গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে গঠন করা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আদালতের স্থগিতাদেশ অমান্য করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির স্থগিতাদেশ চেয়ে মামলা করার বাদী বিএনপি নেতা গোলজার হোসেন খান ও নূরে আলম। তারা অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও দলটির সভাপতিসহ অন্যান্যরা সে আদেশ মানছেন না।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেন খান ও একই ওয়ার্ডের সাবেক নিরক্ষরতা দূরীকরণ সম্পাদক নুরে আলম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সব ধরনের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন আদালত। গত বছরের ২৮ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ দ্বিতীয় সহকারী জজ আদালতের বিচারক শিউলি রানী সরকার এ স্থগিতের আদেশ দেন। যা এখনও বহাল রয়েছে। ওই বছরের ১৩ নভেম্বরে তারা মামলাটি করেন।
শনিবার মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে এ তথ্য জানান। তিনি বলেন, এ মামলাটি হওয়ার পর আদালত যে স্থগিতাদেশে দিয়েছিল সেটিই এখনও বহাল আছে। মামলার কয়েকবার শুনানী হয়েছে। সামনে আবার শুনানীর দিন ধার্য করা হয়েছে।
মামলার বাদীদ্বয়ের একজন গোলজার হোসেন খান জানান, এ মামলায় মহানগর বিএনপির কার্যক্রমের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল সেটি এখনও বহাল আছে। এরপর করোনাকালীন সময়ে আদালত বন্ধ থাকার কারণে এ মামলার কার্যক্রমও বন্ধ ছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের স্থগিতাদেশ থাকার পরও মহানগর বিএনপি আইন বর্হিভূতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এড. আবু বক্কর সিদ্দিক জানান, মামালার স্থগিতাদেশ এখনও বহাল আছে। এ মাসের ২০তারিখ আদালত এ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন।
মামলার আসামি করা হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্রীয় বিএনপি'র সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দেন। যা সম্পূর্ণ গঠনতন্ত্র লঙ্ঘন করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আলাদা আলাদাভাবে গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। মহানগর কমিটির আওতায় নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের একাংশ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের কোন নেতাকর্মীকে ওই কমিটিতে স্থান দেয়া হয়নি। অথচ মহানগর কমিটিতে জেলা কমিটির আওতাধীন এলাকার নেতাকর্মীদের পদ দেয়া হয়েছে। যা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী।
মামলায় আরও অভিযোগ করা হয়, গঠনতন্ত্র না মেনে সম্পূর্ণ বেআইনিভাবে কমিটি তৈরি করে কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম এর অনুমোদন নিয়েছেন। তাই এই অবৈধ কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন ওই দুই নেতা।
গত ১৯ নভেম্বর মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আদালতে হাজির হয়ে সময় আবেদন করেন। আগামী ১৬ জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন। কিন্তু ২০ নভেম্বর মামলার দুই বাদী অন্তর্বতী সময়ের জন্য সংগঠনের কার্যক্রমের স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই পক্ষের শুনানি শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। একই সাথে আদালত মামলাটি আমলে নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এ টিএম কামালকে সাত কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য নোটিশ দেন।


