Logo
Logo
×

রাজনীতি

মেয়র আইভীকে হেফাজত-ওলামা পরিষদের এ কেমন হুঁশিয়ারি (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫১ পিএম

মেয়র আইভীকে হেফাজত-ওলামা পরিষদের এ কেমন হুঁশিয়ারি (ভিডিও)
Swapno

 

মাত্র কয়েকদিন আগে হিন্দু  দেবোত্তর সম্পত্তি রক্ষায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। 

এর রেশ কাটতে না কাটতেই শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ আয়োজিত এক সমাবেশে নাসিক মেয়র ডা.সেলিনা হায়ৎ আইভীকে দায়ী করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে মেয়র ও সিটি করপোরেশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে মূলত কয়েকটি। এরমধ্যে ব্যানারে লেখা ছিল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাধ্যমে মাসদাইর কবরস্থান হাফিজিয়া মাদরাসা বিলুপ্তি, চাষাঢ়া বাগে জান্নাত দাওরায়ে হাদিস পর্যন্ত মাদরাসায় হস্তক্ষেপ এবং নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল আউয়ালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়েছে।

 
সমাবেশের সভাপতি হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ফেরদাউসুর রহমান বলেন, মাসদাইর কবরস্থানের সামনে যেই মাদ্রাসা ছিলো সেটা নাকি সিটি করপোরেশন ভাঙে নাই। আমার প্রশ্ন সিটি করপোরেশন যদি না ভাঙে তাহলে এই সিটি করপোরেশনের সম্পত্তি কে ভাঙলো। কার এতো বড় শাহস, যে এই মাদ্রাসা ভাইঙ্গা দিলো। আসলে ওনার  মেয়র আইভী) কোরআন তেলোয়াত ভালো লাগেনা। সে মাথায় কাপড় দিতে চায়-না, পুরুষ সাজতে চায়!


তিনি বলেন, চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদ এবং এর পাশের যেই মাদ্রাসা সেটার স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু তিনি সেটা নিয়েও চক্রান্ত করছেন। আমি ফেরদাউস আপনাকে (আইভী) চ্যালেঞ্জ করছি খোদার কসম এই মাদ্রাসার জায়গায় আপনি হাত দিতে পারবেন না। আপনি পারলে হাত দিয়ে দেখান, আপনাকে নারায়ণগঞ্জবাসীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মামলা খেয়ে আমাদের অভ্যাস আছে, জেলে যাওয়ার অভ্যাসও আছে। আইভীর কতটুকু ক্ষমতা সেটা আমাদের চেয়ে বেশি কেউ জানেনা। আর আমাদের শিকড় কতটা মজবুত সেটা আপনার জানা নেই।


তিনি বলেন, আমরা হিন্দু-মুসলিম নারায়ণগঞ্জে এক সাথে থাকি। আমাদের মধ্যে শত্রুতা নেই। কিন্তু আপনি হিন্দুদের ক্ষ্যাপাইসেন। আপনি মন্দির নিয়ে ব্যবসা করেন। মসজিদ নিয়ে ব্যবসা করেন। তাই আগামী সিটি নির্বাচনে আপনি উচিৎ শিক্ষা পাবেন। শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, শামীম ওসমান সাহেব আপনি কতো মানুষের জন্যই-তো মাফ চান! আপনার এই বইনডার (মেয়র আইভী) জন্যও জাতির কাছে মাফ চাইয়েন।


নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সহ-সভাপতি কামালউদ্দিন দায়েমী বলেন, মাননীয় মেয়র আইভী আমরা দেখেছি আপনাদের দলের একজন ‘নিক্সন চৌধুরী’ আমাদের ওলামাদের সঙ্গে খেলতে আসছিলো। কিন্তু খেলার আগেই তিনি আউট হয়ে গেলেন! আপনি আব্দুল আউয়াল সাহেবের (ডিআইটি মসজিদের ইমাম) বিরুদ্ধে কথা বলেন? ফেরদাউসের বিরুদ্ধে মামলা করতে চান? তাঁরা একা নয়। কেউ যদি তাঁদের বিরুদ্ধে কথা বলে এবং মামলা করতে চায় তাহলে সারা নারায়ণগঞ্জ অচল করে দেওয়া হবে।  


সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হারুন-উর রশিদ বলেন, আপনি (আইভী) নারায়ণগঞ্জের অনেক উন্নয়ণ করছেন। কিন্তু এখন আপনার উন্নয়ণ আর কেউ দেখবেনা। আপনি যখন মসজিদে এবং মাদ্রাসায় হাত দিয়েছেন তখন আপনার সব উন্নয়ন শেষ হয়ে গেছে! আপনি মন্দিরে গিয়ে পূজা করেন আবার মসজিদেও যান। আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করুন। নইলে নারায়ণগঞ্জের মানুষ আপনাকে শীতলক্ষ্যায় ফেলবে। আপনার মন অহংকার দিয়ে ভরে গেছে। তাই বলতে চাই আপনি ওলামাদের রং আগেও দেখেছেন। নারায়ণগঞ্জ হেফাজতের নেতারা এই শহরের মানুষকে সাথে নিয়ে আপনার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে। আর আগামী নির্বাচনে মেয়র-তো দূরের কথা আপনি মেম্বারও হতে পারবেন না। 


মাওলানা ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ওলামা পরিষদ নারায়ণগঞ্জের যুগ্ম সম্পাদক আলী হোসাইন, মুফতি রুহুল আমিন, মাওলানা মোস্তফা, যুগ্ম সম্পাদক মুফতি রহমাতুল্লাহ বোখারী, সহসভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাহমুদুল হাসান পাটোয়ারি, ওলামা পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ প্রমুখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন