Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ ছাত্রদলে দাবানাল

Icon

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:১০ পিএম

না.গঞ্জ ছাত্রদলে দাবানাল
Swapno

মহানগর ছাত্রদলের আওতায় ঘোষণা করা হয়েছে ৬টি ইউনিট কমিটি। তবে, অর্থ বাণিজ্যের মাধ্যমে ঘোষিত এই কমিটিতে জায়গা হয়েছে মাদক ব্যবসায়ী, বিবাহিত ও গার্মেন্টস কর্মীদের।

আর এই বাণিজ্যের সাথে জড়িত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ ও সেক্রেটারী মমিনুর রহমান বাবু।

এমন অভিযোগ তুলেছে খোদ মহানগর ছাত্র দলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন। এছাড়াও জেলা মশিউর রহমান রনি, সাহেদ ও মমিনুর রহমান বাবুর বিরুদ্ধে শহরে ঝাড়ু মিছিল করেছে সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মী।
 
গতকাল বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে ঝাড়ু মিছিল ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ রনি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান রাব্বী, মাহবুবুর রহমান, আব্দুল্লা আল জিহাদ প্রমূখ।   
 
এদিকে, ইউনিট কমিটি গঠনে মহানগর ছাত্রদলের কোনো নেতা কার কাছ থেকে কত টাকা নিয়েছেন বা কতটাকা বাণিজ্য করেছেন- এমন প্রশ্নের জবাবে মহানগর ছাত্র দলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘সার্বিক বিষয় পর্যবেক্ষন করে দেখুন, এই ইউনিট কমিটিগুলোতে কারা ঠাঁই পেয়েছেন।

সিদ্ধিরগঞ্জের সদস্য সচিব করা হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজুকে। নারায়ণগঞ্জ কলেজের আহবায়ক করা হয়েছে রাসেলকে, যিনি ছাত্রই নন। সদর থানায় কাজী নাহিদুল ইসলাম সাদ্দামকে আহবায়ক করা হয়েছে। যাদের কোনো অ্যক্টিভিটিসই নেই।

বিবাহিতদের দায়িত্ব দেয়া হয়েছে। এরা কিভাবে নেতৃত্বে আসলো। ছাত্রদলের যৌক্তিকতা তাহলে কী? নেতৃত্ব দেয়ার মত যোগ্য ব্যক্তি থাকা সত্বেও তাদেরকে কেন কমিটিতে আনা হলো না? এর কারণ তাহলে কী? মহানগর ছাত্রদলের কমিটি যারা গুছিয়েছেন, তারা মোটা অংকের টাকার বিনিময়ে বাণিজ্য করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না।’ 
 
তিনি আরো বলেন- করোনাকালিন সময়ে সভাপতি সাহেদ ত্রাণ দেয়ার নাম করে রাসেলের কাছ থেকে ১০০ লিটার সয়াবিন তৈল নিয়েছে। এভাবে তারা বিভিন্ন ফন্দি এটে টাকা খাওয়ার পর তাদেরকে কমিটিতে জায়গা দিয়েছেন।
 
নির্দিষ্ট অর্থ বাণিজ্য বা এর প্রমাণাদী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- অর্থ লেনদেন প্রকাশ্যে হয় না। পর্দার আড়ালে বাণিজ্য হয়েছে বলেই অযোগ্যদের দিয়ে কমিটি করা হয়েছে। 
 
মহানগর ছাত্রদলের ইউনিট কমিটির বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির প্রতি অভিযোগের কারণ জানতে চাইলে তিনি বলেন- ‘তোলারাম কলেজ ইউনিটে আতাই রাব্বীকে আহবায়ক করা হয়েছে আর বন্দরে সাকিব রাইয়্যানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে, তারা সরাসরি রনির লোক। দলের জন্য তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। তারা রনির হয়ে কাজ করে।

রনির সথে তাদের সক্ষতা। তাই রনি টাকা খেয়ে তাদেরকে কমিটিতে আনার জন্য মহানগর ছাত্রদলের সভাপতি সেক্রেটারীকে ম্যানেজ করেছে। এটা আদর্শিক কোনো কমিটি হয়নি, বাণিজ্যিক কমিটি হয়েছে। রনি, সাহেদ ও বাবু মিলে এই বাণিজ্য করেছে।’
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘আমরা কেন্দ্রে অভিযোগ দেব। এই ৬ কমিটি বিলুপ্ত না হলে আমাদের আন্দোলন চলবে। আমি আমার জন্য নয়, দলের জন্য এবং বঞ্চিত কর্মীদের জন্য অন্যায়ের প্রতিবাদ করে যাব।’ 
 
মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রছি দৈনিক যুগের চিন্তাকে বলেন- ‘কমিটিতে যাদের জায়গা হয়েছে, তারা অছাত্র, মাদক মামলার আসামী, বিবাহিত এবং গার্মেন্টস কর্মী। তারা কিভাবে দায়িত্বে আসলো। মূলত রনি, সাহেদ ও বাবুর অর্থ বাণিজ্যের মাধ্যমে তাদের মত অযোগ্যদের দায়িত্ব দেয়া হয়েছে।

বাণিজ্যের কোনো প্রমাণ আছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন- ‘আমাদের কাছে যা প্রমাণ আছে, আমরা তা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের হাতে দেব।’ 
 
এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু দৈনিক যুগের চিন্তাকে বলেন- ‘বাণিজ্যের অভিযোগ ভুয়া। আমার পক্ষ থেকে আমি কোনো লেনদেনে জড়াইনি। অন্যকারো বিষয়ে বলতে পারছি না।’ 
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কেন্দ্রে একটি খসড়া পাঠিয়েছিলাম। কিন্তু কেন্দ্র পরবর্তীতে তাদের ইচ্ছে মত কমিটি গুছিয়েছেন। কেন্দ্রের সাথে বনিবনা হয়নি, কাটচিট হয়েছে। আর খসরাতে বিতর্কিত যারা ছিলেন, তাদের বিষয়ে আগে অবগত ছিলাম না।

এখন জানতে পেরেছি। আর ওই ছয় কমিটির অনুমোদন যদিও মহানগর ছাত্রদলের প্যাডে হয়েছে, কিন্তু সেখানে আমাদের বা কেন্দ্রের কারো কোন সাক্ষর ছিলো না। শুধু প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রের সহ-দপ্তর সম্পাদক সোহেল এর স্বাক্ষর ছিলো। 
 
এই অবস্থাতে বিতর্কিত ৬ কমিটিকে সমর্থন করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ কেন্দ্র যেহেতু সিদ্ধান্ত দিয়েছে, সেহেতু কি করার আছে। আমাদেরতো চেইন অব কমান্ড মেনে চলতে হয়।’ 
 
মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
 
এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি দৈনিক যুগের চিন্তাকে বলেন- ‘যারা বলছে আমি টাকা খেয়ে ইউনিট কমিটিতে অযোগ্যদের নেতৃত্বে এনেছি, তারাই কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে চলে। অর্থাৎ আমি দিতে পছন্দ করি, নিতে নয়। আর এই কমিটিতে যারা এসেছেন, তারা সকলেই যোগ্য। একজনও অযোগ্য নেই।’ 
 
কমিটিতে মাদক মামলার আসামী, অছাত্র ও বিবাহিতদের নেতৃত্বে আনার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন- ‘যারা অভিযোগ করছে, তারা নিজেরাই মাদক বিক্রি করে। তারা মাদকের সাথে জড়িত। আর কোন অভিযোগ থাকলে সেটা মহানগরের বিষয়, আমি জেলার নেতা, এখানে আমার কি আছে।’  
 
তবে, মহানগরের কে মাদক ব্যবসায়ী তা নির্দিষ্ট করে বলতে বলা হলে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।    
 
উল্লেখ্য, জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণার পরও তা বিতর্কিত উল্লেখ করে ক্ষোভে ফুঁসে উঠেছিল ছাত্রদলের বৃহৎ একটি অংশ। একই সাথে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির বিরোধীতা করে ঝাড়ু জুতো নিয়ে বিক্ষোভ মিছিল এবং কুশপুত্তলিকাদাহ করার ঘটনাও ঘটে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন