জাতীয় শোক দিবস পালনে প্রস্তুত জেলা ও মহানগর আ’লীগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১১:৩৪ পিএম
আসন্ন ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর একটি শোকের দিন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকান্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির জনকের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নিহত হন।
১৫ই আগস্টের জাতীয় এই শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ। ১৫ই আগস্ট সকালে কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, প্রতিটি মসজিদে বিশেষ দোয়াসহ সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং জেলার বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই দৈনিক যুগের চিন্তা’কে বলেন- “আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবছরই এই দিবসটি ব্যপক ভাবে পালন করে থাকি। তবে, এবার করোনার প্রকপের কারণে অনেক কিছুই করা যাচ্ছে না। কারণ সরকারের পক্ষ থেকেই স্বাস্থ্যবিধি মানার জন্য বারবার সচেতন করা হচ্ছে।
এই জন্য আমরা এবার সীমিত আকারে কর্মসূচী নিয়েছি। ১৫ই আগস্ট সকালে আমাদের পার্টি অফিসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করবো। এরপর থানা কমিটির নেতৃবৃন্দদের আয়োজিত অনুষ্ঠানগুলোতে অংশ নেব। তবে, তা স্বাস্থ্যবিধি মেনে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করতে বলা হয়েছে।”
মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন দৈনিক যুগের চিন্তাকে বলেন- “এটা জাতীয় কর্মসূচি। বিনম্র শ্রদ্ধাভরে তা পালিত হবে। আমাদের মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে ১৫ই আগস্ট সকালে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এছাড়াও প্রতিটি মসজিদে নামাজের পর মিলাদ ও দোয়ার ব্যবস্থা করা হবে। প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে প্রার্থণার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদেরও বলা হয়েছে, তারাও নিজ নিজ এলাকার মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করবেন। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে কাঙ্গালী ভোজের আয়োজন করার অনুমতি দেয়া হয়েছে।”


