জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই : ভিপি বাদল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৭:২৭ পিএম
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল) বলেছেন, বিজয় দিবসে বিজয় আছে, বিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নেই। ১৫ আগস্টের কালো রাত্রিতে তাকে অত্যন্ত নৃশংসভাবে, নির্মমভাবে যারা আমার পিতাকে হত্যা করেছে তাদেরকে বিদেশের মাটিতে পুরস্কৃত করেছিল। তারা খালেদা জিয়ার দালাল, জিয়াউর রহমানের দালাল। আমরা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই।
বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৮ ডিসেম্বর) চাষাঢ়া শহীদ মিনারে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখার সময় তিনি এই দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলীসহ নেতৃবৃন্দ।
ভিপি বাদল আরো বলেন, বাংলাদেশে জিন্দাবাদ শ্লোগান আর পাকিস্তানের সাথে যে আঁতাত বাংলার মাটিতে আজ সেটা প্রমাণিত। বঙ্গবন্ধু’র কন্যাকে বারেবারে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। যেমনিভাবে চেষ্টা করা হয়েছিল আমাদের প্রিয় নেতা শামীম ওসমানকে। তখন ২০জন আত্যহুতি দিয়েছে।
তিনি বলেন, অবাক বিস্ময়ের কাণ্ড, আমি যখন হাসপাতালে শামীম ওসমানের পাশে গিয়ে দাড়িয়ে ছিলাম, তখন ও বলতেছিল আপনারা প্রধানমন্ত্রীকে বাঁচান, তার প্রমাণ ২১ আগস্ট। তারেক জিয়ার নীল নকশা অনুযায়ী বঙ্গবন্ধু’র কন্যাকে হত্যার অপচেষ্টা হয়েছিল।
এ সময় তিনি নারায়ণগঞ্জের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম করে বলেন, তারা যখন বাবা-মা, ভাই-বোন, সন্তানের মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ফলে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও আড়াই লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে এদেশের স্বাধীনতা এসেছে।
রক্তে লেখা বাংলাদেশ আওয়ামীলীগের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব থাকতে পারে না। যারা দ্বিধা-দ্বন্দ্ব করে তারা খন্দকার মোশতাকের প্রেতাত্মা, তারা মেজর ডালিমের প্রেতাত্মা। তাদেরকে বেছে বেছে দলে নিতে হবে। তারা যেন দলে মধ্যে স্থান না পায় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।


