Logo
Logo
×

রাজনীতি

রিক্সাওয়ালাও ভয় পায়না শামীম ওসমানকে : আইভী

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৩:২১ এএম

রিক্সাওয়ালাও ভয় পায়না শামীম ওসমানকে : আইভী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ শহরের একটা রিক্সাওয়ালাও এমপি শামীম ওসমানকে ভয় পায়না; এমনকি পুলিশের কনস্টেবল কিংবা বাচ্চা শিশু কেউই তাকে এখন আর ভয় পায়না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।


ভবিষ্যতে এমপি শামীম ওসমান যদি কোন ধরণের ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ অথবা এ ধরণের কোন কর্মকাণ্ড করে তাহলে এরপর শুধু মিছিল-মিটিং নয় জনসাধারণকে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র।


শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের শেখ রাসেল পার্কে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছরপূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুসমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


‘২০০১ সালের আগে নারায়ণগঞ্জ পুলিশের টোটাল ফোর্সের কাছে যা অস্ত্র ছিলো, তার চেয়ে বেশি অস্ত্র আমার কাছেই ছিলো। মিথ্যা কথা বলে লাভ নেই!’ ১ মার্চ পুলিশ লাইনসে পুলিশ মেমোরিয়াল ডে’তে এমপি শামীম ওসমানের এমন বক্তব্যের সমালোচনা করে মেয়র আইভী বলেন, যে ব্যক্তি বলতে পারে তার কাছে পুলিশের চেয়ে বেশি অস্ত্র থাকে।

 

তাহলে কি বোঝাতে চাচ্ছেন এতো বছর পরে এসে, কাকে ভয় দেখাতে চাচ্ছেন, নতুন করে তিনি আবার কিসের ষড়যন্ত্র করছেন নারায়ণগঞ্জে? এক সাথে অনেক মানুষকে কি হত্যা করতে চাচ্ছেন? নাকি নারায়ণগঞ্জের ডিসি-এসপি এবং প্রশাসনকে ভয় দেখিয়ে আবার উনার রামরাজত্ব কায়েম করতে চাচ্ছেন“ কিন্তু আপনি যেটাই করতে চান না কেন, কোনটাই আপনি করতে পারবেননা।


আমি এই নারায়ণগঞ্জে বেঁচে থাকা অবদি, এই শহরের আনাচে-কানাচের প্রতিটি মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনি ওই অস্ত্রের ভয় আমাকে দেখাবেননা। এসব আমরা অতীতেও দেখেছি। আপনি প্রশাসনকে ভয় দেখাতে চান! আমার মনে হয়না একজন কনস্টেবলও আপনাকে ভয় পায়না; আমার মনে হয়না, এই শহরের একটা রিক্সাওয়ালাও আপনাকে ভয় পায়না। এই শহরের ছোট্ট বাচ্চাও আপনাকে ভয় পায়! ওই জুজুর ভয় দেখিয়ে আপনি আর শহরের মধ্যে কিছু করতে পারবেননা।


মেয়র আইভী আরো বলেন, আপনি গডফাদার ওই ভয় আর আমরা পাইনা। গডফাদার খেতাব নিয়ে একসময় আপনি বলেছেন এটা দুইটা পত্রিকা বানিয়েছে, আপনি গডফাদার। আপনার কাছে হাজার হাজার অস্ত্র, যে অস্ত্র পুলিশের ভাণ্ডারেও নাই!


আপনি কোত্থেকে এত অস্ত্র পান? তাহলে তো আপনি অবশ্যই গডফাদার। এতোদিন নারায়ণগঞ্জের মানুষ যেভাবে বলে এসেছে, আপনার পরিবার প্রচুর হত্যাকাণ্ডে জড়িত ছিল।

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকী পিতা রফিউর রাব্বি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক গবেষক মফিদুল হক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহববুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের সভাপতি শিল্পী সামছুল আলম আজাদ।


ত্বকী হত্যাকাণ্ডের বিচার চেয়ে মেয়র আইভী বলেন, আমরা ত্বকীর হত্যার বিচার পাচ্ছিনা, কেন পাচ্ছিনা। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে আলোচিত অনেকগুলো হত্যাকাণ্ডের পরপর বিচার করেছে। এমনকি নারায়ণগঞ্জের সাতখুনের মত হত্যাকাণ্ডের বিচার এগিয়েছে।


তাহলে আমরা কেন ত্বকী হত্যার বিচার পাচ্ছিনা? বিচার পাচ্ছিনা হয়তো এই কারণে, নারায়ণগঞ্জের অত্যন্ত প্রভাবশালী এক পরিবার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা এতোই প্রভাবশালী!


দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার গ্রেপ্তার প্রসঙ্গ টেনে মেয়র আইভী বলেন, বাংলাদেশের টাঙ্গাইলের একজন এমপি ছিলেন, তার ভাই ছাত্রলীগ করতো, তাকে রানা নামে সবাই চেনে; তারা বিভিন্ন ধরণের অপকর্মের সাথে জড়িত ছিল।


জোড়া হত্যাকাণ্ডের সাথে ওই এমপি মহোদয় জড়িত ছিলেন বিধায় তাকে এমপি অবস্থায় এরেস্ট করা হলো, তাঁর ভাইকে এরেস্ট করা হলো, ওই হত্যাকাণ্ডের বিচার হলো। কিন্তু একটি নিষ্পাপ শিশুর যে সবেমাত্র পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্টের মুখও দেখতে পারেনাই তার হত্যাকাণ্ডের জন্য শুধু নারায়ণগঞ্জ নয়, সব জায়গায় এই হত্যাকাণ্ডের বিচার চাওয়া হলো কিন্তু ওই হত্যাকাণ্ডের বিচারটা হচ্ছেনা।


নারায়ণগঞ্জের ওসমান পরিবারের প্রতি ইঙ্গিত করে মেয়র আইভী বলেন, কি ধরণের প্রভাবশালী ফ্যামিলি হতে পারে তার নমুনা আমরা কিন্তু নারায়ণগঞ্জে ইতিমধ্যেই পেয়েছি। শুধু ত্বকী হত্যা নয়, ত্বকী হত্যার আগ থেকে আরো কত হত্যাকাণ্ড হয়েছে তা এই শহরের মানুষ না শুধু সারা বাংলাদেশেই জানে।


বাংলাদেশে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে জানতো। কাদের জন্য জানতো ? একটি পরিবার যে এই শহরে পরপর বহু হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তাদের কোন বিচার হয় নাই বলেই কিন্তু ত্বকীর হত্যাকাণ্ড হয়েছে। আজ ত্বকীর বাবা, ত্বকীর মা, ত্বকীর সাথে আমরা যার শুভাকাঙ্খী ছিলাম একত্রিত হয়ে প্রতিবাদ করেছি বলেই ত্বকীর পরে কিন্তু সেই ধরণের হত্যাকাণ্ড করতে ঘাতকরা নারায়ণগঞ্জে সাহস পায় নাই।


তাই আমি বলবো ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত বিচার চেয়েই যাবো। এবং ওই ঘাতক পরিবারকে অবশ্যই প্রত্যাখান করবো। আমরা শুধু চাই-ই না আমরা এধরণের আর কোন হত্যাকাণ্ড হতে দিবোনা।  

 
মেয়র আইভী বলেন, ত্বকী হত্যাকাণ্ডের বিচার আমরা বহুবার চেয়ে আসছি, শুধু ত্বকী হত্যাকাণ্ড না, আমরা আশিক, চঞ্চল, মিঠু, বুলু হত্যার বিচার চাই। সব হত্যাকাণ্ডের বিচার চাই। আর আমরা চেয়েই যাবো। আর আপনাকে কোন ধরণের অপকর্ম করতে দেবোনা। আপনার ভাতিজা, আপনার সন্তান, আপনার ভাই যত কথাই বলুক না কেন, আমরা আপনাকে ভয় পাইনা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়ে মেয়র আইভী বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন ধরণের কর্মকাণ্ড করছি। আপনার কাছে বিনীতভাবে আকুল আবেদন জানাতে চাই, নারায়ণগঞ্জের এই সুন্দর শেখ রাসেল পার্কে দাঁড়িয়ে বলতে চাই, শেখ রাসেলের যেই ট্র্যাজেডি সেটার কথা একবার মনে করে ত্বকী হত্যার বিচার করুন।


আপনি যদি এমপি অবস্থায় রানাকে গ্রেপ্তার করতে পারেন, তাহলে কেন আপনি ত্বকী হত্যাকারীদের বিচার কতে পারবেননা? আপনার কাছে, একটা মায়ের কাছে সন্তানের এই আকুতি রাখছি।  


উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মাদ ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধারের পর সেদিন রাতেই ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অজ্ঞাতজনদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

পরে ১৮ মার্চ রাব্বি তৎকালীন সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ৭জনকে অভিযুক্ত করে একটি অবগতি পত্র দিয়েছিল পুলিশ সুপারের কাছে। ত্বকীর বাবা রফিউর রাব্বির আবেদনে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাটি ওই বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে র‌্যাব এর কাছে হস্তান্তর করে সদর মডেল থানা পুলিশ।


এরআগে মামলাটি পুলিশ তদন্ত করছিল। ২০১৩ সালের ৭ আগষ্ট আজমেরী ওসমানের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‌্যাব। সেখান থেকে একটি আকাশী রঙের জিন্স প্যান্ট, বিপুল পরিমাণ দড়ি, একটি ভাঙা হকিস্টিক, দুটি লাঠি, ৪টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিডি ক্যাসেট, একটি ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার), ৩টি সিসি ক্যামেরা, কম্পিউটারের একটি সিপিইউ, একটি পিস্তলের বাট ও ইয়াবা সেবনের সরঞ্জমাদি উদ্ধার করে।


কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই মামলার চার্জশিট দাখিল হয়নি বিধায় এবং আসামিদের কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও জামিন নিয়ে সবাই পালিয়ে যাওয়ায় বিচার  পেতে প্রতিদিনের দীর্ঘশ্বাস আরো বড় হচ্ছে ত্বকীর বাবা-মার।


তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছরপূর্তি উপলক্ষে ৬, ৭, ৮ ও ১৩ মার্চ নারায়ণগঞ্জ ও ঢাকায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৬ মার্চ সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জের বন্দর, সিরাজ শাহর আস্তানা কবরস্থানে ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন