জেলা আ’লীগের সভাপতি আব্দুল হাইকে শাহীন মালুমের ফুলেল শুভেচ্ছা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৪:২১ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কেন্দ্রীয় যুব লীগে পদপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম।
শনিবার সকালে নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন যুব লীগ নেতা শাহীন মালুম।
একইদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দীন ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকেও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
মতবিনিময়কালে আব্দুল হাই বলেন, ‘রূপগঞ্জের সন্তান শাহীন মালুম আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে পদপ্রাপ্ত হয়েছেন এটা জেলা আওয়ামীলীগের জন্য গর্ব করার মতো বিষয়। শাহীন মালুম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য হিসেবে তাকে মুল্যায়ন করেছেন।’
এসময় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সঠিক সময়ে কাউন্সিল করে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ কমিটি ঘোষণা করায় এবং শাহীন মালুমকে যুবলীগের এই গুরুত্বপূর্ণ পদ প্রদান করায় ধন্যবাদ জানান জেলা সভাপতি আব্দুল হাই।
মতবিনিময়কালে শাহীন মালুম বলেন, ‘দলকে ভালোবেসে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে অতীতে দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলাম। সম্প্রতি করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অনুপ্রেরণায় দেশের বিভিন্ন স্থানে এবং আমার নিজ উপজেলা রূপগঞ্জের নিম্ন আয়ের লোকজনের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছি।
তিনি বলেন, সম্প্রতি করোনা মহামারির ২য় পর্যায় ভাইরাসের সংক্রমণ, আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজনকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। করোনাকালে ত্রাণ দিতে গিয়ে নিজেই দুইবার করোনায় আক্রান্ত হয়েছি। প্রথমবার করোনাকালীন স্থানীয় হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা, মুক্তিযোদ্ধাদের অর্থ, ফল ঝুঁড়ি ও খাদ্য সহায়তা প্রদান করতে পেরেছি। এসব নানা কারণে দল আমাকে মুল্যায়ন করেছে। আমি কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদপ্রাপ্তিতে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’


