বিজয় দিবসে মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপির শ্রদ্ধা ও র্যালি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৪:০৪ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদদের নেতৃত্বে বিজয় র্যালি ও বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সাবেক নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকে। পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানারে একটি বিজয় দিবসের র্যালি নিয়ে চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভের দিকে যাত্রা শুরু করে।
বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে বিজয় র্যালি। র্যালিটি নিয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে এসে শেষ হয়। পরে সকল কর্মীদের সঙ্গে নিয়ে বিজয়স্তম্ভের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতৃবৃন্দ।
এসময়ে সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আজকে এদেশে গণতন্ত্র নেই, নেই আইনের শাসন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, গণতন্ত্রের নেত্রী, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে নিজ ঘরে কারাবন্দি।
তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দূর প্রবাসে থেকেও বিএনপি’র রাজনীতির হাল ধরেছেন। তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দিচ্ছে না সরকার। কারণ, সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়।
তিনি আরো বলেন, আমাদের আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সেটি হলো দেশ ও মানুষের গনতন্ত্র পুনঃউদ্ধারের যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ আছি। আগামীতে যেকোনো আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সহসভাপতি রবিউল ইসলাম রবি, কাজী নজরুল ইসলাম টিটু, নাছির উদ্দিন, লুৎফর রহমান আব্দু, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ূন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, সাবেক সহ যুববিষয়ক সম্পাদক জুয়েল আহম্মেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদ, জেলা মহিলা দলের সভানেত্রী নুর নাহার বেগম প্রমুখ।


