনও আপনার নাই। অন্যের টাকা দান করে আপনি দানবীর হয়ে যান। ব্যবসায়ীর টাকা দান করে দানবীর হয়ে যান। যেখানে আছেন, সেখানেই থাকেন। মোল্লাদের নিয়ে, মৌলভীদের নিয়ে আর সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এতো বেশি বাড়াবাড়ি কইরেননা। ইলেকশনের বছর, অনেক কিছুই করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দেক নাটক মঞ্চস্থ করার, আর আমাকেও তৌফিক দেক জনগণকে নিয়ে সেই নাটক দেখার।
নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।


