কোর্ট ছেড়ে পুকুরপাড়ে দলিল-দস্তাবেজ প্রদর্শণে বিস্মিত দিপু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৯ পিএম
সম্প্রতি দেওভোগ জিউস পুকুরের দেবোত্তর সম্পত্তি উদ্ধার নিয়ে করা এক সমাবেশকে নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে নগরীর সর্বোত্র। ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই সমাবেশে বেশ কয়েকটি বিষয় নিয়ে চলছে নানা বিশ্লেষণ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার পরিবারের কয়েক সদস্যকে নিয়ে নানা বিষেদগার করা হয় ওই সমাবেশে। সেখানে অন্যান্য বক্তাদের ছাপিয়ে প্রাধান্য পেয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহার বক্তব্য। বক্তব্যে খোকন সাহা ৬টি দলিল জনসম্মুখে দেখিয়ে বক্তব্য দেন।
তবে খোকন সাহার মতো সিনিয়র রাজনীতিক ও সিনিয়র আইনজীবীর এমন আচরণকে মোটেও ভালো চোখে নেননি খোকন সাহার ঘনিষ্ঠ বন্ধু, জেলা আইনজীবী সমিতির চারবারের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য এড.আনিসুর রহমান দিপু।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে যুগের চিন্তা অনলাইনকে দেয়া এক স্বাক্ষাৎকারে আনিসুর রহমান দিপু বলেন, যে সমাবেশটি হয়েছে তাতে অনেক পেশার লোকজনই গিয়েছে। সেখানে আইনজীবীদের অনেকেই ছিল। সেটি ভিন্ন বিষয়। তবে আমি বিস্মিত হয়েছি একটি বিষয়ে, সেটি হলো যে দেবোত্তর সম্পত্তির কথা বলা হচ্ছে, সেখানে কোন অন্যায় হয়ে থাকলে তা আদালতের বিষয়। কিন্তু সেখানে দেখলাম, একজন সিনিয়র রাজনীতিবিদ ও সিনিয়র আইনজীবী যেভাবে পাবলিকলি দলিল দস্তাবেজ উপস্থাপন করেছেন, সেটিতে আমি বিস্মিত। কেননা, আইনজীবী তো জানেন, দলিল দস্তাবিজ নিয়ে পুকুর পাড়ে গিয়ে কোন লাভ নেই, যেতে হবে কোর্টে। সেখানেই দলিল দস্তাবিজ দেখালে সমাধান আসতে পারে। পাবলিকলি চিৎকার চেঁচামেচি করলে তা ভিন্ন খাতে যেতে পারে।
আনিসুর রহমান দিপু বলেন, বিষয়টি আমি গভীরভাবে চিন্তার করার কারণ হচ্ছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচার বিভাগ বাইরের সবকিছু থেকে প্রভাবমুক্ত, সম্পূর্ণ স্বাধীন। আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেন এমন লোক তো বটেই, সাধারণ মানুষসহ আমাদের সেই বিচারবিভাগের উপর সম্পূর্ণ আস্থা আছে। আওয়ামী লীগের দায়িত্বপূর্ণ পদে থেকে একজন সিনিয়র আইনজীবী হিসেবে ন্যায় বিচারের জন্য যদি আদালতের দ্বারস্ত না হয়ে রাস্তায় রাস্তায় ঘোরা হয় তবে সেটি ভিন্ন দিকে প্রবাহিত হবে।
আনিসুর রহমান দিপু বলেন, আমার জানা মতে এই দেবোত্তর সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। সেখানে রাস্তায় কিংবা পুকুর পাড়ে দাঁড়িয়ে শক্তি প্রদর্শন কিংবা দলিল প্রদর্শন করে কী লাভ। বিজ্ঞদের এমন কাজ সাজেনা। এতে বিচার কাজ প্রভাবিত হতে পারে। আমরা এমনিতেই একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশ ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে দেশী বিদেশী চক্র। জামাত বিএনপি সবসময় আমাদের বিচারবিভাগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় থাকে, আওয়ামী লীগের পতাকা নিয়ে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল পদে থাকা নেত্রীকে জড়িয়ে লোকবল নিয়ে প্রকাশ্যে দলিল দেখালে সেই সুযোগ বিএনপি-জামাত লুফে নেবে। আমি মনে করি, এখনই সংযত হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি দুপুরে দেওভোগ জিউজ পুকুরের দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবি নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নাসিক মেয়র আইভী ও তার পরিবারকে অভিযুক্ত করে নানা উত্তপ্ত বক্তব্য প্রদান করা হয়। সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল পদে রয়েছেন এমন অনেক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা দেওভোগে জিউস পুকুরের দেবোত্তর সম্পত্তি দখল নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশ্যে বলেন, আপনি আমাকে এক বক্তব্যে দায়িত্ব নিয়ে কথা বলতে বলেছেন। আমি তাই বলছি। খোকন সাহা জিউস পুকুর সংক্রান্ত ৬টি দলিল দেখিয়ে দাবি করেন, পুকুরের যে দেবোত্তর সম্পত্তিগুলো দখলের কথা বলা হচ্ছে সেসব দলিলে মেয়র আইভীর মা, দুই ভাইসহ অন্যান্য আত্মীয়দের নামে হয়েছে। খোকন সাহা দাবি করেন, তিনি দায়িত্ব নিয়ে সত্য কথা বলছেন, তিনি প্রয়োজনে মেয়র আইভীকে আরেকটি মামলা করতে বলেন।
খোকন সাহা বলেন, জিউস পুকুর সম্পত্তি দখল দলিলেল মাস্টার মাইন্ড কে তা তিনি জানেন। তিনি এই মাস্টার মাইন্ডের নামও বলে দেবেন। খোকন সাহা মেয়র আইভীকে বলেন, দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দিলে যদি বলা হয় গলায় কলসি দিয়ে এই পুকুরের পানিতে ডুবে মরতে তাতেও তিনি রাজি আছেন।
খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জ শহরের ৫০ বছরের ইতিহাস তিনি জানেন। তিনি ওই মাস্টারমাইন্ডকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘর থেকে বের হতে পারবেননা। দেবোত্তর সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তি ছেড়ে দেন।
মেয়র আইভীকে খোকন সাহা আরো বলেন, দেবী মায়ের দোহাই দিয়ে নির্বাচনে ভোট চাইবেন, আবার মায়ের সম্পত্তি খাবেন, তা হবেনা। খোকন সাহা বলেন, জিউস পুকুরের জন্য প্রাণ গেলে আমি প্রাণ দিতে রাজি আছি।


