Logo
Logo
×

রাজনীতি

তিন ব্লকেই সেক্রেটারি পদে প্রতিযোগিতা

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০১:৪৩ পিএম

তিন ব্লকেই সেক্রেটারি পদে প্রতিযোগিতা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : জমে উঠেছে মহানগর আওয়ামী লীগের রাজনীতি। সক্রিয় হয়েছে তিনটি ব্লক। প্রতিযোগিতা চলছে গোপনে। মহানগর আওয়ামী লীগের কমিটি যে খুব তাড়াতাড়ি হচ্ছে সেটি আঁচ করতে পেরে মাঠে নেমেছেন নেতারা। প্রভাবশালী এমপি শামীম ওসমান, জনপ্রিয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং সজ্জন রাজনীতিবিদ আনোয়ার হোসেন তিনটি ব্লকেই চলছে মহানগর কমিটির সেক্রেটারি হওয়ার প্রতিযোগিতা। 

 

সূত্র জানিয়েছে, সভাপতি আর সেক্রেটারি কমিটির খুব গুরুত্বপূর্ণ পদ। আর সেটি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা নেতারা গোপন প্রতিযোগিতা করছেন। আর প্রতিটি ব্লকে প্রতিযোগিতা চলছে ডাবল ডাবল করে। 

 

সূত্রমতে, প্রভাবশালী এমপি শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল। সময় গড়িয়েছে, প্রভাব বিস্তারেরও মাত্রা কমেছে। একই পরিবারের তিনভাই শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ট ও আস্থাভাজন সৈনিক হিসেবে কাজ করে চলেছেন দীর্ঘদিন। 

 

তবে সবাইকে ছাপিয়ে আস্থার জায়গাটা একান্ত নিজের হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। গোটা জেলার মানুষ এখন বিশ্বাস করেন, শামীম ওসমানের প্রিয় ও আস্থাভাজন ব্যক্তি হচ্ছেন শাহ নিজাম। মহানগর আওয়ামী লীগে রদবদল হলে যে শাহ নিজাম থাকছেন তা নিশ্চিত বলে মনে করেন মানুষ। 

 

হেলালকে ছাপিয়ে নিজামের গুরুত্ব এমপি শামীম ওসমানের কাছে অনেক বেশি বলে ভাবেন নেতাকর্মীরা। আর মহানগরের সেক্রেটারি হিসেবে নাম প্রস্তাব করতে বললে শামীম ওসমান শাহ নিজামের নামটাই সবার আগে উপস্থাপন করবেন বলে মনে করেন বিশ্লেষকরা। শাহ নিজামের জনপ্রিয়তাও শামীম ওসমান বলয়ের অন্য সবার চেয়ে কয়েকগুন বেশি বলে জানিয়েছে খোদ এমপির সমর্থকরা।  

 

এমপি শামীম ওসমান মহানগর কমিটি নিয়ে যেমন ভাবেন, তেমনি ভাবনা কম নয় বর্তমান মহানগরের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের। পুরো জেলাতেও তার ভক্তকূলের সংখ্যা নেহায়েৎ কম নয়। দলের কাছে আবদার তিনিও করতে পারেন। কার জন্য আবদার করবেনঅ। এমন তালিকায় দুজন রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। 

 

বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক জিএম আরমান এবং সাংগঠনিক সম্পাদক জিএম আরাফত দুইজনই কাজ করেন তার হয়ে। তারা আনোয়ার হোসেনকে মানেন গুরু হিসেবে। মহানগর আওয়ামী লীগের বন্দর অংশ যদি একচ্ছত্রভাবে গুঁছিয়ে কাজ করে থাকেন জিএম আরমান অপরদিকে শহর গোছাতে জোরালো ভূমিকা রেখেছেন জিএম আরাফাত। সেক্রেটারি পদে আনোয়ার ব্লকের হয়ে এই দুইজনের একজন আসাটা মোটেও উচ্চাকাঙ্খা বলতে নারাজ বিশ্লেষকরা।তারা দুইজনই নিজেদের রাজনীতিতে  প্রতিষ্ঠিত করেছেন। দুইজনই চান সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হোক। তবে সেটি না হলে আনোয়ার হোসেনের কাছে মতামত চাইলে তিনি কার জন্য সুপারিশ করবেন সেটি আঁচ করা ভারী কঠিন।

 

এমপি শামীম ওসমান আর আনোয়ার হোসেন দুজনের কাছে মতামত জানতে চাইলে অবশ্যই  দেশের সবচেয়ে জনপ্রিয় মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা.সেলিনা হায়াৎ আইভীর কাছেও মতামত চাইবে কেন্দ্র। সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে এবং দলের দুঃসময়ে ভূমিকা রেখে বাবার মতোই রাজনীতিতে নেতৃত্বের গুণাগুণের ছাপ রেখেছেন শহর যুবলীগের সেক্রেটারি আহাম্মদ আলী রেজা উজ্জল। ১/১১ এর আগে ও পরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে দলের আস্থা অর্জন করেছেন তিনি। শহর যুব লীগের সেক্রেটারি হওয়ার পর যুব সমাজকে একত্রিত করেছেন, দলকে সংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, কেন্দ্রও এ ব্যাপারে অবগত। মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি হলে দলকে যে তিনি সংগঠিত করতে পারবেন তা নিয়ে কেউ ভুলেও সংশয় করেননা।

 

অপরদিকে, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি হতে ইচ্ছুক বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা। ঢাকায় ও নারায়ণগঞ্জে ব্যাপক পরিচিতি রয়েছে তার। এছাড়া মহানগর আওয়ামী লীগের সেক্রেটরি খোকন সাহাও তার ব্যাপারে সুপারিশ করবেন বলে জানিয়েছে একটি সূত্র।   

 

সূত্র জানিয়েছে, কমিটি কবে হবে সেটি জানা কেন্দ্রের। তবে নিজেদের চেষ্টার ক্রটি রাখতে চাননা সেক্রেটারি হতে চান এমন ৬ প্রার্থীর কেউই। তবে এর জন্য কোন ধরনের বিবাদে নিজেদের জড়াতে চাননা কেউই। সবার একটাই কথা কেন্দ্র যদি মনে করে যোগ্য তাহলে দায়িত্ব পালন করতে আপত্তি নেই।  তবে সূত্র জানিয়েছে সেক্রেটারি হতে দৌড়ঝাঁপও চলছে সমানতালে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন