Logo
Logo
×

রাজনীতি

ওলামা পরিষদের সমাবেশের প্রতিক্রিয়ায় ক্ষুদ্ধ নাগরিক সমাজ

Icon

শাহজাহান দোলন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৩ পিএম

ওলামা পরিষদের সমাবেশের প্রতিক্রিয়ায় ক্ষুদ্ধ নাগরিক সমাজ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে শুক্রবার ১২ ফেব্রুয়ারি শহরের চাষাঢ়ায় এক প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ। এতে নেতৃত্ব দেন মূলত হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিভিন্ন নেতারা। কিন্তু আইভীর বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সমাবেশটির এক পর্যায়ে মেয়রকে জড়িয়ে অশ্লীল বক্তব্য প্রদান করতে থাকে হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানসহ অন্যান্য নেতারা। সমাবেশে ফেরদাউসুর রহমান মেয়রকে উদ্দেশ্য করে বলেন, সে (মেয়র) মাথায় ঘোমটা দিতে চায়-না, সে বেটা সাজতে চায়। হেফাজত নেতা কামালউদ্দিন দায়েমী বলেন, মেয়র আপনি বন্দরে মসজিদের জায়গা ভেঙে আবু সুফিয়ানকে বাড়ি তৈরী কইরা কইরা দেন? লুচ্চামি ছাড়েন! জুতার আঘাত খাওয়ার আগে এই পায়তারা বন্ধ করেন। এদিকে এসব অশ্লীল বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যে। তারা বলছেন, একটি মহলের নির্দেশেই আইভীকে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ছোট করতেই হেফাজত নেতারা মেয়রের বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা বলছেন। পাশাপাশি প্রগতিশীল রাজনৈতিক নেতাদের দাবি নারী নেতৃত্ব এবং মেয়েদের সমাজে ছোট করা হেফাজতের একটি বিশেষ উদ্দেশ্য। ফলে মেয়র আইভীকে ছোট করাটাও সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার একটি অংশ বলে মনে করছেন তারা।    

 
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু বলেন, ‘হেফাজতের নেতারা মেয়র আইভীর বিরুদ্ধে যে, অশ্লীল কথা বলছে এটা খুবই দুঃখের বিষয়। নারীদেরকে ছোট করে দেখা হেফাজতের একটি পুরোনো অভ্যাস। এই মৌলবাদী অপশক্তি নারায়ণগঞ্জে বড় ধরণের একটি অপকর্মের জন্য মাঠে নেমেছে। তাই আমি স্বাধীনতার পক্ষের যে শক্তি রয়েছে তাঁদের সবাইকে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে বিনীত আহবান জানাচ্ছি।’


জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা যুব লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেন, ‘আমি হেফাজতের নেতাদের সতর্ক করে বলতে চাই। তাঁরা বলেছে, মেয়রের সাথে তাঁরা খেলবে।এই বিষয়ে আমি জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে বলবো। এরা যদি এটার প্রতিবাদ না করে তাহলে কেন্দ্রে এই বিষয়ে নালিশ করা হবে। কারণ হেফাজতকে প্রশ্রয় দেয়া যাবেনা।’


নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া বলেন, ‘আসলে নারায়ণঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখেই একটি মহল এই নোংরা খেলায় নেমেছে। আমি তাঁদেরকে বলতে চাই এইসব করে লাভ নেই। সময় হলে নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগের হয়ে কে নির্বাচন করবে, সেটা ঠিক করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই একবার জিউস পুকুর অন্যবার মাদ্রাসা; এগুলো নিয়ে গোলমাল পাকাইয়া লাভ নাই।’


সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘ইসলাম নারীদের সম্মানিত করেছে। কিন্তু হেফাজত এমন একটি সংগঠন যাদের কাছ থেকে কখনই নারীদের জন্য সম্মান আসেনি। মেয়র আইভীকে ছোট করছে, এটাতো কিছুইনা। এরা কোনো ইসলামিক সংগঠন নয়। এইটা একটা উগ্রপন্থী সংগঠন। আর নারায়ণগঞ্জের যেই হেফাজতের দলটি রয়েছে ওরা শামীম ওসমানের আদেশেই বিভিন্ন কর্মসূচি পালন করে। কাজেই সিটি নির্বাচনকে সামনে রেখেই যে এগুলো হচ্ছে সেটা একেবারেই পরিষ্কার। কিন্তু যারা এটা নিয়ে খেলতে চায়, খেলার চেষ্টা করছে, তারা কেমন খেলোয়ার সেটি দেখা যাবে।’ 


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আসলে এগুলোর সবকিছুই নারায়ণগঞ্জের এক গডফাদারের নির্দেশেই হচ্ছে। তার কথা মতো হেফাজতের নেতারা এই কর্মকান্ড করেছে।’


জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘মূলত মেয়রকে নারায়ণগঞ্জে মুসলিম জনগোষ্ঠীর সামনের ছোট করার জন্য একটি মহল হেফাজতের ভাড়াটে নেতাদের দিয়ে এ ধণের সভা-সমাবেশ করাচ্ছে। এবং এতে মেয়রকে অশ্লীল ভাষা গালিগালাজ করা হচ্ছে। তাকে শীতলক্ষ্যায় ডুবিয়ে মারার কথা বলে তারা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি। স্থানীয় কারো ইন্ধনেই হেফাজত নেতারা আমাদের দলের নেত্রীকে এসব বলার দুঃশাহস দেখাচ্ছে। আমরা প্রথমে জেলা ও মহানগরের নেতাদের জানাবো, তাতে যদি সুরাহা না হয় তবে কেন্দ্রে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাবো।’


জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেন, ‘আজ যারা চিলে কান নিয়ে গেছে, কান নিয়ে গেছে বলে চিলের পেছনে দৌঁড়াচ্ছেন তারা নারায়ণগঞ্জ ও বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে উদ্বুদ্ধ করে নারায়ণগঞ্জ শহরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। তবে তাদের জানা উচিৎ, এটা ডিজিটাল বাংলাদেশ, এনালগ নেই দেশ। মানুষ বললেই এখন বিশ্বাস করেনা। যারা বড় বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, তাদের চ্যালেঞ্জের জবাব আগামী সিটি করপোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমেই মানুষ দিয়ে দিবে। যে খেলোয়ার কয়দিন পরপর অস্ত্রের মহড়া নিয়ে খেলছেন, লাঠিসোটা নিয়ে খেলছেন, মানুষ এখন এসব খেলা পছন্দ করেননা। মানুষ চায় উন্নয়নের, মানুষ চায় পরিচ্ছন্ন রাজনীতির। খেলার রায় দেয় নির্বাচনে ভোট দেয়ার মাধ্যমে। তারা যদি এতো বড় খেলোয়ারই হয় তবে, নির্বাচনের জন্য তারা প্রস্তুত হোক। আমার আহবান জানাবো, হেফাজতের প্রার্থী দিয়ে নির্বাচনে তাদের জনপ্রিয়তা যাঁচাই-বাঁছাই করুক ভোটের মাধ্যমে। আমি বলবো, ২০১১ সালের নির্বাচনে যে খেলোয়ার ফেল করে গেছেন, প্রয়োজনে এমপি থেকে পদত্যাগ করে মেয়র নির্বাচন করুক, দেখা যাবে, তাঁর জনপ্রিয়তা কতখানি বেড়েছে।’ 


নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরেই একটি মহল মেয়রকে হেয় প্রতিপন্ন করারজন্য এসব কূটকৌশল রটিয়ে যাচ্ছে হেফাজত নেতাদের দিয়ে। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কর্মকান্ড শক্ত হাতে দমন করতে।’


জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কাছে এই সভার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির বক্তব্য নিন, তারপরে আমার কাছে আসুন।


জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল  হাই ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টার করা হলে সেটি রিসিভ হয়নি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন