২০০৪ সালে ফতুল্লা থানা ছাত্রলীগের একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল। ওই খসড়া কমিটি দিয়েই দীর্ঘ ১৬ বছর ধরে চলছে কমিটির কার্যক্রম। কমিটির কোনো অনুমোদন নেই বলেও গুঞ্জন রয়েছে অনেক আগে থেকেই।
এদিকে ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান তার ফেসবুক একাউন্টে ফতুল্লা থানা ছাত্রলীগের কমিটির একটি তালিকা গত রোববার পোষ্ট করেছেন।
কমিটিতে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকেই দীর্ঘ ১৬ বছরে তাদের পদ পদবী কি তা জানেন না বলে অভিযোগ উঠেছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির যে তালিকা এমএ মান্নান পোষ্ট করেছেন তা নিয়েও কমিটিতে নাম থাকা অনেকে বিরূপ মন্তব্য করেছেন।
২০০৪ সালের আগে ফতুল্লা থানা ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন বর্তমানে শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ। নতুন কমিটি নিয়ে যখন তোড়জোড় চলছিল ঠিক তখনই ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল দিক নির্দেশনায় আবু মোহাম্মদ শরীফুল হককে সভাপতি ও এমএ মান্নানকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট একটি খসড়া কমিটি করেন।
এরপর শরীফ-মান্নান ৫১ জন সদস্য নিয়ে ফতুল্লা থানা ছাত্র লীগের একটি কমিটি করেন। কেন্দ্রে শরীফ-মান্নানের কমিটির কেনো অনুমোদন নেই বলে একটি কথা চাউর রয়েছে। দীর্ঘ ১৬ বছর যাবৎ ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটিতে কারা রয়েছে তা ছিল অন্ধকারে।
গত রোববার ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নানের ফেসবুক একাউন্টে পোস্ট করা থানা ছাত্রলীগের ৫১ সদস্যের নাম সম্বলিত দুটি পৃষ্ঠার একটিতেও অনুমোদনের কোনো সীল মোহর দেখা যায়নি। এ নিয়ে খোদ কমিটিতে নাম থাকা মোশারফ হোসেন কমেন্টসে লিখেছন ‘অনুমোদন দিয়েছে ও স্বাক্ষরওয়ালা পৃষ্ঠা দিয়েন’।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফতুল্লা থানা ছাত্রলীগ বলতে শরীফ, মান্নানসহ হাতে গোনা ২/৩জনকে চিনি আমরা। কত সদস্য বিশিষ্ট কমিটি তাও আমরা জানিনা। যারা যেভাবেই কমিটিতে আছে তারা আর কতোকাল ছাত্রলীগে থাকবেন? এবার তাদের পদ ছেড়ে দেয়ার সময় হয়েছে।
অপরদিকে ফতুল্লা থানা যুবলীগের সভাপতিও এক সাথে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ফতুল্লা থানা ছাত্রলীগ ও যুবলীগের কমিটি হওয়া এখন সময়ের দাবী ।
কমিটিতে সম্পাদকের পদে থাকা খলিলুর রহমান টিটু বলেন, ২০০৪ সালে ফতুল্লা থানা ছাত্রলীগের কমিটি করা হয়। ওই কমিটিতে আমাকে রাখা হয়েছে তা জানলাম দীর্ঘ ১৬ বছর পর। কমিটিতে নাম ছিল কিনা তা নিয়ে সন্দেহ ছিল।
দীর্ঘ ষোল বছর পর ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নানের দেয়া ফেসবুক পোষ্টের মাধ্যমে তা জানতে পারলাম। তবে, তিনি আমাকে মৌখিকভাবে কমিটিতে আছি বলে জানিয়েছিলেন।
এব্যাপারে কমিটির অপর সহ সম্পাদক শরিয়ত উল্লাহ বাবু বলেন, ২০০৪ সালে যখন কমিটি করা হয় তখন আমি জেনেছিলাম ফতুল্লা থানা ছাত্রলীগের সহ সভাপতি। কিন্তু কোনো কাগজ দেখিনি। রেবাবার জানতে পারলাম মান্নান ভাই তার ফেসবুক পোষ্টে কমিটির একটি নামের তালিকা পোষ্ট করেছেন। সেই তালিকাতে সহ সভাপতির স্থানে আমার নাম নেই।
পরে জানতে পারলাম, আমাকে সহ সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর যখন জানলাম আমি কমিটিতে আছি এখন আর জেনে কি হবে! এই দীর্ঘ সময়ে কখনো কমিটির কোনো সভা হয়নি। তাছাড়া ছাত্রলীগের কমিটিতে থাকার বয়সও এখন আর নেই।
অপর একটি সূত্র জানায়, এতো বছর ইব্রাহিম খলিল বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন তিনি ফতুল্লা থানা ছাত্রলীগের সহ সভাপতি। তবে রোববার ফেসবুকে দেয়া পোস্টের মাধ্যমে জানা যায় ইব্রাহিম কমিটির আইন বিষয়ক সম্পাদক ।
এব্যাপারে ফতুল্লা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক বলেন, সাধারণ সম্পাদক এম এ মান্নান তার ফেসবুকে কি পোষ্ট করেছেন তা আমার জানা নেই। আমি যা জানিনা সে বিষয়ে মন্তব্য করাও ঠিক হবে না। তিনি জানান, ২০০৪ সালে ফতুল্লা থানা ছাত্রলীগের যে কমিটি হয়েছিল তার অনুমোদন রয়েছে।
এব্যাপারে ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান বলেন, অনুমোদনের কাগজ আমাদের কাছে আছে। ফেসবুকে যে কমিটির তালিকার ছবি পোষ্ট করা হয়েছে তা ফতুল্লা থানায় চেয়েছিল।
কমিটিতে যারা রয়েছে তাদের নামগুলো শুধু দেয়া হয়েছে। কমিটিতে যারা রয়েছে তারা তাদের পদ পদবী জানেনা বলে যে অভিযোগ উঠেছে তা অসত্য।


