যুবদলনেতা স্বপনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৭:৪১ পিএম
রূপগঞ্জ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ।
শুক্রবার ( ৬ নভেম্বর ) বিকেলে ঢাকা - নারায়ণগঞ্জ লিংক রোডে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফ ভূইয়া’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা ।
এসময়ে বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা ।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন,সদস্য মোফাজ্জল হোসেন হিমেল, যুবনেতা আপেল,এমদাদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সেচ্ছাসেবক দলের নেতা জানে আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান,সোনারগাঁও থানা ছাত্রদল নেতা মো. ফয়সাল প্রধান,রবিউল প্রধান,রাফিউল ইসলাম মামুন প্রমুুখ।
এর বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে সহিদুর রহমান স্বপনকে প্রধান আসামী করে ১০১ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমেদ, জেলা যুবদল যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সজীব, নারায়ণগঞ্জ যুবদল নেতা দুলাল, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনির নাম উল্লেখ্য করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর প্ররাচনায় বিদেশে অবস্থানরত তাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে শলা পরামর্শ করিতেছে । গোপন সংবাদে এমন খবর পেয়ে অভিযান চালায় ভুলতা ফাঁড়ির পুলিশ।
Attachments area


