Logo
Logo
×

রাজনীতি

মিছিলের চেষ্টাকালে পুলিশের ধাওয়া, চেম্বারে অবরুদ্ধ সাখাওয়াত

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০২:৪৮ পিএম

মিছিলের চেষ্টাকালে পুলিশের ধাওয়া, চেম্বারে অবরুদ্ধ সাখাওয়াত
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : কয়েক দফা বিক্ষোভ মিছিলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অ্যাড. সাখাওয়াত হোসেন খানসহ তার অনুসারিরা। যতবারই তারা মিছিল করার উদ্যোগ নেয় ততবারই পুলিশ বাঁধা দেয়।  

 

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই বিক্ষোভের প্রস্তুতি নেন এড. সাখাওয়াত হোসেন খান। 

 

এর আগে পুলিশ সাখাওয়াত হোসেন খানকে তার নিজ চেম্বারে অবরুদ্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই ঘণ্টার মত এই নেতাকে অবরুদ্ধ করে রাখে পুলিশ। এসময় দলীয় কোনো নেতাকর্মীকে তার কাছে যেতে দেয়া হয়নি। এ ব্যাপারে অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এদিন আমরা বিকেল চারটায় বিক্ষোভ মিছিলের সময় নির্ধারণ করেছিলাম। এজন্য বিকেল সাড়ে তিনটায় আমি চেম্বারে চলে আসি। তখন পুলিশ আমাকে দুই ঘণ্টার মত সেখানে অবরুদ্ধ করে রাখে। নেতাকর্মীরা আমার কাছে আসার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং লাঠিপেটাও করে।

 

তিনি আরও বলেন, দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নিচে যাই এবং নেতাকর্মীদের নিয়ে মিছিল করার চেষ্টা করলেও পুলিশ বাঁধা দেয়। আমরা বেশ কয়েকবার মিছিল করার চেষ্টা করি। পুলিশও বার বার বাঁধা দেয়। এমন পরিস্থিতিতে নেতাকর্মীরা পুলিশী বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েকজন কর্মীসহ এড. সাখাওয়াতকে জোরপূর্বক গাড়িতে তুলে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

এ ব্যাপারে আলাপকালে সাখাওয়াত হোসেন খান ক্ষোভের সঙ্গে বলেন, এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে। মিছিল মিটিং সবাই করবে। কিন্তু পুলিশ সরকারের নির্দেশে আমাদেরকে মাঠে নামতেই দিচ্ছে না। অথচ অন্যরা রাস্তা বন্ধ করে মিছিল করছে, মিটিং করছে সেসবে পুলিশ কোনো বাঁধা দিচ্ছে না। যত বাঁধা বিএনপির ক্ষেত্রে। এর তীব্র নিন্দা জানাই।

 

নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই বলেছেন, সাখাওয়াত হোসেনকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি সত্য নয়। পুলিশ নিচে ছিল। তারা যাতে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য নারায়ণগঞ্জ ক্লাবের সামনে পুলিশ সতর্ক অবস্থান নেয়। মহামান্য হাইকোর্ট বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের উপর রায় দিয়েছে। এরপরও তারা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করবে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, এটাতো ঠিক নয়। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা তাদেরকে মিছিল করতে দিইনি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন