হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা কেন : সাজনু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৪৬ পিএম
মহানগর যুবলীগের সভাপতি ও জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু বলেছেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নতুন কিছু নয়। জিয়াউর রহমানেরও ভাস্কর্য আছে। তাহলে হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা কেন ? ভাস্কর্য বাংলাদেশের অনেক স্থানেই আছে।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাদ মাগরিব জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, সৌদি আরব যেখানে আমরা হজ করতে যাই সেখানে বাদশাহ সালমানের বিশাল ভাস্কর্য আছে। এগুলো আসলে স্বাধীনতার পক্ষের শক্তি কতটুকু শক্তিশালী আছে তা টেস্ট করা হচ্ছে। যদি শক্তিশালী থাকে তাহলে তারা চুপ হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমরা বৈঠক করে একটি সিদ্ধান্তে পৌছেছেন। জাতির জনকের ভাস্কর্য ইনশাল্লাহ বাংলাদেশে হবে।
সাজনু বলেন, ২০০৮ সালে গার্মেন্টস শ্রমিকের বেতন ছিল ৩ হাজার টাকা। এখন শ্রমিকের সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকের দুঃখ বুঝেন। আর তাই যখন ঈদের আগে আমরা শ্রমিকদের নিয়ে বসি সেখানে সরকারের লোকেরা শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলে।


