Logo
Logo
×

রাজনীতি

‘যতই সে বদলায় ততই তাকে আগের মতো লাগে’

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১২:১২ পিএম

‘যতই সে বদলায় ততই তাকে আগের মতো লাগে’
Swapno

সুশীল পাঠক : ‘২০০১ সালের আগে পুলিশ ফোর্সের কাছে যত অস্ত্র না ছিল, তার চেয়ে অনেক বেশী অস্ত্র ছিল একা আমার নিজের কাছেই।’ গত পহেলা মার্চ জেলা পুলিশ লাইনে ‘পুলিশ মেমোরিয়েল ডে’র আলোচনা সভায় এমপি শামীম ওসমান এ কথা বলেছেন। 


একই বক্তৃতায় আবার পুলিশের কাছে সন্ত্রাসী ও মাস্তানদের প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার কোন মাস্তান, বন্দুকবাজ ও লাঠিয়াল বাহিনীর দরকার নেই। কারণ আমি নিজেই জানি, আমার থেকে বড় মাস্তান আর কেউ নেই। 


অন্য কোন দলকে দমন করার জন্য আমাদের পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট। কিভাবে আন্দোলন করতে হয় এবং কিভাবে আন্দোলন ঠেকাতে হয়, সেটা আমরা জানি।’


পুলিশের অনুষ্ঠানে জেলার ঊর্ধতন পুলিশ কর্মকর্তাদের সামনে শামীম ওসমানের এসব কথাবার্তা নিয়ে শহরে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে। বিশেষ করে, অস্ত্র নিয়ে তার স্বেচ্ছা স্বীকারোক্তিমূলক বক্তব্য ‘পুলিশের চেয়ে অনেক বেশী অস্ত্র ছিল আমার কাছে’। 


তার এ কথা থেকে শহরে অনেক প্রশ্ন উঠেছে, সে অস্ত্রভান্ডার এখন কোথায়? প্রশ্ন উঠেছে, যেখানে শামীম ওসমান নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, আমার চেয়ে বড় মাস্তান আর কেউ নেই, সেখানে তিনি কি করে পুলিশকে বলতে পারেন, ‘সন্ত্রাসী ও মাস্তানদের প্রশ্রয় দেবেন না’। ব্যাপারটা পরষ্পর বিরোধী হয়ে গেল না?


বিরোধী দল দমন ও দলনে শামীম ওসমানের যে পুলিশ লাগে না, সেটি সবার জানা এবং এ বক্তব্যটি অনেক পুরনো বক্তব্য। ’৯৬ সালে শামীম ওসমান এমপি হয়ে গ্রীন্ডলেজ ব্যাঙ্কের সামনে একটি সভা করেছিলেন। 


সে সভায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। সে সভায় শামীম ওসমান বলেছিলেন, কাউকে বাড়ি থেকে ধরে আনতে পুলিশের প্রয়োজন নেই। এজন্য আমার ছাত্রলীগ কর্মীরাই যথেষ্ট।


এ অনুষ্ঠানেই শামীম ওসমান আবার নিজেকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, আগে শুধু নিজের জন্য করতাম। জিন্দাবাদ শুনতে খুব ভাল লাগতো। ২০০১ সালের পর আমার চিন্তার পরিবর্তন হয়েছে।


এ ব্যাপারে আলাপকালে একজন প্রবীন রাজনীতিবিদ বলেন, ফরাসী ভাষায় একটি প্রবাদ আছে, ‘প্ল্যু সা শাঁজ, প্লু সে লা মেম শোজ’, অর্থাৎ, যতই সে বদলায়, ততই তাকে ঠিক আগের মতো লাগে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন