ছাত্রদল সভাপতি রনির বহিস্কারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তুলিকা দাহ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৩:১৩ পিএম
স্বজনপ্রীতি ও অর্থ বানিজ্যসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বহিস্কার দাবিতে বিক্ষোভ করেছে ফতুল্লা থানা ছাত্রদল।
বুধবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে পুলিশের বাধার মুখে আধ ঘন্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচী পালন করেন শতাধিক নেতা-কর্মী। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে রনির কুশ পুত্তুলিকা দাহ করে তার বহিস্কার দাবি করেন।
তাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতির পদ পাওয়ার পর থেকেই মশিউর রহমান রনি স্বেচ্ছাচারিতাসহ অর্থের বিনিময়ে বিবাহিত, মাদকাসক্ত এবং অছাত্র ব্যক্তিদের দলের থানা ও ইউনিয়ন কমিটিগুলোতে স্থান করে দিয়ে নানাভাবে বিতর্কিত হয়েছেন।
সরকারি দলের সাথে আঁতাত করে রাজনীতি করাসহ নিজ দলের ত্যাগী নেতা-কর্মীদের নানাভাবে বঞ্চিত করে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছেন তিনি।
রনির এসব অনৈতিক কর্মকান্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দাবি করে অবিলম্বে তাকে দল থেকে বহিস্কার করা প্রয়োজন বলে মনে করছেন নেতা-কর্মীরা।
রনিকে সরকারি দলের দালাল হিসেবে আখ্যা দিয়ে ফতুল্লা থানা আহবায়ক কমিটি ভেঙ্গে দেয়ারও দাবি করেন তারা। সমাবেশ শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা নগরীর বংঙ্গবন্ধ সড়কে বিক্ষোভ মিছিল করেন।


