যুগের চিন্তা রিপোর্ট : গত ১৪ বছরে এ জেলায় বিএনপি অনেক দুর্বল হয়েছে এবং এখনো প্রতিদিনই দুর্বল হচ্ছে। দলে নেতৃত্বের বিভাজন, মামলা, হামলা, গ্রেফতার, নির্যাতন ও কারাভোগ এবং দুঃসময়ে নেতৃত্বের পাশে না দাঁড়ানোর কারণে রাগে অভিমানে অনেক পরীক্ষিত কর্মী রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেছে।
অনেকে মামলা থেকে বাঁচতে বিদেশে পাড়ি দিয়েছে, আবার কেউ বর্তমান ক্ষমতাসীনদের চামচাবৃত্তি করে রঙ না পাল্টিয়েও টিকে আছে। এরা ইতিমধ্যেই দলে ‘নৌকা মার্কা’ ও ‘লাঙ্গল মার্কা’ বিএনপি হিসেবে চিহ্নিতও হয়ে পড়েছেন। এভাবেই সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে বিএনপি। তবে, এত কিছুর পরও এ জেলায় বিএনপি ভাঙ্গেনি। মচ্কে আছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ জেলায় উপদলীয় কোন্দল বিএনপিতে এক বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছেন। কর্মীরা চায়, রাজপথে ঐক্যবদ্ধ ভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে। কিন্তু বিধি বাম। নেতারা নানা কোন্দলে নানাভাবে বিভক্ত। এর মধ্যে রয়েছে মনোনয়ন ও পদের প্রতিদ্বন্দ্বিতা এবং অতীত কলহ। এরা এমনিতেই কোন ঝুঁকি নিতে চান না, নিজেরা কোন রাজনৈতিক কর্মসূচি দেন না এবং কেন্দ্র নির্দেশিত কর্মসূচিগুলো পালনেও ঐক্যবদ্ধ হতে তাদের অনীহা।
তবে, ঢাল তলোয়ার বিহীন মতিন প্রধান ছাড়া আর কেউ দল ছেড়ে আওয়ামী লীগে বা অন্য কোন দলে ভিড়েনি। বলতে গেলে পকেটে পয়সা নেই, জীবনযাত্রার মান দারিদ্র সীমায় নামিয়েও বহুকর্মী দাঁত কামড়ে এখনো বিএনপিতেই পড়ে রয়েছে। তাদের স্বপ্ন, জীবস এভাবে চলতে পারে না। ইতিহাসের নিয়মেই পরিবর্তন একটি অবধারিত। সেই দিন গুণছে কর্মীরা। কবে সে আন্দোলন আসবে, যে আন্দোলনে মিছিলে পিতার কাধে থাকবে তার দু’বছরের সন্তান এবং মিছিলের প্রতি অঙ্গুলি তোলার সাধ্যও কারো নেই।


