ভেঙে দেওয়া হচ্ছে না’গঞ্জসহ বিএনপির ১১ মহানগর কমিটি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৭:৩৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নারায়ণগঞ্জসহ দেশের ১১টি মহানগর কমিটি ভেঙে দেওয়া হচ্ছে বলে জানাগেছে। এরপর সবগুলোতেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
খুব শিগগিরই এসব কমিটি ভেঙে দেওয়া হবে। মহানগর কমিটি গুলো আরও শক্তিশালী করতেই সেগুলো ঢেলে সাজানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করে কাউন্সিলের মাধ্যমে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি হবে। কমিটিতে একঝাঁক নতুন মুখ আসবে বলে বিএনপির নীতি-নির্ধারক পর্যায়ের একাধিক সদস্য এ তথ্য জানিয়েছেন।
দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, দেশের মহানগর বিএনপির নেতাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠক শুরু করেছেন।
এর মধ্যে চট্টগাম ও বরিশাল মহানগরের নেতাদের সঙ্গে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপিতে বৈঠক করেছেন। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জসহ অন্য মহানগর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এভাবে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জসহ খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ বলেন, কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া । এরই মধ্যে তৃণমূলের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মহানগর কমিটি গঠন করা হবে।
এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, কমিটি ভেঙ্গে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাদের বর্তমান কমিটির মেয়াদকাল তিন বছর। ২০১৯ সালের ৩০শে অক্টোবর আমাদের পূনার্ঙ্গ কমিটি অনুমোদন করা হয়। সুতারাং এই কমিটির মেয়াদ তিন বছর । এর আগে এই কমিটি ভাঙ্গে না।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ই ফেব্রুয়ারিতে এড. আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।
পরে ২০১৯ সালের ৩০শে অক্টোবর ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু বিগত সময়ে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে ব্যর্থ হয়েছেন সভাপতি এড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল।
দলীয় কর্মসূচি পালনে করতে রাজপথে তেমন একটা দেখা যায়নি তাদের দুজনকেই। বর্তমানে অসুস্থ অবস্থায় বাসায় আছেন সভাপতি এড. আবুল কালাম আর সাধারন সম্পাদক এটিএম কামাল দূর প্রবাস আমেরিকায় রয়েছেন বলে জানাগেছে।


