Logo
Logo
×

রাজনীতি

নয়া বছরের শুরুতেই গরমিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৯:২২ পিএম

নয়া বছরের শুরুতেই গরমিল
Swapno

সারাদেশের সবচাইতে আলোচিত জেলা নারায়ণগঞ্জ। বছরের পুরোটা সময়ই কোন না কোন সংবাদের দরুণ গণমাধ্যমের প্রাধান্যে থাকে এই জেলা। ২০২১ সালের শুরুটাও এর ব্যতিক্রম নয়। তবে এমন উত্তাপের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু সময় পর। হুট করেই করোনা পরিস্থিতির পেন্ডামিক অবস্থার মধ্যেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সরব অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তবে এতে বিচলিত হবার কারণ রয়েছে বলেও মত বিশ্লেষকদের।

 

আওয়ামী লীগে গরমিলের কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করেন, চলতি বছরের শেষ ভাগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। এছাড়া দেবোত্তর সম্পত্তি নিয়ে গত দুমাসে বেশ সরব আওয়ামী লীগের নেতৃবৃন্দের একাংশ। বিষয়টিতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিযুক্ত করে বেশ কিছু জোরালো বক্তব্য প্রদান করেছেন কয়েক আওয়ামী লীগ নেতা।

 

গেল বছরের শেষভাগে বিষয়টি যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে পুরো জেলায়। এমনকি ইউটিউব, ফেসবুকের বদন্যতায় দেশ ছাপিয়ে তা আলোচিত হয়েছে বিদেশেও। নতুন ইংরেজি বছরের শুরুতে তা আরো বিস্তৃতি পায় যখন নাসিক মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এড. খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

 

তবে মহানগর আওয়ামী লীগ কিংবা জেলা আওয়ামী লীগ দুই কমিটি’র নেতৃবৃন্দই বিভক্ত হয়ে কর্মসূচি, বক্তব্য প্রদান নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে দ্বৈরথ বাড়িয়ে দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন।

 

আওয়ামী লীগের এমন রাজনৈতিক পরিস্থিতিতে আরো গতি সঞ্চার করেন প্রভাবশালী এমপি শামীম ওসমান। গেল বছরের শেষভাগে বন্দর, সদর, সিদ্ধিরগঞ্জ এলাকায় করা কয়েকটি কর্মীসভায় যখন তিনি নতুন বছরের ৯ জানুয়ারিতে সমাবেশ করার ঘোষণা দেন, তখন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সাটল ট্রেনের গতি আরো বেড়ে গিয়েছিল।

 

তবে করোনার দ্বিতীয় ধাপের আক্রমনের তীব্রতার দরুণ সেই সমাবেশ স্থগিত করা হয়েছে। রাজনৈতিক বোদ্ধাদের মতে, এমনিতেই গত বছর থেকে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বিখন্ডিত হয়ে রাজনীতি করছেন। মুখ ফসকে ভুল কথা বলে ফেলার কারণে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে বহিঃষ্কার করায় আওয়ামীলীগের নেতৃত্বের দ্বৈরথ আরো বেড়ে গিয়েছিল। তার মাঝে এমপি শামীম ওসমানের সমাবেশের ডাক সেটির তীব্রতাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল।

 

নারায়ণগঞ্জে জাতীয় পার্টি-আওয়ামী লীগে প্রতিদ্বন্দ্বিতার রেশ আঁচ করা যায় সোনারগাঁয়ে। এমপি লিয়াকত হোসেন খোকার স্ত্রী  সোনারগাঁ পৌরসভায় প্রার্থী হওয়ার পর থেকে এটি আরো বেশী স্পষ্ট হয়। ব্যাপারটি ওখানে শুরু হলেও শেষ অবধি ব্যক্তিগত আক্রমনের কারণে জাতীয় পার্টি-আওয়ামী লীগের সুস্পষ্ট বিভক্তি গিয়ে পৌঁছেছে আদালত পর্যন্ত।

 

এর ফাঁকে একটি স্কুলের নাম ফলক ভাঙা নিয়ে মহানগর আওয়ামী লীগের সাথে এমপি লিয়াকত হোসেন খোকার সম্পর্ক কতখানি তিক্ত অবস্থায় পৌঁছেছিল সেটি সারাদেশ অবলোকন করেছে। কিছুই যেন ঠিক চলছেনা, এমন পরিস্থিতিতে ভুল শব্দ উচ্চারণ করে বেকায়দায় পড়েন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

ক্ষমা চাইলেও ছাড় দেননি জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল। এক নোটিশেই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিঃষ্কার করে দেন তার পদ থেকে।

 

জাতীয় পার্টি ঘুরে রাজনীতির দ্বৈরথ শুরু হয় জেলা আওয়ামীলীগে। সেখানে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূইয়া, আসাদুজ্জামান, আব্দুল কাদির, আদিনাথ বসু, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুসহ জেলা কমিটির অধিকাংশ নেতার আলাদা প্রোগ্রাম করাকেও ভাল চোখে দেখেননি জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি। কেন্দ্রে গেছে তাদের বিরুদ্ধেও অভিযোগ।

 

অবশ্য সভাপতি, সেক্রেটারির বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের অভিযোগের পাহাড়ও কেন্দ্রে গেছে। নতুন বছরের শুরুতে সেটি অতখানি বদলায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে নিজ দলের নেতাদের মুখ দেখাদেখিও বন্ধ রয়েছে।

 

শুধু আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টিতেই যে গরমিল ঠিক এমনটি নয়। নেতৃত্ব নিয়ে হিংসাত্মক রাজনীতি গেল কয়েকবছর ধরেই স্পষ্ট নারায়ণগঞ্জ বিএনপিতে। নতুন বছর শুরুর একদিন আগে দেয়া হয় জেলা বিএনপির আহবায়ক কমিটি। ভেঙে দেয়া আগের জেলা বিএনপির অনেক নেতাই স্থান পাননি নতুন আহবায়ক কমিটিতে। 

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার ও অধ্যাপক মামুন মাহমুদের হাতে সপে দেয়া হয় জেলা বিএনপিকে। গেল কয়েক বছর পত্রিকার পাতায় জায়গা দখল করে থাকা আজহারুল ইসলাম মান্নান, মাসুকুল ইসলাম রাজীব, গিয়াস উদ্দিন, দিপু ভূইয়া, নজরুল ইসলাম আজাদসহ অনেক নেতাই জায়গা পাননি নতুন এই আহবায়ক কমিটিতে।

 

যার যার নেতাকর্মীরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব খোদ নিজ দলের নেতাদেরই সমালোচনায়। 

 

খোশ মেজাজে নেই মহানগর বিএনপির নেতারাও। পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলেও আদালতের দরুণ এক প্রকার কার্যক্রম ছাড়া মহানগর বিএনপি। বিভক্তি আর অভিযোগ-পাল্টা অভিযোগ পুরনো বছরের মতও নতুন বছরেও সরব মহানগর বিএনপি। বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি হলেও সেটিও যে সবাই যুতঁসই মনে করবেনা এমনটিও সহজে অনুমেয়।

 

নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি’র এমন রাজনৈতিক মেরুকরণে বিশ্লেষকরা মনে করেন, নতুন বছরের শুরুতেই গরমিল নিয়ে সরব হচ্ছে রাজনীতি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন