Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপিতে ফের দুর্বল নেতৃত্ব!

Icon

সীমান্ত প্রধান

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৫:১৭ পিএম

জেলা বিএনপিতে ফের দুর্বল নেতৃত্ব!
Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে খবর পাওয়া গেছে। দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের পরপরই কেন্দ্র থেকে এই কমিটির ঘোষণা আসতে পারে। তবে, পূর্বেকার কমিটিগুলোর মত এ কমিটিও অর্থ ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। বলা হচ্ছে, এবার যে কমিটি আসতে যাচ্ছে, তা আজহারুল ইসলাম মান্নানের কমিটি।

সূত্র মতে, বিগত কমিটির ব্যর্থতায় কোনো রকম নোটিশ ছাড়াই জেলা বিএনপি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দলটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়। এর আগে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এর দুই বছর পর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তবে, ঘোষিত ওই কমিটি তিন বছরেও জেলাব্যাপী নিজেদের নেতৃত্বের ক্যারিশমা দেখাতে পারে নি। বরং তিন বছর অতীতের যে কোনো সময় থেকে সর্বোচ্চ ব্যর্থ কমিটির তকমা পেয়েছিল তারা। যার দরূণ নতুন কোনো কমিটি ঘোষণা ছাড়া কিংবা কোনো রকম নোটিশ ছাড়া বিনাবাক্যে জেলা কমিটি বিলুপ্ত করে দেয়। যা বিগত কমিটিতে থাকা নেতাদের জন্য চরম লজ্জার, এমন মন্তব্য করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

এদিকে কমিটি বিলুপ্ত করার পর নারায়ণগঞ্জ জেলা কমিটি নেই প্রায় পাঁচ মাস ধরে। ফলশ্রুতিতে এই অঞ্চলে দলটির অবস্থা এখন অনেকটাই ছন্নছাড়া। তবে, নতুন করে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে, যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়ে ইতোমধ্যেই নারায়ণগঞ্জে ব্যাপক বিতর্ক শোনা যাচ্ছে। অযোগ্য ব্যক্তির হাতেই কমিটির নিয়ন্ত্রণ দিতে যাচ্ছে কেন্দ্র, এমন গুঞ্জন এখন সর্বত্র। 

সূত্র জানায়, অ্যাড. তৈমূর আলম খন্দকারকে সভাপতি এবং আজহারুল ইসলাম মান্নানকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় বিএনপি। মূলত এই কমিটি গঠনের ক্ষেত্রে আজহারুল ইসলাম মান্নানই কেন্দ্রের সঙ্গে সব রকমের যোগাযোগ রেখে চলেছে। বলা হচ্ছে, এই কমিটি আনার জন্য বিপুল অঙ্কের টাকাও খরচ করছেন তিনি। তার ইচ্ছেতেই জেলা বিএনপির সভাপতি হতে যাচ্ছেন অ্যাড. তৈমূর আলম খন্দকার। 

তবে, এই কমিটি গঠন হলে জেলা বিএনপি পূর্বের অবস্থা থেকে উঠে আসতে পারবে না বলেও মন্তব্য করেছেন অনেকেই। কেননা, ইতোপূর্বে তৈমূর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি ছিলেন। বলা হয়ে থাকে, বিএনপির আজকের যে ভঙ্গুর অবস্থা এর জন্য অনেকাংশেই দায়ী তিনি। সেসময় তিনি স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে নেতৃত্বে নিয়ে এসেছিলেন। এছাড়াও তিনি দলীয় ফোরামে আলোচনা ছাড়া একক সিদ্ধান্তে যাচ্ছেতাই করেছিলেন। যার কারণে পরবর্তী কমিটি তার হাতছাড়া হয়। বলা চলে কাজী মনির, শাহ আলম, মামুন মাহমুদরা তৈমূরের কাছ থেকে জেলা বিএনপি ছিনতাই করে নিয়ে যায়। আর এই তিনজনই ছিলেন তৈমূর আলমের নিজস্ব তৈরি নেতা। 

এদিকে বর্তমানে সেই তৈমূর আলমকেই সভাপতি করা হতে পারে এমন গুঞ্জন বেশ জোড়ালো হচ্ছে। সেই সাথে সাধারণ সম্পাদক করা হবে আজহারুল ইসলাম মান্নানকে। তৈমূরকে কেউ কেউ হজম করতে পারলেও মান্নানকে কেউই মেনে নিতে পারবে না বলে তৃণমূল থেকে শোনা যাচ্ছে। কেননা, যে ব্যক্তির সাংগঠনিক কোনো দক্ষতা নেই, ন্যূনতম শিক্ষার আলো নেই, সেই ব্যক্তির নেতৃত্ব কোনোভাবেই তৃণমূল মেনে নিবে না। এতে করে দলের মধ্যে ফের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

তবে, তৃণমূল দাবি করেছে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রকম ভুল যদি কেন্দ্র করে তাহলে, এখানে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে। ফলে নতুন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরও ভাবার অনুরোধ জানিয়েছেন। তারা বলছেন, যাকেই নেতৃত্ব দেওয়া হোক না কেন, তাদের নেতৃত্বে দল যেন আরও বেশি শক্তিশালী হতে পারে সে দক্ষতা যেন তাদের থাকে। অবশ্যই সাংগঠনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে যেন নেতৃত্বে আনা হয়, এমন প্রত্যাশাই করছে তৃণমূল।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের কাছে। তিনি বলেন, যাদের কথা আপনি শুনেছেন সেটা যে সঠিক নয় তা আমি বলব না। তবে, আমার কাছে এমন কোনো তথ্য নেই। আর কেমন কমিটি চাই সে প্রশ্নে বলব, অবশ্যই আমরা ভালো, এবং পূর্বের থেকে শক্তিশালী একটি কমিটি প্রত্যাশা করি। যাদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে, দলকে শক্তিশালী করার মত যোগত্যা রয়েছে, তাদের সমন্বয়ে কমিটি গঠন হোক। বিরোধী দলের যে ভূমিকা তা পালন করার মত সক্ষম যারা, অতীতে এমন দক্ষতা যাদের আছে তাদেরকে নেতৃত্বে আনা হোক। আমরা মনে করি, জেলা বিএনপির নেতৃত্ব দেওয়ার মত অনেকেই আছেন। তাদের থেকেই বাছাই করা হোক।

অপরদিকে জেলা বিএনপির আরেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলছেন. কমিটি হবে শুনেছি। তবে সেটি আহ্বায়ক কমিটি হবে। তবে, ঈদের পর কী হবে সেটা জানি না। কারা নেতৃত্বে আসবে সেটিও জানা নেই। যদি পুরনোদের হাতেই নেতৃত্ব দেওয়া হয় তবে তো এখানে নতুন কিছু থাকলো না। সংগঠনকে গতিশীল করতে হলে নতুন, যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

রাজীব বলেন, আমরা চাই এমন নেতৃত্বকে সামনে আনা হোক যারা চ্যালেঞ্জ নিতে পারবে। আন্তরিকতা নিয়ে যারা সংগঠনকে গতিশীল তরতে কাজ করবে, তাদেরকে নেতৃত্বে আনা হোক। আর তা হলে কমিটি ভালো করতে পারবে। নতুবা অতীতে যেমন হয়েছে তেমনই হবে। তবে, কমিটি দেওয়ার এখতিয়ার কেন্দ্রের। তারাই ভালো জানেন কেমন কমিটি দিবে। তবে, আমরা চাই ভালো, সাংগঠনিক দক্ষতা রয়েছে এমন ব্যক্তিদের নেতৃত্বে আনা হোক।

এদিকে নারায়ণগঞ্জ বিএনপির সাথে সম্পৃক্ত এবং তৃণমূল পর্যায় থেকে যারা নেতৃত্ব দিয়ে আসছেন তারা বলছেন, কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রকম আবেগকে প্রশ্রয় দিলে দলটির হাল আগের থেকে আরও ভয়াবহ হবে। কেননা, ইতোপূর্বে এই দলটি যোগ্য নেতৃত্বের অভাবে খাদের কিনারে রয়েছে। এখান থেকে দলকে টেনে তুলে আনতে হবে। এ জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন