বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ এর উদ্যোগে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩তম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন।
জেলা বাসদের সমন্বয়ক কমরেড নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নাসিক ১৫ নং ওর্য়াড কাউন্সিলর অসিত বরন বিশ^াস, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম।
এ সময় রাজেকুজ্জামান রতন বলেন, আজ থেকে ১০৩ বছর আগে রাশিয়ায় মহামতি লেলিনের নেতৃত্বে প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। মানব কল্যাণের এমন কোন অভিমুখ ছিল না যেদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা নিত্য নতুন অর্জনের স্বাক্ষর রাখেনি।
তিনি বলেন, ১৯২৯ সালে মহামন্দার যখন পৃথিবীর উন্নত ধনতান্ত্রিক দেশগুলো ধুঁকছে সে সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে রাশিয়ার প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল। বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশের জনগণের মুক্তি সংগ্রামে সমাজতান্ত্রিক রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, এখন দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। গণতন্ত্র আজ নির্বাসিত। প্রবল দুর্নীতি, লুটপাট, অনিয়ম এবং সরকারের গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যাতে কোন আন্দোলন গড়ে উঠতে না পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে সাংবাদিকসহ অনেক মানুষকে জেলখানায় পুরে রেখেছে সরকার।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধ করে স্থায়ী অস্থায়ী ৫১ হাজার শ্রমিককে বেকার করেছে। গার্মেন্টস মালিকরা সাড়ে ৭ হাজার কোটি টাকা প্রণোদনা পেলেও শ্রমিকদের কপালে জুটেছে ছাঁটাই ও নির্যাতন। তার মতে, নারী ধর্ষণ-নির্যাতন ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে বিচারহীনতার কারণে।
এ সময় বক্তারা বলেন, করোনার সময় স্বাস্থ্য ব্যবস্থার দৈন্যতা ফুটে উঠেছে। দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো, ঔষধের দাম কমানো, ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত, ডাক্তারদের ভিজিট কমিয়ে আনতে হবে।
সভাপতির বক্তব্যে নিখিল দাস বলেন, কর্তাব্যক্তিরা আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকার কথা বললেও নারায়ণগঞ্জে খুন, সন্ত্রাস, ধর্ষণ, মাদকের ব্যবহার কমেনি। ত্বকী হত্যার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। অবাধে চলছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা দূষণ। একটি অশুভ শক্তি তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় নারায়ণগঞ্জের কিছু জনপ্রিয় পত্রিকা বন্ধের পাঁয়তারা চালায় নিয়মিত।
তিনি বলেন, এদের চক্রান্তেই ব্লক করা হয়েছে অনলাইন পত্রিকা প্রেস নারায়ণগঞ্জ। আগেও সময়ের নারায়ণগঞ্জসহ আরও কিছু পত্রিকা বন্ধ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত ষড়যন্ত্রমূলকভাবে বন্ধকরা পত্রিকাগুলো চালুর দাবি জানাই।


