১৯৭৫ আর ২০২০ এক নয়, আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে : সাজনু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:৩০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু বলেছেন, ভাস্কর্যে হামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে আরেকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাই আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। হামলাকারিদের আমি বলতে চাই ১৯৭৫ আর ২০২০ সাল এক নয়।
তিনি বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা করে তারা এসিড টেস্ট করেছে। এর মাধ্যমে তারা প্রতিবাদ ও স্বাধীনতার পক্ষের শক্তি কতটুক তা দেখতে চায়। তাদের এই এসিড টেস্টে আমরা শক্ত অবস্থানে না গেলে ভবিষ্যতে তারা শহীদ মিনার, স্মৃতিসৌধও ভাঙ্গতে চাইবে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে রোববার (৬ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত মহানগর যুবলীগের সমাবেশে এ ধরণের মন্তব্য করেন তিনি।
মহানগর যুবলীগ সভাপতি আরো বলেন, যে বঙ্গবন্ধুর জন্য এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। যখন সেই বঙ্গবন্ধুর ভাস্কর্যই ভেঙ্গে ফেলার ঘোষণা দেয়, তখন নিজের কাছে লজ্জা লাগে। কুষ্টিয়ায় যেভাবে রাতে আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে। তাতে ’৭১ সালের রাতের ঘটনার কথা মনে পড়ে যায়।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের পথ নিয়ে আপনারা ভাস্কর্য ভাঙ্গতে মেতে উঠেছেন? এর পরিণতি ভালো হবে না। আপনারা একেক সময় একেক দাবি নিয়ে মাঠে নামেন।
তিনি বলেন, আপনাদের দাবিগুলো পূরণ করে কে? আপনাদের কোন দাবি থাকলে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারতেন। কিন্তু তা না করে আপনারা বিভিন্ন স্থানে উল্টা-পাল্টা কথা বলে যাচ্ছেন, তা কিন্তু বরদাশ্ত করা যাবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর যুবলীগের সহসভাপতি আমিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুর কাদির, নারায়ণগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলমগীর হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


