Logo
Logo
×

রাজনীতি

পাল্টে যাচ্ছে না.গঞ্জ বিএনপির রূপরেখা

Icon

সীমান্ত প্রধান

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৮:১৮ পিএম

পাল্টে যাচ্ছে না.গঞ্জ বিএনপির রূপরেখা
Swapno

বদলে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপির রূপরেখা। বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে কেন্দ্রীয় বিএনপি এই সিদ্ধান্ত  গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। অল্প কিছুদিনের মধ্যে গঠন হতে যাওয়া জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠনের মধ্য দিয়ে এই পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হবে বলে সূত্র জানিয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ বিএনপির জেলা ও মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে নতুন সীমানা নির্ধারণ করা হচ্ছে। এ বিষয়টি কেন্দ্র প্রায় নিশ্চিত করে রেখেছে। কমিটি গঠনের ক্ষেত্রে পূর্বের রূপরেখা অনুযায়ে জেলা বিএনপির কমিটিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা তথা সিটি করপোরেশনের দশটি ওয়ার্ড অন্তর্ভূক্ত থাকলেও এবার তা মহানগরের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

আর মহানগর কমিটির সঙ্গে যুক্ত থাকা বন্দরের পাঁচটি এবং সদর উপজেলার দুটি ইউনিয়নকে জেলার সঙ্গে যুক্ত করা হচ্ছে। গঠন হতে যাওয়া আগামী কমিটির জন্য এমন রূরেখাই কেন্দ্র থেকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে, এই রূপরেখার পিছনে দারুণ রকমের শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে কেবল মাত্র একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে এই পরিবর্তন আনা হচ্ছে। এর পিছনে অন্যতম ব্যক্তি হচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এই দুই নেতাসহ কেন্দ্রীয় বিএনপির আরও কয়েকজন এই রূপরেখার পক্ষে রয়েছেন। তারা মূলত নারায়ণগঞ্জের নজরুল ইসলাম আজাদ, শাহ আলম, আজহারুল ইসলাম মান্নান, মামুন মাহমুদকে সুবিধা দিতে এই পরিবর্তন আনতে যাচ্ছে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে থাকা আজহারুল ইসলাম মান্নান এবং মামুন মাহমুদের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এই দুই ব্যক্তির দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন কেন্দ্রীয় এই নেতা। যারমধ্যে আজহারুল ইসলাম মান্নান এখনও তাকে সুবিধা দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ জেলা ছাত্রদলের কমিটিতে মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করার ক্ষেত্রে মূল সহায়ক ছিলেন মহাসচিব। মূলত তার কল্যাণেই ওয়ার্ড, ইউনিয়ন বা থানা ছাত্রদলের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা না থাকলেও সরাসরি জেলার সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন সজীব। কথিত রয়েছে এই পদের জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন আজহারুল ইসলাম মান্নান।

অন্যদিকে মামুন মাহমুদ প্রকাশ্যে বিএনপি করলেও মূলত তিনি সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের লোক ছিলেন। আর এই নূর হোসেনের কাছ থেকে মির্জা আলমগীরকে প্রায় সময় সুবিধা নিয়ে দিতেন তিনি।

এই সুবিধা প্রদানের লক্ষ্য ছিল বিএনপি ক্ষমতায় আসলেও যাতে নূর হোসেনের কোনো সমস্যা না হয়। সে হিসেবে কায়দা করে মামুন মাহমুদ তার সঙ্গে প্রায় সময় নূর হোসেনের ভাই নূর মোহাম্মদকে সঙ্গে রাখতেন এবং দলে পদায়নও করেছিলেন।

ফলে এসব সুবিধাপ্রাপ্তির কারলে মামুন মাহমুদের সঙ্গে মহাসচিবের সম্পর্কটা এখনও অত্যন্ত ভালো। এছাড়াও নিজেরে জন্মস্থান বরিশাল অঞ্চলের লোক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গেও রয়েছে এই মামুন মাহমুদেও ঘনিষ্ঠতা।

সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপি পূর্বে ছিল নজরুল ইসলাম আজাদ, কাজী মনিরুজ্জামান ও শাহ আলমের কমিটি। ফলে এই তিন নেতার চাহিদায় এই কমিটি পরিচালিত হত, সংযোজন বিয়োজন হয়েছে। আর এবার জেলা বিএনপির যে কমিটি গঠন হতে যাচ্ছে এই কমিটি মূলত আজহারুল ইসলাম মান্নানের কমিটি।

ফলে এখানে মান্নানের চাহিদাকেই প্রাধান্য দিচ্ছেন মহাসচিব। ফলে গঠিত হতে যাওয়া এই কমিটির সভাপতি পদ নিয়ে মান্নানের কোনো আপত্তি না থাকলেও এই কমিটির সাধারণ সম্পাদক তাকেই বানাতে হবে। যা এখন পুরোপুরি চূড়ান্ত। 

এদিকে জেলা বিএনপির কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মান্নান চূড়ান্ত হওয়ার কারণে জেলা ছিটকে যাচ্ছেন মামুন মাহমুদ। কিন্তু মামুন মাহমুদকে পদে রাখতেই হবে, এই লক্ষ্য মির্জা আলমগীর ও আলালের। এই ছাড়াও মামুনকে পদে রাখার পিছনে সব থেকে বড় স্বার্থ জড়িত নজরুল ইসলাম আজাদ ও শাহ আলমের।

তাই মামুনকে পদে রাখার জন্য এবং সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে কৌশলে আটকানোর জন্য জেলা বিএনপির পরিধিতে পরিবর্তন এনে সিদ্ধিরগঞ্জ অংশকে মহানগরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। যাতে করে মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মামুনকে রাখা যায়। এবং জেলাতে যাতে গিয়াসউদ্দিনের কোনো প্রভাব না থাকে।

কেননা, জেলার রাজনীতির নিয়ন্ত্রক হবেন নজরুল ইসলাম আজাদ ও শাহ আলম। ফলে গিয়াসউদ্দিনের প্রভাব জেলায় থাকলে এই দুই নেতার প্রভাব খর্ব হবে। ফলে এসব স্বার্থ রক্ষার্থে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রূপরেখার পরিবর্তন আনা হচ্ছে। সুতরাং এই রূপরেখায় জেলায় আজহারুল ইসলাম মান্নান এবং মহানগরে মামুন মাহমুদ সাধারণ সম্পাদক হচ্ছেন, এটাই চূড়ান্ত।

 জেলা এবং মহানগর বিএনপির রূপরেখা পরিবর্তন প্রসঙ্গে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন, “এ ব্যাপারে আমি জানি না। তবে, মামলা মোকাদ্দমা এখন বিএনপির মধ্যে ঢুকে গেছেতো তাই হয়তো বিএনপি এ ব্যাপারটা নিয়ে এভাবেই চিন্তা করতেছে। তবে, এ ব্যাপারে ডিটেইল আমার সঙ্গে কারো আলোচনা হয়নি, আমিও জিজ্ঞেস করি নি। তাই পুরোপুরি না জেনে ভালো মন্দ কোনো মতামত রাখতে পারছি না।”

এদিকে পরিধি পরিবর্তন প্রসঙ্গে জানা নেই মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান। তবে, ‘মহানগর এড়িয়া তথা সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ড নিয়ে মহানগর গঠিত হলেই ভালো’ বলে মমত প্রকাশ করেন তিনি।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন