জেলা ও মহানগরে নেতৃত্ব সংকট, অকূল-পাথারে নারায়ণগঞ্জ বিএনপি
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০১:০৯ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : যোগ্য নেতৃত্বের অভাবে অকূল পাথারে নারায়ণগঞ্জ বিএনপি। জেলা ও মহানগর বিএনপিতে নেতৃত্ব দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে পারে এমন নেতার তীব্র সংকটে ভুগছে দল।
গত ২১ ফেব্রুয়ারি দুপুরে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার পর গা ছাড়াভাবে রয়েছে ওই কমিটির নেতৃবৃন্দ। এদিকে দু’দিন আগে স্ত্রীর চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব যুগ্ম সম্পাদক আবদুস সবুর খান সেন্টুর কাছে হস্তান্তর করেছেন এটিএম কামাল।
জেলা ও মহানগর বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম কমিটি দেয়ার পর থেকে অসুস্থ্য থাকায় নানা কার্যক্রমে অনুপুস্থিত থাকেন। তার অবর্তমানে সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, সাংগঠনিক আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউসার আশাসহ বেশ কয়েকজন নানা কর্মসূচি বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু কার্যত তাদের ডাকে তেমন সাড়া দেননি অন্যান্যরা।
অপরদিকে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড.সাখাওয়াত হোসেন খান কমিটি দেয়ার পরপরই আলাদা কর্মসূচি পালন করে আসছেন, কখনো মহানগর আবার কখনোবা অঙ্গ-সংগঠনের ব্যানারে। মহানগর বিএনপির আংশিক কমিটিতে আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, মনিরুল ইসলাম সজল, শওকত হাসেম শকু, নুরুউদ্দিন, হান্নান সরকারসহ বেশিরভাগ নেতাই ছিলেন অকার্যকর। পূর্ণাঙ্গ কমিটি দেয়ার পর অবস্থার উন্নতি ঘটবে এমনটি ভেবেছিল সকলেই। কিন্তু তা না হয়ে হয়েছে উল্টো। কমিটির বেশিরভাগ নেতাই দলের প্রতি আন্তরিক নন।
এদিকে সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতাদের কমিটি না রাখায় মহানগরের পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে মামলা করে দেয়ায় এই কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় আদালত। নির্জীব মহানগরের নেতারা এটাকে সুযোগ হিসেবে নিয়ে আরো নির্জীব হয়ে পড়েন। নিজেরা কোন কার্যক্রম চালাবেন তা তো দূরের কথা কেন্দ্রীয় কর্মসূচি পালন করবে এমন নেতা খুঁজে পাওযা দুষ্কর। মহানগরের যেই শ্রী তাতে এই কমিটি বিএনপির হয়ে কোন কাজে আসবে তা নিয়ে খোদ প্রশ্ন তুলছেন কমিটির অনেক নেতাই। কমিটি ভেঙে দিয়েই বা দায়িত্ব কাকে দিলে সংগঠন চাঙা হবে তাও বেশ ভাবনার বলে মানছেন কেন্দ্র।
অপরদিকে জেলা বিএনপির কমিটি নিয়ে নেতারা রয়েছে আশায়। কমিটিতে যদি প্রত্যাশা অনুযায়ী পদ পান তবেই নামবেন, তার আগে নয়, এমন চিন্তায় মশগুল নেতারা। সূত্র জানিয়েছে, বিলুপ্ত কমিটির নেতারা ধরেই নিয়েছেন তারা আসছে কমিটিতে বড় কোন পদে থাকবেননা। অধ্যাপক মামুন মাহমুদ, আযহারুল ইসলাম মান্নান, মাসুকুল ইসলাম রাজীবসহ আরো দুই-একজন চাচ্ছেন আসছে কমিটিতে যাতে তাদের প্রমোশন হয়।
একটি অংশ আশা করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬২নং উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার ডিমোশন নিয়ে জেলা বিএনপির দায়িত্ব নিক। তবে সেটির আশায় গুড়েঁবালি বলে মানছেন অন্যরা। কেউবা স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে সাংসদ বনে যাওয়া মুহাম্মদ গিয়াসউদ্দিন জেলা বিএনপির দায়িত্ব নেবেন। তবে পুরোদস্তুর রাজনীতি থেকে দীর্ঘদিন চুপ করে থাকা অনেকে চাইছেন তিনি যেন দায়িত্ব নেন জেলা বিএনপির। কমিটিতে উচ্চপদে থাকলেই কেবল দল নিয়ে ভাববেন নয়তো এড়িয়ে যাবেন এমন ভাবনায় কেন্দ্রকে ফেলতে চাইছেন নেতারা।
গিয়াস উদ্দিনকে বিএনপির তৃণমূল চাইছে ঠিক, তবে গিয়াস উদ্দিনও এই মুহূর্তে দলের হাল ধরতে লালায়িত নন। অপরদিকে তৈমূর আলম খন্দকার ৮ বছর জেলা বিএনপির দায়িত্ব পালনের তিক্ত অভিজ্ঞতা কেউ তাকে আর জেলার দায়িত্বে দেখতে চায়না। মান্নানের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে শিক্ষাগত যোগ্যতা। নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতার পাশাপাশি তাকে শিক্ষাগত যোগ্যতা নিয়েও আশপাশ থেকে প্রতিনিয়ত খোটা শুনতে হচ্ছে।
কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ থেকেও দূরে দূরে থাকছেন বিএনপি নেতারা। কারণ সদ্য বিলুপ্ত জেলা বিএনপির কমিটি আজাদেরও প্রেশক্রিপশন ছিলো বলে অভিযোগ বিএনপি নেতাদের। এটি নিয়ে কেন্দ্রও আজাদের বাহাদুরি পরখ করে দেখে ফেলেছে,তাই নতুন কমিটিতে কারা আসবেন তাতে আজাদের কোন মুরুব্বিপনা দেখতে চায়না কেন্দ্র ও তৃণমূল। রাজপুত্রের আকারে শোডাউন করে চুপ হয়ে যাওয়া দীপু ভূঁইয়াকে যে কোন দায়িত্ব দিলে তিনি থিতু হতে পারবেন সেই ভরসাও করতে পারছেননা কেন্দ্র। কমিটির তদবীর নিয়ে লন্ডনে যাওয়া মাহমুদুর রহমান সুমনকে যে আসলে জেলার কোন দায়িত্বে দিলে তিনি ভূমিকা রাখতে পারবে সেটি নিয়েও দ্বিধায় কেন্দ্র।
বিএনপি সংশ্লিষ্টদের মতে, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ রাজপথের রাজনীতি ছেড়ে এখন প্রেসরিলিজের রাজনীতিতে চলে এসেছেন। জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু তো আরেকধাপ এগিয়ে। তিনি সংগঠন তো দূরের কথা, কেতাবে আছে, গোয়ালে নেই পরিস্থিতি তৈরি করেছেন জেলা যুবদলে। জেলা স্বেচ্ছাসেবক দলের আনোয়ার সাদাত সায়েম তো প্রমাণ করে ছেড়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের কোন কর্মসূচি থাকতে পারেনা। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা মহানগর বিএনপিতে সাংগঠনিক সম্পাদক পদে আসার পর সাংগঠনিক তৎপরতা যেন ভুলেই গেছেন।
ছাত্রদলের জেলার সভাপতি মশিউর রহমান রনি তো এখন কেন্দ্র নিয়েই ব্যস্ত। জেলার পদ এখন শুধু অলঙ্করণ মাত্র। অভিযোগ আছে, তার আস্কারাতেই বিলুপ্ত জেলার সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার হামলার শিকার হন। সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব তো বাবা আযহারুল ইসলাম মান্্নানের জোরে ধরাকে সরাজ্ঞান মনে করেন।
মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ আর সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু ক্ষণে জাগেন, ক্ষণে ভ্যানিস হয়ে যান। মৎসজীবী দল, শ্রমিক দল, তাঁতী দল, মহিলা দলসহ আরো অঙ্গসংগঠনে বিএনপির নেতা আছে ভুরিভুরি, তবে তা শুধু সংখ্যায়। অলস মস্তিষ্ক দুষ্ট বুদ্ধির কারখানা এই প্রবাদকেই যেন নানা কমিটিতে পদ দখল করে রাখা নেতারা বাস্তবায়ন করে যাচ্ছেন। জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাদের বাহাদুরিতে অকূল পাথারে নারায়ণগঞ্জ বিএনপি।


