ইতিহাসে এরচেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয় নাই : শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৭:৫৯ পিএম
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ খারাপ হয়ে গেলে আমরা কেউ ভালো থাকবোনা। বাংলাদেশের ইতিহাসে এরচেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয় নাই। গত ১৪ তারিখে একটি সুযোগ নেয়া হয়েছিল সেটি কিন্তু এখনো থেমে যায়নি বরং শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে নারায়ণগঞ্জের অনেকে আছেন।
মুজিব কোর্ট পড়তে পারেন, লেবাস ধরতে পারেন। এদেশে হাজার বছর পর একটা করে বঙ্গবন্ধু সিরাজদ্দৌলা আসেন কিন্তু প্রতি বছর প্রতি এলাকায় খন্দকার মোশতাক ও তার বংশধরের সৃষ্টি হয়।
সরকার পরিবর্তনের খেলা নয়, ভৌগলিক কারণে এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে, আফগানিস্তানের মত। এর বেশি আর কিছু বলবোনা, আপনারা সতর্ক থাকবেন। আমাদের মধ্যেই অনেকে আছেন যারা তাদেরকে পেট্রোনাইজ করেন, এদের একটি বিরাট বড় শক্তি নারায়ণগঞ্জে কাজ করে। এই নারায়ণগঞ্জ অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ। এখানে আমরা কাউকে কোন সুযোগ দেবনা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের ৬৮ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের চাষাঢ়ায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে পত্রিকাটির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদল এতে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে কেক কাটা হয়।
শামীম ওসমান বলেন, এদেশের স্বাধীনতায় ইত্তেফাক একটি বিশাল ভূমিকা রেখেছিল। বাংলাদেশে এই পত্রিকাটি নিজেদের সততা ও নিষ্ঠার মান ধরে রেখেছেন। দেশে যে গেম হচ্ছে সে গেম হলে আপনারা থাকতে পারবেন না।
এ গেমটি হবে বাংলাদেশকে ও আশেপাশের রাষ্ট্রকে ক্ষতিগ্রস্থ করার জন্য। এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় যেন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দেন ধৈর্য্য দেন সেজন্য দোয়া করবেন।
তিনি বলেন, করোনা ভাইরাস এখন নতুনভাবে। জানিনা আল্লাহ আমাদের মাফ করবেন কিনা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই কারণ আমার কিছু স্বপ্ন পূরণ হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কাছে নিজের হাতে কয়েকটি প্রজেক্ট জমা দিয়েছিয়াম। এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রজেক্ট পাশ হয়েছে, এটি হবে।
এর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক রাস্তা হবে যেটি নারায়ণগঞ্জের চেহারা বদলে দেবে। এখন যেমন ময়লার চেহারা সেটি আর থাকবেনা। চাষাঢ়া থেকে আদমজী রাস্তার টেন্ডার হয়েছে। ৭ কিলোমিটারের উপরে এই সড়কেও ব্যয় হবে একশ কোটি টাকার উপরে। চাষাঢ়া থেকে যে সড়ক সেটিরও ডিপিপি হবে। এটির কাজ হবে। এটি পুরোটা আরসিসি হবে এবং এখানে হাজার কোটি টাকার উপরে কাজ হবে। ১১০ থেকে ২০ ফুট চওড়া হবে এবং জুরাইন পর্যন্ত যাবে।
'আমি ভেবেছিলাম এই কাজ হবেনা কারণ করোনায় আমাদের ৪ % জিডিপি চলে গেছে অন্য খাতে। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কারণ তিনি শুধু এ প্রোজেক্ট দেখেনই নি তিনি এটার যে খরচ তার সাথে আরো ভিজিভিলিটি খরব যোগ করে বাড়িয়ে দিয়েছেন। '
আগে আমি এসব উন্নয়নের কথা বলিনি কারণ নারায়ণগঞ্জে একটি বিশেষ মহল আছে, যারা উন্নয়নের কথা বলে কিন্তু উন্নয়নের খবর পেলেই এরা তা আটকে রাখতে চেষ্টা করে। বিভিন্নভাবে তদবির করে যেন ফাইল আটকে যায় বা কাজগুলো বন্ধ হয়ে যায়। এটা কারা চালায় আমি নাম বলতে চাইনা।
এমপি বলেন, ঢাকা নারায়ণগঞ্জ ডাবল রেললাইন হচ্ছে। যখন দুটি দ্রুতগামী ১৫ মিনিটে ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াত করা যাবে এমন ট্রেন চালু হবে। অচল শহরকে সচল করতে অনেক কাজ প্রয়োজন। আমার ২ বছর সময় লেগেছে রেলের যায়গা নিতে।
কিন্তু একটি লাইনেই ২৭ বার শহরে ট্রেন প্রবেশ করে আর এতে শহরের যানজট কত হয় তা আপনারা ভালো জানেন আর তাই আমি মন্ত্রীকে বলেছি ট্রেনটি চাষাঢ়া পর্যন্ত রাখলে ভালো হয়। তবে এক্ষেত্রে বন্দরের তারা কিভাবে আসবেন সেটি নিয়ে ভাবনা। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে একটি উপায় বের করা যাবে।
'চাষাঢ়া রেললাইন থেকে সেন্ট্রাল খেয়াঘাট পর্যন্ত যদি আমরা রাস্তা করতে পারি তাহলে তারা এই সড়কে এখানে যাতায়াত করতে পারবে। যানজটও কমবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন যদি আমাদের সহযোগিতা চায় আমরা সেটা করতে প্রস্তুত।
আমাদের লিংক রোডে ৪টি ওভারপাস ও আন্ডারপাস আছে। জালকুড়িতে ওভারপাস হবে, সস্তাপুর ভূইগড়ে নিচে ও উপরে গাড়ি যাবে, আমরা প্রস্তুত করছি। এভাবেই পরিকল্পিত কাজ করতে হবে।'
শামীম ওসমান শহরের যানজট সমস্যার কথা তুলে ধরে বলেন। এই সিটিতে পার হতে গেলে আমাকেই পুলিশের সার্জেন্টকে ৫ বার ফোন দিতে হয় রাস্তা ফাঁকা করার জন্য।
'নারায়ণগঞ্জে খাস জমি লুকিয়ে রাখে আমলাতন্ত্র। শেখ জামাল আইটি ইন্সটিটিউট সবচেয়ে কস্টলি করার জন্য আমি প্রধানমন্ত্রী ও মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ জানাই। এটি হবে নারায়ণগঞ্জে আর এর জন্য আমি অনেক দৌড়ঝাঁপ করেছি।
এটি হলে আইটি সেক্টরে আমাদের ছেলেমেয়েরা অনেক সুযোগ সুবিধা পাবে ও এগিয়ে যাবে। ৭টি হাইস্কুল হচ্ছে ১০ তলা এর মধ্যে ৩টি আমার এলাকায় হবে। যায়গা পাওয়াই দুস্কর তবে কিছু যায়গা একোয়ার করতে হবে।'
তিনি বলেন, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। এগুলো আমার দায়িত্ব তাই করেছি, করছি। ভোট পাওয়ার জন্য কিংবা তালি পাওয়ার জন্য কাজ করছিনা। আমার সময় হয়েছে বিদায় নেয়ার কিন্তু যখন দেখি স্বাধীনতার ৫০ বছরে জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে যখন শুনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলে দেবে তখন মনে হয় কাজ শেষ হয় নাই এখন বুঝি মাত্র শুরু আমাদের।
আগে জীবনের মায়া ছিল এখন আর নাই। স্বাধীনতা ভুখন্ড ও শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোন আপোষ হবেনা। বি কেয়ারফুল, কঠিন জবাব দেয়া হবে কিন্তু। এত কঠিন জবাব দেবে জনগন তা কল্পনাও করতে পারবেন না। তিনি প্রধানমন্ত্রীর পিতা কিন্তু আমাদের জাতির পিতা। এমনোতো হতে পারে প্রধানমন্ত্রী বলতে পারেন আপনারা চুপ থাকুন কিন্তু মানুষ চুপ থাকবেনা।
নিজের এলাকায় উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ফতুল্লা এলাকার একটি কোনাও আর আরসিসি ছাড়া থাকবেনা। অন্যান্য এমপিরা পেয়েছেন ২০ কোটি টাকা করে বরাদ্দ আমি এনেছি ৩৫ কোটি টাকা করে।
যেদিন দেশের বাইরে গেলাম সেদিন বিশেষ একটি প্রজেক্ট পাশ করিয়েছি আমার যতগুলি রাস্তা আছে সেগুলোর জন্য মোট ১৮৫ কোটি টাকা। কদমরসূল এলাকার যে ব্রিজটি হবে সেটি বিদেশী স্টাইলে হবে এবং সবচেয়ে আধুনিক হবে। দেশের অবস্থা ভালো থাকলে এ বছরেই কাজটি শুরু হবে।
'জাতির পিতা দুজন মানুষকে রেখে গেছেন। একজন তার কন্যা শেখ হাসিনা যিনি তার যে কষ্ট দুঃখ চেপে রেখে দীর্ঘ এতবছর কাজ করে গেছেন। বাবার স্বপ্ন পূরণ করেছেন, হত্যার বিচার করেছেন যুদ্ধাপরাধের বিচার করেছেন। কিন্তু তার আরেক কন্যা শেখ রেহানা কান্নাও করতে পারেননি চিৎকার করে। তিনি অনেক অল্প বয়সে বাবা মা হারিয়েছেন।
আর তাই আমি প্রস্তাব দিয়েছি উনার নামে যেন নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজটি হয়। আমাকে বলা হয়েছে আপাকে রাজী করানোর জন্য তবে আমি এখনো রাজি করাতে পারচায়না আর এজন্য এটি হচ্ছেনা। আমি জানিনা উনি রাজী হবেন কিনা। বঙ্গবন্ধুর মেয়েতো ধানমন্ডিতে যে প্রোপার্টি ছিল ২শ কোটি টাকা দাম যেটা বঙ্গবন্ধু পরিবারকে দেয়া হয়েছিল, উনার নামে দেয়া হয়েছিল তবে উনি সেটা ফেরত দিয়েছেন। কারন তাদের কোন অর্থের লোভ নেই।'
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের বিউটি হচ্ছে কবরস্থান, শ্মশানসব পাশাপাশি। এর মাঝে দেয়া দেয়াল ছিলনা আগে সেটা আমার কাছে ভালো লাগতো কারণ মৃত্যুর পরেও আমরা সবাই একসাথে থাকতাম। এর মাঝে এখন দেয়াল দেয়ায় সেটি আমি মনে করছি আগেই ভালো ছিল। অন্তত মৃত্যুর পরে আমরা সবাই একসাথে থাকতাম।
শামীম ওসমান বলেন, আইন মন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম আমি নারায়ণগঞ্জ ক্লাবের পাশে বড় বিল্ডিং যেটা আছে সেটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়ে দেন হাই ক্লাসের হার্টের ইন্সটিটিউট করার জন্য।
বড় ধরনের স্ট্রোক হলেও আধা ঘণ্টার মধ্যে যদি হাসপাতালে নিয়ে যেতে পারে এবং ইলেকট্রিক শক যদি দেয়া যায় তাহলে কিন্তু সে রিকভার করতে পারেন। চিকিৎসা না পেয়ে মৃত্যুর কষ্টটা তাহলে আর আমাদের পরিবারের থাকবেনা।
'মরেই তো যাবো মরতে হবে এটাই একমাত্র সত্যি। মরেই যেহেতু যাবো সম্পদের দিকে লোভ করা উচিত না। বিশেষ করে যে সম্পদ মসজিদ মন্দির কিংবা গির্জার সম্পত্তি। কোরআনে লেখা আছে ১ ইঞ্চি জমিও যদি কেউ বেদখল করে রোজ কেয়ামতে আল্লাহ তার গলায় ওহুদ পাথর চাপিয়ে দেবেন।
নারায়ণগঞ্জে এরকম আলোচনা হচ্ছে তবে আমি এ নিয়ে মন্তব্য করতে চাইনা। সৃষ্টিকর্তার সম্পদের কোন মূল্য হয়না এটা মহামূল্যবান আর এ থেকে সকলের সরে আসা উচিত। ভূল মানুষেরই হয়। ভূল স্বীকার করলে মানুষের সম্মান বৃদ্ধি পায় কমেনা।'
এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ইত্তেফাকের জেলা ফটো সাংবাদিক তাপস সাহা, যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ সহ প্রমুখ।


