লংমার্চে হমলার প্রতিবাদের ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৭:২১ পিএম
ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চে ফেনীতে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সাকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও পরে শহরে এ মিছিলের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি সরদার, জেলার সংগঠক ফয়সাল আহাম্মেদ রাতুল প্রমুখ।
বক্তারা বলেন, ঘরে বাইরে সর্বত্র নারী ও শিশুর উপর সহিংসতা চলছে। করোনা মহামারি থেকে চলছে ধর্ষণের মহামারি। ধর্ষকদের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে।
ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা থেকে নোয়াখালী ১৬- ১৭ অক্টোবরের শান্তিপূর্ণ লংমার্চে ফেনীতে সন্ত্রাসীরা হামলা করে। আহত হয় ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনের লংমার্চে অংশ নেয়া অর্ধশত নেতা কর্মী। একইভাবে দাগনভূঞায় লংমার্চকারীদের স্বাগত জানানোর জন্য অপেক্ষমান বাসদ নেতা কর্মীদের উপরও হামলা করে। বাসদ নেতা অর্জুন দাস গুরুতর আহত হয়।
একই সাথে নেতৃবৃন্দ ১৯ অক্টোবর পাটকল রক্ষার আন্দোলনে খুলনায় পুলিশি হামলার নিন্দা এবং বাসদ নেতা জর্নাদন দত্ত নান্টুসহ ১৪ জন গ্রেফতারকৃত নেতা-কর্মীর মুক্তির দাবি করেন।


