যুগের চিন্তা রিপোর্ট : জাতীয় রাজনীতির হালচাল কেমন ? এ প্রশ্নের উত্তরে যে চিত্র মিলে তা সন্তোষজনক নয়। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে অনেকের টাকার গুদাম ও পাপের ফর্দ প্রকাশ পাচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও চলছে। প্রধান বিরোধী দল বিএনপি’র অবস্থা ভাল নয়। দলটির লেজে-গোবরে অবস্থা চলছে।
তবে চামে আছে জাতীয় পার্টি। জাপা’র জিএম কাদের যখন কেককাটা নিয়ে ব্যস্ত তখন বিএনপি নেতারা নাকানী-চুবানি খাচ্ছেন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে। ইসলামী দলগুলোর মধ্যে থেকে দু’একটি দল মাঝে মধ্যে বিচ্ছিন্ন ইস্যুতে মাঠ গরম করার চেষ্টা চালায়। আর বামেরা সারা বছর মৌলিক ইস্যু ভুলে পার্শ্ব ইস্যু নিয়ে মানববন্ধন করেন বলে মনে করেন বোদ্ধামহল। তাদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেকায়দায় আছে বিএনপি। দলের নেতাকর্মীরা চেয়ার পারসনের মুক্তির জন্য নিয়মিত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু নেত্রীর জামিন হচ্ছেনা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার কয়েকজন আত্মীয়-স্বজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (হাসপাতাল) দেখা করেন তারা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, সাক্ষাৎ করে আসা স্বজনরা হচ্ছেন ম্যাডামের ভাতিজা শাফিন ইস্কান্দর, ভাতিজা বৌ অরনী ইস্কান্দর, ভাতিজা অভিক ইস্কান্দর, ভাগিনা শাহরিয়ার হক, ছোট ভাইয়ের বউ কানিজ ফাতিমা ও ছোট ভাই শামীম ইস্কান্দর। তিনি আরও জানান, প্রিজন সেলে এক ঘণ্টার বেশি বেগম জিয়ার সঙ্গে ছিলেন স্বজনরা। খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অসুস্থ্যতা ও তার চিকিৎসার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার পরিবার।
অপর এক সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি খুব ভাল সময় পার করছে। নিজের জন্ম দিনে কেক কাটতে গিয়ে খুশিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমানুষের আস্থা অর্জন করতে কাজ করছে জাতীয় পার্টি। মানুষের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাপার জন্য সময়ের ব্যাপার মাত্র।
তিনি বলেন, ‘বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক। শীর্ষ নেতার অবর্তমানে রাজনৈতিক দলগুলো ঘাত-প্রতিঘাতে বিলীন হয়ে যায়। কিন্তু পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চলে যাওয়ার পর জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। সবার প্রচেষ্টায় জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।’
পর্যবেক্ষক মহল মনে করেন, দেশের সামগ্রিক রাজনীতির ধারা ক্রমশ অবনতির দিকে ধাবিত হচ্ছে। দলগুলো নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়িতে লিপ্ত। এমতাবস্থায় দলের নেতাকর্মীরা উদ্ভ্রান্তের মত কাজ করছেন। ক্ষমতাসীন দলের লোকজনের নানা অপকর্মের পর্দা ফাঁস হচ্ছে গণমাধ্যমে।
বিরোধী দলের সংকট ও হতাশার কথা ফুটে উঠছে। সব মিলিয়ে জনগণ হতাশ। কারণ মৌলিক সমস্যাগুলো নিয়ে কোন দলই জোরালোভাবে কিছু বলছেনা।


