যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘রাজনীতিতে পকেট ভরার লোকের অভাব নেই কিন্তু ত্যাগী নেতার অভাব আছে। যেদিকে তাকাই শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগই দেখি, এই আওয়ামী লীগই দেখি। এই একটা দল ছাড়া অন্য কিছু দেখিনা। আমি সহজে মিথ্যা বলিনা, সত্য বলে মরতে চাই। ৯৮ ভাগ ভালো মানুষ মাত্র দুই ভাগ খারাপ মানুষের ধাক্কায় সামনে আসতে পারেনা।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের কদমরসূল এলাকার কাবিলের মোড়ে প্রয়াত জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ এর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান নিজেকে স্পষ্টবাদী দাবি করে বলেন, ‘এখন অনেকেই রাজনীতি করেন মঞ্চের পাশে এসে নিজের চেহারা দেখানোর জন্য। এবং সেই চেহারাকে পুঁজি করে ব্যক্তিগতভাবে আর্থিক মুনাফা লাভের আশায় তারা রাজনীতি করেন। রাজনীতিতে অনেকে ধান্দা করেও পয়সা কামায়। এমনকি আওয়ামী লীগের নাম বেচে রাজনীতি করে। খারাপ মানুষরা চাটুকারিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাদের কারণে ভালো মানুষরা পিছিয়ে পড়ছেন। রাজনীতি, ব্যবসা ও সাংবাদিকতাসহ সমাজের সব ক্ষেত্রেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
শামীম ওসমান তাঁর বড় ভাই এমপি সেলিম ওসামনের প্রসঙ্গ টেনে বলেন, ‘রাজনীতিতে এসে পকেটে টাকা ভরা খুব সহজ। কিন্তু পকেট থেকে টাকা বের করে দেওয়াটা কষ্টের। যদি সেটা হয় শ্রমের টাকা, তাহলে আরও বেশি কষ্টের। ঘুষের টাকা খরচা করা যায় রাজনীতিতে চমক সৃষ্টি করার জন্য। নারায়ণগঞ্জে অনেকেই একসময় ছিলেন, তাদের অনেকেরই কিছু ছিল না। হিন্দুদের অনুষ্ঠানে যখন যাই, তখন কেউ বলে অমুকে অমুক পুকুর দখল করেছে, অমুকে বাড়ি দখল করেছে। কারো বিরুদ্ধে বিষোদগার করতে চাই না। তবে আমার ভাই সেলিম ওসমানকে সব সময় দেখেছি নিজের অর্থ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা, প্রতিষ্ঠাসহ মানুষের কল্যাণে অর্থ ব্যয় করতে।’
প্রয়াত শুক্কুর মাহমুদের স্মৃতিচারণ করে শামীম ওসমান বলেন, রাজনীতিতেও ভালো-খারাপ মিলিয়ে আছে। শুক্কুর ভাইয়ের সততা ও নানা গুণের কারণে আমি রাজনীতি জীবনের শুরু থেকেই তাঁকে পছন্দ করি। রাজনীতিতে লুটপাট আর মুখোশধারীদের ভীড়ে শুক্কুর মাহমুদের মতো রাজনীতিবিদদের চলে যওয়া শূণ্যতা সৃষ্টি করে। রাজনীতিতে এই শূণ্যতা কখনো পূরণ হবার নয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সেলিম ওসমান। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো.বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান। স্মরণসভা শেষে শুক্কুর মাহমুদের রুহের মাগফেরাত করে দোয়া করা হয়।


