Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপি’র হাল ধরবেন অভিজ্ঞরা, শীঘ্রই আহবায়ক কমিটি

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৮ পিএম

জেলা বিএনপি’র হাল ধরবেন অভিজ্ঞরা, শীঘ্রই আহবায়ক কমিটি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ফের অভিজ্ঞরাই আসছেন দলের হাল ধরতে। নারায়ণগঞ্জ বিএনপি’র অস্তিত্ব রক্ষায় যে কোন দিন ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি। আহ্বায়ক কমিটির আকার হতে পারে ৩১ বা ৪১ সদস্য বিশিষ্ট। তবে, শুরুতে সর্বোচ্চ পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করে সাত দিনের সময় বেধে দিয়ে এই পাঁচ জনের উপর বাকী ২৬ জন পূর্ণ করার দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলটির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

 

সূত্রমতে, গত কমিটির ব্যর্থতার কারণে ক্ষুব্ধ কেন্দ্রীয় বিএনপি। ফলে এবার কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রকম ভুলকে প্রশ্রয় দিতে চাচ্ছে না দল। সে লক্ষ্যে মাঠপর্যায়ের নেতাকর্মী তথা ৯০ দশকের ছাত্রনেতাদের মতামতকে গুরুত্ব দিয়ে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছেছে কেন্দ্রীয় কমিটি। 

 

সূত্র আরও জানায়, জেলা বিএনপি বিলুপ্ত ঘোষণার পর থেকে নতুন কমিটিতে পদ পেতে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিনই লাইন দিচ্ছে জেলার নেতাকর্মীরা। এই লাইনে যেমন রয়েছে ছাত্রনেতারা তেমনি রয়েছে ধনকুবের ব্যক্তিরাও। প্রতিদিনই তারা দেখা করছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সাথে। এই তালিকাতে তৈমূর আলম খন্দকার, আজহারুল ইসলাম মান্নান, মোশারফ হোসেন, জাহিদ হাসান রোজেলসহ বেশ কয়েকজনই রয়েছেন।

 

এদিকে বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপি জেলা কমিটি গঠনের ক্ষেত্রে ৯০ দশকের ছাত্রনেতাদেরকে প্রাধান্য দিচ্ছে। তাদের মতামত গ্রহণ করে তা পর্যালোচনা করছে। এছাড়াও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিনজনের একটি টিম নারায়ণগঞ্জে কমিটি গঠনের ক্ষেত্রে কাজ করছে। তারা বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত নেতৃত্ব খুঁজে বের করতে কৌশলে তৃণমূলের সাথে সাক্ষাৎ করছেন।

 

অপরদিকে একটি সূত্র জানায়, শুরুতেই সরাসরি ভাবে ৩১ অথবা ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দিবে কেন্দ্র। এরপর ৯০ দিনের মধ্যে দলটি জেলার নেতা খুঁজে বের করার জন্য কাউন্সিলের ব্যবস্থা করবে এবং সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে।

 

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয়েছিলো ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদের সাথে। তিনি সাথে আসন্ন কমিটি প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। আব্দুস সালাম আজাদ জানান, ৩১ অথবা ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দিবে কেন্দ্র। এরপর ৯০ দিন সময় বেঁধে দেওয়া হবে। এরমধ্যে এই কমিটি সম্মেলনের ব্যবস্থা করবে। সরাসরি ভোটের মাধ্যমেই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে।


তিনি আরও বলেন, তরুণ নেতৃত্বেকেই প্রাধান্য দিচ্ছি কথাটা ঠিক নয়। মূলত আমরা রাজনীতিতে অভিজ্ঞ নেতৃত্বকেই প্রধান্য দিবো। এই অভিজ্ঞ তরুণরাও হতে পারে আবার প্রবীণরাও হতে পারে।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৈমূর আলম খন্দকার ও গিয়াসউদ্দিনই শুধু নয়, নতুন নেতৃত্বের ক্ষেত্রে বেশ কয়েকজনই আলোচনায় রয়েছেন। এদের মধ্যে নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, মামুন মাহমুদ, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, শাহ আলম, মাহমুদুর রহমান সুমন এই আলোচনায় রয়েছেন। তাদের মধ্য থেকেই নেতৃত্বে আসবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন