কর্মী ছাড়া মহানগর বিএনপির কর্মসূচি, পুলিশ দেখে পিছটান (ভিডিও)
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫২ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : গেলো সপ্তাহে বিলুপ্ত করে দেয়া হয়েছে জেলা বিএনপির কমিটি। মামলার দোহাই দিয়ে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মহানগর বিএনপির কমিটির নেতারাও ছিলেন গা ছাঁড়া ভাব নিয়ে। নিষ্ক্রিয়তায় কেন্দ্র মহানগর বিএনপির কমিটিও বিলপ্ত করতে পারে এমন আশঙ্কায় নেতারা মাঠে নেমে নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে পূর্বের ন্যায় কমিটির বেশিরভাগ নেতাই নেই কর্মসূচিতে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে মহানগর বিএনপির আয়োজিত কর্মসূচিতে এই চিত্র ফুটে ওঠে। নিজেদের অনুপুস্থিতি ঢাকতে যথারীতি আগের ন্যায় পুলিশের উপর দায় দিয়ে সটকে পড়েন মহানগর বিএনপির নেতারা। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা চাষাঢ়া বালুর মাঠ ইসলাম হার্ট সেন্টারের পিছনে রেল ক্রসিংয়ের সামনে অবস্থান নেয়। অন্যদিকে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খানের নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে পারে এমন তথ্যে পুলিশের সতর্ক অবস্থান ছিল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়।

সকাল ১০টার দিকে খালেদা জিয়ার মুক্তি চাই ব্যানার নিয়ে ইসলাম হার্ট সেন্টারের গলি দিয়ে ঢোকার চেষ্টা করলে সদর মডেল থানার পুলিশ এসে মহানগর বিএনপির নেতাকর্মীদের বাধা দেয় এবং তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়। এবং এক পর্যায়ে পুলিশ বলে এখানে কোন কর্মসূচি করা যাবে আপনারা চলে যান। এসময় এটিএম কামাল পুলিশের সাথে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এটিএম কামাল নেতাকর্মীদের নিয়ে রেল লাইনের সামনে দিয়ে উকিলপাড়ার দিকে চলে যায় ।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদেরকে বাধা দেয় এবং ব্যানার কেড়ে নিয়ে যায়।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) আঃ হাই বলেন, কোন কেন্দ্রীয় কর্মসূচি নাই। তারা অযথা কেন আসছে তাই তাদেরকে চলে যেতে বলছি । তিনি আরও বলেন, মূলত জনসাধারণের চলাচলে যাতে করে বিঘ্ন না ঘটে সেজন্যই আমরা বিএনপির নেতাকর্মীদের চলে যেতে বলছি। তারা চলে গেছে ।

বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সহ-সভাপতি এড.জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান ছক্কুসহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।


