Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ বিএনপি কোমর সোজা করবে কবে

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০২:০৭ পিএম

নারায়ণগঞ্জ বিএনপি কোমর সোজা করবে কবে
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ইতিহাসের চরম সঙ্কটে বিএনপি। কোমর সোজা করে উঠে দাঁড়াতে পারছেনা। ঘুরে দাঁড়ানোর সকল পথে অবিশ্বাস্য প্রতিবন্ধকতা। বাইরের চাপ, তাপ মোকাবেলার কলা-কৌশলে ব্যর্থতার মধ্যেই নিজের ঘর গোছানোতে নেই কোনো জোরালো পদক্ষেপ। যেই তৎপরতায় নেতাকর্মীরা নতুন করে যেতে পারে বহুদুর। 

 

কেবল হতাশা আর পুরনো মানিনা শব্দেই তারা এখনও ঘুরপাকে। ঘরে মানিনা যে আওয়াজে কাঁপিয়ে তোলা হয়, রাজপথে আন্দোলন সংগ্রামে লুকোচুরির খেলায় বাহাদুরীর কোনো আলামত  চোখে দেখা মিলে না। বাস্তবিক অর্থে ঘরের বাঘ বাইরের বেড়াল যেন নারায়ণগঞ্জ বিএনপি। 

 

সে কারণে আন্দোলন সংগ্রামের সূতিকাগার নারায়ণগঞ্জে বিএনপি কোমর সোজা করে অতীতের মতো ঝাঁপিয়ে পড়তে পারে না। তবে অতীতের মতো নিজ ঘরে কিছু হলে মানি না বলেই নেতৃত্বের আনুগত্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অশুভ চর্চাকে এখনো লালন করে যাচ্ছে দিব্যি। শুধু বিএনপি নয়, যুবদল ও ছাত্রদলের কমিটির ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা হয় সব সময়। বিগত দিনে দলের বিভিন্ন কমিটিগুলোতে স্থান না পাওয়া নেতাকর্মীরা মোর্চা’ বেধে কমিটির বিপক্ষে অবস্থান নিয়ে শুরু করতেন বিদ্রোহ। 

 

নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, কমিটি নিজের পক্ষে গেলে মানি। আর নিজের মতের একটু বিপক্ষে গেলে মানি না, এই জায়গা থেকে নেতাদের বের হয়ে আসতে হবে। বিএনপি প্রায় ১৪ বছর থেকে ক্ষমতায় নেই। এত দীর্ঘ সময়েও বিএনপিতে কোন্দল না কমায়  নেতাকর্মীরা পুরোপুরি হতাশ। 

 

তারা বলছেন, নেতারা ছোটোখাটো ছাড় দিতে চান না। দলের এই সঙ্কটময় মুহূর্তে দলীয় কোন্দলকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। সবাইকে গ্রুপিং-এর বাহিরে গিয়ে দলের কথা চিন্তা করে কাজ করতে হবে।

 

গেল সপ্তাহে বিলুপ্ত করে দেয়া হয়েছে জেলা বিএনপির কমিটি। মামলার দোহাই দিয়ে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মহানগর বিএনপির কমিটির নেতারাও ছিলেন গা ছাঁড়া ভাব নিয়ে। নিষ্ক্রিয়তায় কেন্দ্র মহানগর বিএনপির কমিটিও বিলপ্ত করতে পারে এমন আশঙ্কায় নেতারা মাঠে নেমে নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে পূর্বের ন্যায় কমিটির বেশিরভাগ নেতাই নেই কর্মসূচিতে। 

 

শনিবার (২৯  ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে মহানগর বিএনপির আয়োজিত কর্মসূচিতে এই চিত্র ফুটে ওঠে। নিজেদের অনুপুস্থিতি ঢাকতে যথারীতি আগের ন্যায় পুলিশের উপর দায় দিয়ে সটকে পড়েন মহানগর বিএনপির নেতারা। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা চাষাঢ়া বালুর মাঠ ইসলাম হার্ট সেন্টারের পিছনে রেল ক্রসিংয়ের সামনে অবস্থান নেয়। 

 

অন্যদিকে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খানের নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে পারে এমন তথ্যে পুলিশের সতর্ক অবস্থান ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়।

 

তৃণমূল নেতা-কর্মীদের অনেকে নিয়ে করে জানান, মহানগরের এ দুট কর্মসূচি যদি একই স্থানে এবং সময় দুউ গ্রুপ মিলে করতো তাহলে তা আরও শক্তিশালী হতো।

 

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ফের অভিজ্ঞরাই আসছেন দলের হাল ধরতে। নারায়ণগঞ্জ বিএনপি’র অস্তিত্ব রক্ষায় যে কোন দিন ঘোষণা হতে পারে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি। আহ্বায়ক কমিটির আকার হতে পারে ৩১ বা ৪১ সদস্য বিশিষ্ট। তবে, শুরুতে সর্বোচ্চ পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করে সাত দিনের সময় বেধে দিয়ে এই পাঁচ জনের উপর বাকী ২৬ জন পূর্ণ করার দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলটির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। 

 

সূত্রমতে, গত কমিটির ব্যর্থতার কারণে ক্ষুব্ধ কেন্দ্রীয় বিএনপি। ফলে এবার কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রকম ভুলকে প্রশ্রয় দিতে চাচ্ছে না দল। সে লক্ষ্যে মাঠপর্যায়ের নেতাকর্মী তথা ৯০ দশকের ছাত্রনেতাদের মতামতকে গুরুত্ব দিয়ে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছেছে কেন্দ্রীয় কমিটি। 

 

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়। একুশের প্রভাতফেরি শেষ করে শহীদ মিনারে পুষ্পস্তবক তখনো শেষ হয়নি, এরই মাঝে খবর এলো জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। 

 

২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামানকে সভাপতি আর অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের আংশিক কমিটি দেয়া হয়েছিল। তবে এটুকু পর্যন্তই। সাংগঠনিক কার্যক্রমে নিজেদের ব্যর্থতা বারবারই ফুটে তুলেছে ওই আংশিক কমিটি। জেলা বিএনপি ওই আংশিক কমিটি পারছিলো না কেন্দ্রের দাবি অনুযায়ী কাজ করতে।

 

অপরদিকে ব্যর্থ হচ্ছিল তৃণমূলের আশাআকাঙ্খার প্রতিফলন ঘটাতে। ক্রমাগত ব্যর্থতার দরুণ ওই আংশিক কমিটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন্দ্র ও তৃণমূল। এই কমিটি বিলুপ্ত করার পর সমস্যা তৈরি হয়েছে আরেকদিকে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলার বিএনপি নেতাদের সমর্থকদের মধ্যে পদ পেতে কাঁদা ছোঁড়াছুঁড়ি করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন