তারেকের নির্দেশের পরেও ঢিলেঢালা সমাবেশে মহানগর বিএনপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৬ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৩ বছর যাবৎ বন্দি রাখায়, প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে এ সময় সমাবেশে উপস্থিত ছিলেননা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এবং গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কিছু নেতাকর্মী। অথচ গত বছরই মহানগর বিএনপিকে নতুন কমিটি দেওয়ার সময় দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সভাপতি আবুল কালামকে দলীয় কর্মসূচিতে সকলের সরব উপস্থিতি নিশ্চিত করতে কড়াকড়ি নির্দেশ দিয়েছিলেন। এতে কোনো নেতাকর্মী অনীহা প্রকাশ করলে, প্রয়োজনে তৃণমূল থেকে কমিটি ছোট করারও নির্দেশও দিয়েছিলেন তিনি। কিন্তু দলের হাইকমান্ড থেকে নির্দেশ আসার পরেও নেতাকর্মীদের স্বল্প উপস্থিতি এ্ই সমাবেশকে ঢিলেঢালা পর্যায়ে নিয়ে গেছে। এ বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁদের পাওয়া যায়নি।
এদিকে, প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার একটি মিথ্যা মামলা দিয়ে তিন বছর যাবৎ বন্দী করে রেখেছে। বেগম জিয়ার স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে রেখেছে। এর প্রধান কারণ হচ্ছে বর্তমান সরকার বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের জনপ্রিয়তাকে ভয় পায়। কিন্তু শত-ষরযন্ত্র করেও এই বিএনপির নেতাকর্মীদের ঠেকাতে পারবেনা সরকার।
এ সময়, মহানগর বিএনপির সহ-সভাপতি এড.জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, আয়েশা সাত্তার, এড.রফিক আহম্মেদ, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সজল, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. আবু-আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজসহ মহানগর বিএননপির নেতাকর্মীরা।


