Logo
Logo
×

রাজনীতি

নতুন নেতৃত্ব বিকাশে সহনশীল ছাত্র-রাজনীতির প্রয়োজন (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১১:৫৯ এএম

নতুন নেতৃত্ব বিকাশে সহনশীল ছাত্র-রাজনীতির প্রয়োজন (ভিডিও)
Swapno

নতুন নেতৃত্ব তৈরী এবং বিকাশের জন্য সহনশীল ছাত্র-রাজনীতির খুবই প্রয়োজন বলে মনে করেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু এবং মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

 

বুধবার (২৮ অক্টোবর) যুগের চিন্তা’র আয়োজনে সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটমের সঞ্চালনায় অনুষ্ঠিত ফেসবুক লাইভ টকশো ‘হ্যালো নারায়ণগঞ্জ’এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এধরণের অভিমত পোষণ করেন এই দুই রাজনীতিবিদ। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘ক্ষমতা এবং ছাত্র রাজনীতি।’

 

ছাত্র রাজনীতি সম্পর্কে কথা বলতে গিয়ে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ’৬০ দশক থেকে ’৭০ দশকের ছাত্র রাজনীতি ছিল দেশমাতৃকার জন্য, স্বাধীকার আন্দোলনের জন্য।

 

তখন যে চারটা বিশ্ববিদ্যালয় ছিল সেখান থেকে নেতৃত্বের বিকাশের জন্য ছাত্রদের তৈরী করা হতো। সেই রাজনীতিতে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ নেতৃত্ব বিকাশের জন্য কাজ করেছে। ছাত্রদের মাঝখান থেকে নির্বাচনের মাধ্যমে ছাত্র-সংগঠন তৈরী করা হতো।

 

তিনি বলেন, তখন ভোট এবং ভোটের অধিকার ছিল বলেই আমরা এখানে এসে রাজনীতি করতে পারছি। বর্তমানে কোন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নতুন রাজনীতিক আসছে না।

 

তিনি বলেন, জাতীয় রাজনীতিতে আজ ভোটের কোন অধিকার নেই। ভোটের অধিকার থাকলে ইউনিয়ণ পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নিরপেক্ষ নির্বাচন হতো। তা হলে এখানে ছাত্র রাজনীতি থেকে আসা প্রাক্তন ছাত্ররাই নেতৃত্বে উঠে আসতো।

 

তিনি বলেন, হাই ব্রীড কখন সৃষ্টি হয়। যখন কোন স্পেস পাবে তখনই হাইব্রীডের সৃষ্টি হয়। এখন আমরা অসহায় হয়ে যাওয়ায় রাজনীতিক নামধারীরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে। সরকারের নীতিনির্ধারকদের এটা অনুধাবন করতে হবে বলে তিনি মনে করেন।

 

বর্তমান বিএনপি’র কর্মসূচীর বিষয়ে তিনি বলেন, আমরা স্পেসটা কীভাবে নিব। ’৯১ ’৯২ ও ’৯৩ য়েল সময় ছাত্রলীগ যেভাবে বঙ্গবন্ধু সড়কে মিছিল করেছে তখন বিএনপি বাধা দেয়নি, পুলিশ তখন তাদের পাহারা দিয়ে নিয়ে এসেছে।

 

তিনি বলেন, তোলারাম কলেজের নির্বাচন নিরপেক্ষ হয়েছিল বলেই ছাত্রলীগ নির্বাচিত হতে পেরেছে। তখন বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও ছাত্রলীগ নির্বাচিত হয়েছে।

 

তার মতে, বর্তমানে শাসক দলের অগ্রনী ভূমিকা পালন করতেছে আমলারা ও পুলিশ প্রশাসন। রাজনৈতিকদের কাজ রাজনীতিবিদরা করতে পারছে না। তাই রাজনীতির নীতি এবং সম্মান বজায় রাখা সম্ভব হচ্ছে না।

 

এ সময় মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, বঙ্গবন্ধুর ছাত্রলীগের রাজনীতির মূল ধারার ধারক ও বাহক ছিলাম আমরা।

 

তিনি বলেন, শামীম ভাই ভিপি হবার পর যখন বাদল-হেলাল পরিষদের কাছে নেতৃত্ব দিলেন, তখন থেকে আমরা অনেক তৎপরতা অনেক মান সম্পন্ন কাজের মাধ্যমে একটা জায়গা করে নিয়েছিলাম।

 

তিনি বলেন, বিএনপি’র যারা ছাত্র-রাজনীতি করতেন, তাদের সাথেও আমাদের অনেক ভাল সম্পর্ক ছিল। এখনকার ছাত্র রাজনীতিতে যদি কেন্দ্র থেকে একটি দৃষ্টি থাকে তাহলে তারাও অনেক সুশৃঙ্খল থাকবে।

 

এখনকার রাজনীতিতে দলের কলেবর বড় হওয়ার কারণে নেতৃত্বের লোকের সংখ্যা অনেক থাকায় তাদের ইতিহাস যাচাই বাছাই করা অনেক টাফ হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এখনকার কমিটিতে তাদের সার্ভে করা সহজ হয় না। এখানে শুধু ছাত্রলীগই নয় ছাত্রলীগ নামধারীও অনেকে আছেন যারা ছাত্রলীগের নাম ব্যবহার করছে।

 

জাকিরুল আলম হেলাল বলেন, ’৯১ ’৯২তে আমাদের মিছিলের যে জনপ্রিয়তা ছিল তখন পুলিশের ক্ষমতা ছিল না আমাদের বাধা দেয়ার। বিএনপি’র ক্ষমতা ছিল না আমাদের মিছিল টা আটকায়। আপনাদের তখনকার ছাত্র সংগঠন খুবই দুর্বল ছিল।

 

তিনি বলেন, তারপরও তখন অস্ত্র নিয়ে তারা আমাদের কলেজে প্রবেশ করেছে। তিনি বলেন, সারা বাংলাদেশে তিনটি জায়গা তখন শেখ হাসিনা জন্য নিরাপদ ছিল। একটা ডাকসু, দ্বিতীয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও তৃতীয় তোলারাম কলেজ।

 

তিনি বলেন, ’৯১তে তোলারাম কলেজের নির্বাচনের সময় নারায়ণগঞ্জের পাঁচটি এমপি ছিলেন বিএনপি’র। আমাদের ইলেকশনের প্রচারে বাধা দিয়েছে। আমরা লুকিয়ে ভোট চেয়েছি।

 

তখন প্রশাসনের নির্দেশে রেজাল্টা উল্টাটে পারেনি বিধায় ম্যাজিস্ট্রেট বিজন কুমার বসুকে ট্রান্সফার করে দিয়েছে।

 

তিনি বলেন, গোলাম সারওয়ার যে কত জনপ্রিয় ছিল তা আমিও জানতাম না। মানুষ যখন তার কথা বলে চোখের পানি ছাড়ে তখন আমি বুঝতে পারলাম। তাকে আমরা বাবার আসনে বসিয়েছি। আমরা সারওয়ার ভাইকে বাবার চেয়ে কোন অংশে কম অনুভব করি না।

 

তরুন রাজনৈতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সুন্দরের জন্য ও সম্পর্ক বৃদ্ধির জন্য রাজনীতি করো এবং মানুষকে ভালবাসার জন্য রাজনীতি করো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন