Logo
Logo
×

রাজনীতি

পাঁচ লাখ টাকায় জেলা ছাত্রলীগের সভাপতি!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম

পাঁচ লাখ টাকায় জেলা ছাত্রলীগের সভাপতি!
Swapno

পাঁচ লাখ টাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির পদ বাগিয়ে নেওয়া হয়েছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার।

রোববার শহরের দুই নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিনিধি সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আড়াইহাজার উপজেলার সন্তান আজিজুর রহমান আজিজ। আর মুজাহিদুর রহমান হেলো সরকার একই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাংসদ নজরুল ইসলাম বাবুর অনুসারি। এর পূর্বে তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী অনুগামী।

রোববার বিকেলে ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুজাহিদুর রহমান হেলো সরকার বলেন, বালাংদেশ ছাত্রলীগ, আদর্শ লালন পালনের মধ্য দিয়ে যে ছাত্রলীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, সেই ছাত্রলীগ আজ নাই।

আজকে ছাত্রলীগের সভাপতি হইতে, পাঁচ লক্ষ ট্যাকা দিলেই হয়। কয়, ভাই আমারে ছাত্রলীগের সভাপতি বানাইয়া দিবেন, আপনে জেলার নেতা, আপনেরে পাঁচ লক্ষ টাকা দিমু, সে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি।

পাঁচ লক্ষ টাকা কইত্তে দেয়! আর যে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করবে সে কয় লক্ষ ট্যাকা কামাই করবে? সে সংগঠন শেখ রাসেলের না। আমাদের সংগঠনের মধ্য দিয়ে কামাই করার, রুজি করার কোনো সুযোগ নাই।

এদিকে হেলো সরকার তার বক্তব্যে কারো নাম উল্লেখ না করলেও তিনি ‘সে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি’ উচ্চারণ করাতে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজকেই বুঝিয়েছেন বলেই ধরে নিচ্ছে সবাই। অর্থাৎ তার বক্তব্য অনুপাতে, আজিজুর রহমান পাঁচ লক্ষ টাকার বিনিময়ে জেলা ছাত্রলীগের সভাপতি পদ বাগিয়েছেন!

তবে, এ বক্তব্য সম্পর্কে গতকাল মুজাহিদুর রহমান হেলো সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নিয়ে বলি নাই’ বলে দাবি করেন। তবে, এরপরই তিনি বলেন, “আমি ফরিদপুর ছাত্রলীগের কথা বলছি।

তাছাড়া নারায়ণগঞ্জ শব্দ কোথাও উল্লেখ করি নাই। বলেছি এই জেলা। কিন্তু এটা লেখার কি হইলো। এটা লেইখেন না। এইটা লেইখা কি আপনে আমারে ছাত্রলীগের শত্রু বানাইয়া দিতে চান? আর যদি কথাটা বলেই থাকি তবে, সেটা স্লিপ অব টাং। এটা লেখার কিছু নাই।”

এদিকে এই প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন, “মুজাহিদুর রহমান হেলো সরকার আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা। তার কাছ থেকে এমন মন্তব্য অপ্রত্যাশিত।

তবে, আমার মনে হয় তিনি এই কথাটি ভুলেই বলে ফেলেছেন। আশা করি তিনি তার ভুল শুধরে নিবেন। তাছাড়া ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া একটি সংগঠন। এই সংগঠনে কখনো আর্থিক লেনদেনে পদপদবী পাওয়া যায় না, দেওয়াও হয় না।”
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন