Logo
Logo
×

রাজনীতি

উৎসাহ হারিয়ে ফেলেছে বিএনপির তৃণমূল !

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৭:০৩ পিএম

উৎসাহ হারিয়ে ফেলেছে বিএনপির তৃণমূল !
Swapno

নারায়ণগঞ্জে শহর থেকে শুরু করে শহরতলীতে একই দশা বিরাজ করছে বিএনপির তৃণমূলে। বিশেষ করে একযুগ ধরে কমিটি নেই জেলার প্রতিটি থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোর। নেই তাদের কার্যালয়ও। তাছাড়া প্রতিটি স্থানেই রয়েছে যোগ্যা নেতৃত্বের অভাব। 

ফলে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সফল না হওয়ার পেছনে এসব কারণগুলো ফুটে উঠেছে মোটাদাগে। আন্দোলন সংগ্রামগুলোতে বিএনপির তৃণমূলের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কোন কোন কর্মসূচিতে বাধা-বিপত্তি উপেক্ষা করে তৃণমূলের ঢল নামলেও দেখা যায়নি কর্তৃত্ব নিয়ে সরগরম থাকা নেতাদের। 

তাছাড়া নেতাদের কর্তৃত্ব নিয়ে সৃষ্ট বিভাজনের ব্যাপক প্রভাবও পড়েছে তৃণমূলে। যার ফলে রাজনীতি থেকেই অনেকটা উৎসাহ হারিয়ে ফেলেছে বিএনপির তৃণমূল। 

রাজনৈতিক বোদ্ধামহলের মতে, এসব কারণে নারায়ণগঞ্জের বিএনপির তৃণমূলে মরিচা ধরেছে। আগামীতে এর খেসারত ব্যপক ভাবে দিতে হবে দলটিকে। তবে, জেলা কমিটি আসি আসি করে পেন্ডুলামের মত ঝুলে রইলেও ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কমিটিগুলো মৃতপ্রায়।    
  
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিপুর, ও বক্তাবলী ইউনিয়নসহ এসব অঞ্চলের ওয়ার্ড কমিটিগুলো নেই দীর্ঘ একযুগ ধরে। মেয়াদোত্তীর্ণ এসব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর কোনোটার সভাপতি-সেক্রেটারী মৃত্যু বরণ করেছেন, আবার কোনো কোনো ওয়ার্ডের নেতৃবৃন্দরা পরিস্থিতির শিকার হয়ে স্বেচ্ছায় দল থেকে সরে এসেছেন। কেউ কেউ আবার প্রকাশ্যেই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন। 

তৃণমূলের নেতাদের অভিযোগ- জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা তাদের খোঁজ-খবর রাখে না। সাংগঠনিক ভাবেও নেতারা ঝিমিয়ে পড়েছে। তারা তৃণমূলকে চাঙ্গা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাছাড়া, দলীয় কর্মসূচিতেও অনেক নেতা ‘পিঠ বাঁচাতে’ দুরে সরে থাকেন। 

কারো সাথে কারো সাংগঠনিক যোগাযোগও তেমন নেই। এর সাথে প্রশাসন ও সরকার দলীয় নেতাদের রক্তচক্ষু দেখতে হয়েছে বারংবার। ফলে বিএনপির রাজনীতি থেকেই আস্থা হারিয়ে ফেলেছেন তারা।  

বিগত সময়ে দেখা গেছে, ফতুল্লা থানা এলাকায় শক্ত বলয় তৈরী করেছিলেন বিএনপি নেতা শাহ-আলম। পদ-পদবীর আশায় নেতারা  ছিলেন শাহ-আলমের অনুগত। এসকল নেতাদের মাঝে দলীয় সাংগঠনিক দায়বদ্ধতার চেয়ে বেশি ফুটে উঠেছিল শাহ-আলম প্রীতি। 

তবে, বিগত জাতীয় সাংসদ নির্বাচনে মনোনয় না পাওয়ায় মনোক্ষুন্ন হয়ে থানা ও জেলা পর্যায়ের রাজনীতি থেকে ঘোষণা দিয়ে সরে আসেন শাহ-আলম। ফলে তার অনুসারীদের একটি অংশও দল থেকে সরে এসেছেন শাহ-আলমের অনুকরণে। 

এই বিষয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান রতন দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘জেলা ও থানার ব্যানারে কোন কর্মসূচি নেই। ফলে আমরাও কর্মসূচি পালন করতে পারি না। ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতৃবৃন্দদের রাজনৈতিক অবস্থাও করুণ। 

সাংগঠনিক ভাবে উচ্চপদস্থ নেতারা কারো খোঁজ-খবর রাখে না। কোন নির্দেশনাও দেয়া হয়না। আসলে ফতুল্লায় শাহ-আলম ও গিয়াস উদ্দিনের অনুসারী ২টি বলয় তৈরী হয়েছে। যারা বিগত সময়ে শাহ-আলমের অনুসারী হিসেবে রাজনীতির মাঠে ছিলো, তারা দীর্ঘদিন ধরেই নিস্ক্রিয়। 

বিশেষ করে শাহ-আলম গত জাতীয় সাংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় থানা ও জেলা পর্যায়ের রাজনীতি থেকে সরে আসেন শাহ-আলম। তার অনুসারী নেতারাও অনেকটা অঘোষিত ভাবে রাজনীতি থেকে ইস্তফা নিয়ে নিয়েছে। তাদের এখন সক্রিয় দেখা যায় না।’    

কমিটি না হওয়ার বিষয়ে তিনি বলেন- “কমিটি হওয়া না হওয়ার বিষয়ে আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাদের কোন হাত নেই। এটা থানা ও জেলা পর্যায়ের নেতাদের উপর বর্তায়। নেতারা উদ্যোগ না নিলেতো আগবাড়িয়ে কিছু করা যায় না।” 

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার হুমায়ন দৈনিক যুগের চিন্তাকে বলেন- “রাজনীতির পরিবেশ নাই। কথা বলার অধিকার নাই। গণতন্ত্র নাই। এই অবস্থায় দলীয় কার্যক্রম কিভাবে চলবে। মিছিল করতে দেয় না। সংগঠিত হতে পারি না। 

তারপরও কেন্দ্র থেকে নির্দেশনা আসলে আমরা ওয়ার্ড কমিটির কাজ করবো। আর তৃণমূলে মরিচা ধরেছে বলতে, আমরাতো সাংগঠনিক কোন কার্যক্রমই করতে পারি না। তাই তৃণমূলের সাথে একটা দুরুত্ব তৈরী হয়েছে। তবে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে তৃণমূল আবারো চাঙ্গা হবে বলে বিশ্বাস করি।”  

এদিকে, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হলেও দীর্ঘ প্রায় দেড় বছরেও তারা পূর্নাঙ্গ কমিটি প্রস্তুত করতে পারেনি। তাছাড়া, ওই আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের দায়বদ্ধতা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। কেননা, তারা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের থেকে সর্বদা আড়ালে থাকেন। তৃণমূলকে সংগঠিত করতেও বরাবরের মত ব্যর্থ হয়েছেন তারা।

এই বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম পান্না মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন