পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলা যুবদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৩:৫০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) চাষাড়া রেল লাইনের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন রোড দিয়ে পঞ্চবটির দিকে চলে যায়।
এর আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনের বালুর মাঠ এলাকায় জড়ো হতে থাকে জেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় সকাল থেকেই প্রেসক্লাবসহ চাষাঢ়ার আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় তারা চাষাড়া বালুর মাঠ এলাকায় থেকে সরে পরে।
সকাল নয়টার দিকে সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান প্রেসক্লাবের সামনে এসে কোন প্রকার সভা সমাবেশ বা গণজমায়েত করতে না দেয়ার কড়াকড়ি নির্দেশনা দেন। এর ফলে যুবদলের নেতাকর্মীরা চাষাড়া রেল লাইনের সামনে গিয়ে জড়ো হয়।
বিক্ষোভে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ- সভাপতি ইসমাইল খান, দেলোয়ার হোসেন, আফজাল কবির, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সহসম্পাদক সেলিম হোসেন দিপু, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, বন্দর থানা যুবদল নেতা মহিউদ্দিন শিশির, সম্রাট হাসান সুজনসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।


