Logo
Logo
×

রাজনীতি

ঘুরে ফিরে আবারও আইভী ! 

Icon

তুষার আহমেদ

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

ঘুরে ফিরে আবারও আইভী ! 
Swapno

নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে সৃষ্ট আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম জিউস পুকুর বা দেবোত্তর সম্পত্তি। গত ১১ই নভেম্বর অনেকটা হুট করেই নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। এতে হাজারো হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষও অংশ নেয়। 


এতে শামীম ওসমান অনুসারী নেতারা দাবী করেন, সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার পরিবার দেবোত্তর সম্পত্তি দখল করেছে।  তবে, সেদিনের সেই মানববন্ধন নিয়ে শহরজুড়ে নানা সমালোচনার গুঞ্জন শোনা যায়। মেয়র আইভীও বিবৃতিতে জানিয়েছেন জিউস পুকুরের সাথে তার কোন সম্পৃক্ততা নেই।    


এর কিছুদিন পরই শহীদ মিনারে অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের প্রতিকী অনশন কর্মসূচি। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান উপস্থিত না হলেও তার অনুসারী হিসেবে পরিচিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও আওয়ামী পন্থি আইনজীবিদের সরব উপস্থিতি দেখা যায়। যারা বরাবরই শামীম ওসমান অনুসারী এবং সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরোধীতা করে আসছেন। 


ওই মানববন্ধন ও প্রতিকী অনশনে শামীম ওসমান অনুসারী নেতারা মেয়র আইভীর সমালোচনায় মুখর ছিলেন। এমনকি আগামী নির্বাচনে ভোট না দেয়ার অনুরোধ জানানোসহ তাকে টেনে হিচরে নামানোর হুংকারও ছাড়ে এমপি শামীম ওসমান পন্থি নেতৃবৃন্দরা। 


সিটি নির্বাচনের প্রাক্কালে জিউস পুকুর ইস্যুতে ওই মানববন্ধন ও প্রতিকী অনশনে শামীম ওসমান অনুসারীদের একত্রিত হওয়া এবং আগামী নির্বাচনে মেয়র আইভীকে ভোট না দেয়ার অনুরোধ জানানোয় সচেতন মহলের কাছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মেয়রের বিরুদ্ধাচারণের বিষয়টি স্পষ্ট হয়। 


আইভী পন্থি নেতাদের ভাষ্য, জিউস পুকুর ইস্যুতে পেছন থেকে কলকাঠি নেড়েছেন শামীম ওসমান। এবার শামীম ওসমানের বক্তব্যেই তা আরো স্পষ্ট হয়ে উঠেছে। 


ওই প্রসঙ্গে এযাবৎ শামীম ওসমান মুখ না খুললেও ইনিয়ে বিনিয়ে সেই পালেই যেন হাওয়া দিলেন তিনি। গতকাল নারায়ণগঞ্জে অনুষ্ঠিত একটি জাতীয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান জিউস পুকুর ও মেয়রকে ইঙ্গিত করে বলেন- মসজিদ, মন্দির গির্জার সম্পদের দিকে হাত দেয়া উচিত নয়।

 

পবিত্র কোরআনে আছে, কেউ যদি এক ইঞ্চি জমিও খায়, এক ইঞ্চি জমিও যদি কেউ বেদখল করে বা জোর করে নেয়, রোজ কেয়ামতের দিন আল্লাহ পাক তার গলায় উহুদ পাহার ঝুলিয়ে দেবে। আমি দেখছি নারায়ণগঞ্জে কিছু আলোচনা হচ্ছে। আমি কমেন্ট করতে চাই না। তবে, আমার কাছে যেমন কাবা শরীফ মহামূল্যবান।

 

তেমনি যারা হিন্দু ধর্মালম্বি তাদের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তাদের মন্দির, যেই পূজা ঘরটায় পূজা দেয়, কিংবা যেই মন্দিরটায় গিয়ে ঘন্টি বাজায়। অনেকেই বলছেন এটা করবো ওইটা করবো। সবার কাছে সৃষ্টিকর্তার সম্পদ মহামূল্যবান।’


মেয়রকে ক্ষমা চাইতে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয়, সেই মহামূল্যবান সম্পদ থেকে সরে আসা উচিৎ। ভুল মানুষেরই হয়। ভুল স্বীকার করাটা সবচেয়ে যথার্থ কাজ। তাতে মানুষের সম্মান বৃদ্ধি পায়। কমে না।’   


এদিকে, জিউস পুকুর ইস্যুতে এমপি শামীম ওসমান বিরোধীদের আন্দোলনের পরপরই মুখ খুলেছিলেন মেয়র আইভী। ওই পুকুরের সাথে মেয়র আইভীর কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে মেয়র বলেন, এই পুকুরের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। পুকুরের মালিকানার সাথে আমার কোনো সম্পর্ক নেই।

 

পুকুর কোনো ইস্যু না, এটা একটা চক্রান্ত। সিটি নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু হলো। বক্তারাই কিন্তু নিজেই আমাকে নমিনেশন না দেওয়ার অনুরোধ করেছে। সুতরাং বিষয়টা কিন্তু ক্লিয়ার। এটা নোংরা রাজনৈতিক খেলা। কে বা কারা সুবিধা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিতে চাচ্ছে।

 

৩৬ বছর আগেও আমার বাবার সাথে তারা এই ধরনের খেলায় মেতেছিল। সেই লোকগুলোই আবারও তাদের পুরোনো খেলায় মেতেছে। মিথ্যা অভিযোগ তুলে সত্যকে আড়াল করা যায় না। 


জিউস পুকুরের মালিকানার বিষয়ে মেয়র আইভী বলেন, ‘পুকুরের সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন। আপনারা খোঁজ নিয়েও দেখতে পারেন। এটা মাহতাবউদ্দিন আহমেদ এবং জমির আহমেদের ক্রয়কৃত সম্পত্তি। তারা হতে পারেন আমার আত্মীয় কিন্তু এই সম্পত্তি নিয়ে আমার সাথে কোনো সম্পর্ক নেই। ব্যক্তি আইভীর সাথে এর কোনো সম্পৃক্ততা নেই।’ 


ইতিপূর্বে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন দৈনিক যুগের চিন্তাকে বলেছিলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচন আসলেই তারা (শামীম ওসমান ও তার অনুসারীরা) বিভিন্ন ইস্যু সামনে আনে এবং মেয়রকে ঘাবড়িয়ে দিতে চায়।’ 

 

সূত্র জানায়, ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতিদ্বন্দ্বি ছিলেন শামীম ওসমান। ওই নির্বাচনে শামীম ওসমান বিপুল ভোটে পরাজিত হয়। 


এদিকে, বিশ্বস্ত সূত্রের খবর, আসন্ন সিটি নির্বাচনে উত্তর মেরু থেকে নির্বাচনে দাঁড়াতে চান সাংসদ শামীম ওসমানের এক ঘনিষ্ঠ বন্ধু। যিনি মহানগর আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতাও। তাই পরিকল্পনা অনুযায়ী আগামী নির্বাচনে বর্তমান মেয়র আইভীর বিরোধীতা শুরু হয়েছে বলে মনে করছেন দক্ষিন মেরুপন্থি নেতৃবৃন্দরা।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন