যুগের চিন্তা রিপোর্ট : দীর্ঘদিন জল্পনা-কল্পনার পর আগামী মার্চে কেন্দ্রের বেঁেধ দেওয়া সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হতে যাচ্ছে।
কীভাবে এ কাউন্সিল সফল করা যায় তা নিয়ে ঢাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরদিন গত ২ ফেব্রুয়ারি ঢাকায় গিয়ে মির্জা আজমের সাথে বৈঠক করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল। এই বৈঠকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের সর্বশেষ জানতে চান মির্জা আজম।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে জানান, জেলা আওয়ামী লীগের কাউন্সিল করার কোন প্রয়োজন নেই। কারণ কমিটির এখনো ৩ বছর মেয়াদ পূর্তি হয়নি। তারা বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এখনো কাউন্সিল শেষ করা যায়নি।
সেখানে দুইটা গ্রুপ সৃষ্টি হয়েছে। একপক্ষ দাবি করছে, সোনারগাঁ থানা আওয়ামী লীগের যে কমিটি রয়েছে সেটাই বৈধ; আরেকপক্ষ বলছে, থানা আওয়ামী লীগের কমিটি ভেঙে যে আহবায়ক কমিটি করা হয়েছে সেটাই বৈধ।
এছাড়া রূপগঞ্জ ও আড়াইহাজারে কাউন্সিল হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। তারা বলেন, থানা কমিটিগুলোর কাউন্সিল শেষ না করা পর্যন্ত জেলা আওয়ামী লীগের কাউন্সিল করা ঠিক হবেনা। এসময় মির্জা আজম পুনরায় তাদেরকে নিয়ে আবারও বসবেন বলে জানিয়ে দেন।
এদিকে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় গিয়ে মির্জা আজমের সাথে বৈঠক করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এড.খোকন সাহা। এই মহানগর কমিটির মেয়াদ দুই বছর আগেই উত্তীর্ণ হয়ে গেছে। এই অবস্থায় মার্চের মধ্যেই মহানগর আওয়ামী লীগের কাউন্সিল করার তাগিদ দেন মির্জা আজম।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি এসময় বলেন, মহানগর আওয়অমী লীগের কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত মহানগর অন্তর্ভূক্ত ২৭টি ওয়ার্ডেও কোন কমিটি গঠন করা সম্ভব হয়নি। মির্জা আজম এ তথ্যে বিস্ময় প্রকাশ করেন।
এতোবছর পরেও কেন কমিটি গঠন হয়নি তা জানতে চান। তাদের কথায় মহানগর আওয়ামী লীগের কমিটিতে নেতাদের মধ্যে সুস্পষ্ট বিরোধের ইঙ্গিতও উঠে আসে। এবং বাহিরের থেকে কোন প্রভাবশলী নেতা কলকাঠি নাড়ার কারণে এপর্যন্ত ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিগুলো করা সম্ভবপর হয়নি।
সূত্র জানায়, মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হলে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিগুলো কার্যকরী ভূমিকা রাখবে কি না তা নিয়েও আলোচনা হয়েছে। তবে মির্জা আজম বলেছেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে আছেন, তিনি দেশে ফিরলে তার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন মির্জা আজম।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গতরাতে যুগের চিন্তাকে জানান, ‘মির্জা আজমের সাথে ঢাকায় তাদের বৈঠক হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা ও অবস্থা নিয়ে কথা হয়েছে তাদের।
সোনারগাঁ থানা আওয়ামী লীগের কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়েও তাদের সাথে মির্জা আজমের কথা হয়েছে। তবে যেহুতু জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ এখনো রয়েছে। সেহুতু দলের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাউন্সিল করার বাধ্যবাধকতা নেই নারায়ণগঞ্জ জেলার জন্য।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন যুগের চিন্তাকে জানান, ‘কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাথে তাদের কথা হয়েছে। তার কাছে মহানগর আওয়ামী লীগের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি। নেত্রী দেশে ফিরলে কাউন্সিল করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’
এদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে শামীম ওসমান বলয়। তারা চাইছেন, যে কোন মূল্যে কাউন্সিল করা এবং কাউন্সিলার ভোটারদের মাধ্যমে জেলা ও মহানগর আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করতে। কারণ কাউন্সিলের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ হলে শামীম ওসমান যাকে চাইবেন তাকেই নেতা বানাতে পারবেন।
এর কারণ হিসেবে সূত্র জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ, ফতুল্লা থানা আওয়ামী লীগ, সদর থানা আওয়ামী লীগ, বন্দর থানা আওয়ামী লীগ এবং সোনারগাঁ থানা আওয়ামী লীগের একটি অংশ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছেন শামীম ওসমান।
এর মধ্যে চারটি থানা কমিটিতে শামীম ওসমানের একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। যদিও ফতুল্লা থানা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে কেন্দ্রে অভিযোগ জমা দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি প্রভাবশালী অংশ।
সূত্র জানিয়েছে, গোলাম দস্তগীর গাজী, সেলিনা হায়াৎ আইভী এবং নজরুল ইসলাম বাবু বলয়ের চাইতে সাংগঠনিকভাবে জেলায় এখনো কর্তৃত্ব বজায় রেখেছে শামীম ওসমান। তিনি চাইবেন, আগামী নেতৃত্বেও যাতে তার ইচ্ছার প্রতিফলন ঘটে।


