যার ডাকে সাড়ে সাত কোটি মানুষ একত্রিত হয়েছিল সেই বঙ্গবন্ধু’র ভাস্কর্য যারা ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে হুমকি প্রদান করে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, এই ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা আর বাইড়েন না, যতটুকু বাড়ছেন তা যথেষ্ট হয়েছে। আমরা এবার ঘরে বসে থাকবো না। দাঁত ভাঙ্গা জবাব দেবো।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
আব্দুল হাই বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও নিন্দা জানাই। পাকিস্তানসহ ইসলামিক দেশেও ভাস্কর্য আছে। তারা তো সেই ভাস্কর্য ভাঙ্গার কথা বলে নাই। ইরাক, তুরস্ক, মালয়েশিয়াসহ মুসলিম অধ্যুষিত দেশে ভাস্কর্য আছে কিন্তু আপানারা তো তার প্রতিবাদ করেন নাই। তার মানে কি তারা মুসলমান না? অমুসলমান! নিশ্চয়ই না। সুতরাং এইসব বাদ দেন৷ ধর্মের নামে ভন্ডামি করবেন না।
তিনি বলেন, এই বিজয়ের মাসেই এমন ঘটনা কেন ঘটলো। ১৫ আগস্টের পরে উগ্র মৌলবাদীরা ১৭ আগস্ট গ্রেনেড বোমা হামলা চালিয়েছে, ২১ আগস্ট আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমাদের ২৪ জন নেতাকর্মীকে হত্যাসহ আহত হয়েছে ২০০ কর্মী।
আব্দুল হাই বলেন, নারায়ণগঞ্জে শামীম ওসমানের উপর বোমা হামলা হয়েছিল। সে সময় আমরা ২১ জন নেতাকর্মীকে হারিয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি খবির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ঢাকা কলেজের সাবেক ভিপি ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী সগীর আহমেদ ভূইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, সোনারগাঁ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ছগীর আহমেদ প্রমুখ।


