তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক এবং সাবেক এমপি গিয়াসউদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রেখে ৫১ সদস্য বিশিষ্ট খসড়া আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার এই কমিটি জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে, এর বাইরে আরও একটি কমিটি জমা হতে পারে বলেও সূত্র জানিয়েছে।
তবে, কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতারা সঙ্গে এ প্রসঙ্গে জানতে চাইলেও তারা বিষয়টি নিশ্চিত করেননি। কেবল জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
এদিন সিদ্ধান্ত হবে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে কিনা। যদি সময় বর্ধিত করা না হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “কমিটি গঠনের জন্য আমরা রেডি। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়ে উঠেনি। ১৫ আগস্ট পর্যন্ত আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
এখন সে সময় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখন সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই আমরা কমিটি দিয়ে দেব।”
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, “কবে নাগাদ কমিটি হবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তাছাড়া এখনতো আমাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে, এই পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে, এবার নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি করা হবে।”
প্রসঙ্গত, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামান মনির ও মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র।
এর দুই বছর পর ২০১৯ সালের ২৭ মার্চ ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দলটির দফতর সম্পাদক বেলাল আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই কমিটির খবর জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও মামুন মাহমুদের ব্যর্থতার কারণে পূর্ব কোনো নোটিশ না করেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার তিন বছর পর্যন্ত তারা তৃণমূলকে একাট্টা করতে না পারলেও ব্যক্তি স্বার্থে জেলা বিএনপিকে কয়েক ভাগে বিভক্ত করে। এছাড়াও কোনো কর্মসূচিও তারা ঠিকমত পালন করতে পারেনি।
যা রাজনৈতিক অপরিপক্বতা। কেন্দ্রীয় বিএনপির কাছে এমন আরও নানা অভিযোগ জমা হতে থাকে। পরবর্তীতে দলের হাই কমান্ডের নির্দেশে জেলা বিএনপিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর সময় পেরিয়েছে ৬ মাস। এরমধ্যে করোনা পরিস্থিতিও ভয়াবহ রূপ ধারণ করে। ফলশ্রুতিতে নতুন করে কমিটি গঠন প্রক্রিয়াও থমকে যায়।
বলা হয়েছিল ১৫ আগস্ট পর্যন্ত বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে। এরপরই কমিটি গঠন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই স্থগিতাদেশ আরও এক মাস বৃদ্ধি করায় কমিটি গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়।


