ব্যালট ফলসের প্রমাণ পেলে আইনজীবী সমিতি ছেড়ে চলে যাব : খোকন সাহা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৫:৪৬ পিএম
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পদক এডভোকেট খোকন সাহা বলেছেন, ২৬ তারিখ (২৬ জানুয়ারি) ফজলু ভাই বলেছিলেন, আমার শিষ্যরা ভোট ডাকাত, আমি বলেছিলাম, ফজলু ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিয়েছি, গণতান্ত্রিক চর্চা আমরা করব। সারা বাংলাদেশেই গণতান্ত্রিক চর্চা হচ্ছে। কেউ যদি প্রমাণ করতে পারেন একটি ব্যালটও ফল্স হয়েছে তাহলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ছেড়ে চলে যাব।
তিনি বলেন, আইনজীবী সমিতিতে কখনো সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি। আমরা সেই নির্বাচন করেছি। আমরা শেখ হাসিনার কর্মী, শামীম ওসমানের কর্মী তাই আমরা সুষ্ঠ ও অবাধ নির্বাচন করেছি।
রোববার (৩১ জানুয়ারি) আদালতপাড়ায় আইনজীবী সমিতির নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, এই বিজয় আমাদের বিজয় নয়, এই বিজয় নারায়ণগঞ্জের ১২শ আইনজীবীর বিজয়। ওরা (বিএনপিপন্থী আইনজীবি) নির্বাচনের পূর্বে বলেছিলো আমরা নাকি মুলা ঝুলিয়ে রেখেছি। মহসিন বলেছিলো ফেব্রুয়ারিতে এই মুলাটা আরো একটু বড় হবে।
খোকন সাহা বলেন, সেদিন ছাত্রলীগের একসময়কার সভাপতি আইনজীবি ফোরামের সদস্য সচিব, আমার একসময়ের রাজনৈতিক নেতা ফজলুল ভাই আসলেন। তার সাথে ’৮০র দশকে আমি এবং আমাদের পিপি আমরা একসাথে রাজনীতি করেছি। ২৬ তারিখ দেখলাম সেই ফজলু ভাই আগুন সন্ত্রাসি আর জামাত শিবিরের লোকদের মিছিল করছে।
তিনি বলেন, তখন আমি বলেছিলাম, নির্বাচনে ওরা আমাদের সাথে পার পাবে না। যা আমরা ভেবেছিলাম তাই হয়েছে। সেইভাবেই ভোট হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলো। তখন বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ পদ্মা’র ঐপারে নিক্ষেপ করেছে, আর নারায়ণগঞ্জের আইনজীবীরা বিএনপি জামায়াতকে ধলেশ্বরীর ঐপারে পাঠাব, অর্থাৎ বিক্রমপুরে পাঠাব। আইজীবীরা তাদের ভোটের মাধ্যমে ধলেশ্বরীর ওপারে পাঠিয়ে দিয়েছে।
তিনি বলেন, যেহেতু আমি ঘোষণা দিয়েছি আমি আর আইনজীবী সমিতির নির্বাচন করব না। তাই আমি আপনাদের পাশে থেকে, আপনাদের কর্মী হিসেবে, সেবক হিসেবে থেকে আপনাদের এই মূল্যায়ণটাকে অব্যাহত রাখতে কাজ করে যাব।


