Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির প্রথম কর্মসূচিতেই মারামারি-হাতাহাতি

Icon

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৭:৪১ পিএম

জেলা বিএনপির প্রথম কর্মসূচিতেই মারামারি-হাতাহাতি
Swapno

জেলা বিএনপির নতুন দেয়া আহবায়ক কমিটির প্রথম কর্মসূচিতেই মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ৩১ ডিসেম্বর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি দেয়ার পর প্রথম কর্মসূচিতেই মারামারি ও হাতাহাতির ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আহবায়ক কমিটির তৈমূর আলম খন্দকার ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থকদের এই ঘটনার জন্য পাল্টাপাল্টি দায়ী করেছে নেতাকর্মীরা। 


সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় আয়োজিত মানবন্ধনেই এই ঘটনা ঘটে। প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আহবায়ক কমিটি এই মানবন্ধনের আয়োজন করে। 


প্রত্যক্ষদর্শী বিএনপি নেতাকর্মীরা জানান, মানববন্ধন চলাকালে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সমর্থকদের সাথে এড.তৈমূর আলম খন্দকারের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পরেন। তৈমূর অনুসারী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুলাল হোসেনের সাথে কাজী মনির অনুসারী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসিরুদ্দিন ও তারাবো পৌর বিএনপির সেক্রেটারী আশরাফুল রিপনের হাতাহাতিতে মানববন্ধন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি  শান্ত করার চেষ্টা করেন। 


পরে মানববন্ধনে সভাপতির বক্তব্যে এড. তৈমূর আলম খন্দকার বলেন, পুথিবীর বিভিন্ন দেশে ট্রেন দুর্ঘটনা ঘটলে সে দেশের রেল মন্ত্রী পদত্যাগ করেন। কারণ সে দেশে সরকারের জবাবদিহিতা রয়েছে কিন্তু আমাদের দেশে সরকারের কোন জবাবদিহিতা নেই।  সম্প্রতি দেশের ৪২জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাষ্ট্রপতি বরারবর তাদের পদ্যাগের আবেদন করেছে। এই ৪২ জন বিশিষ্ট নাগরিক বিএনপির কোন সদস্য নয়, কোনো রাজনৈতিক দলেও সদস্য নয়। আমি মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আপনি যদি সমগ্র দেশবাসীর রাষ্ট্রপতি হয়ে থাকেন তাহলে আপনিও জবাবদিহিতার উর্ধ্বে নন। আপনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছে তার সুষ্ঠু তদন্ত করবেন। 


মানববন্ধনে সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশের অযোগ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং অবিলম্বে তাদের পদত্যাগের দাবিতে জেলা বিএনপির আজকের এই মানববন্ধন কর্মসূচি। অবৈধ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই অবৈধ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আরো কঠোর কর্মসূচি দাবি করছি, সেই কঠোর কর্মসূচিতে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই অবৈধ নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করবো।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নাসির উদ্দিন, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আব্দুর, এড. মাহফুজুর রহমান হুমায়ূন, জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, সদস্য খন্দকার আবু জাফর, নজরুল ইসলাম টিটু, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, শরীফ আহমেদ,মাহমুদুর রহমান সুমন, মোশারফ হোসেন, বশির উদ্দিন বাচ্চু, হাজী সেলিম হক, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন